📘 কুফর ও তাকফির > 📄 নবিগণের প্রতি ঈমান

📄 নবিগণের প্রতি ঈমান


'নবি' অর্থ সংবাদদাতা। 'রাসুল' অর্থ দূত ও বার্তাবাহক। পরিভাষায় নবি ও রাসুল বলা হয় সে-সকল মহান ব্যক্তিকে আল্লাহ তাঁর বান্দাদের কাছে বিধিবিধান পৌঁছানোর জন্য যাদের নির্বাচিত করেছেন। আদম আ. থেকে শুরু করে মুহাম্মাদ ﷺ পর্যন্ত আল্লাহ অসংখ্য-অগণিত নবি-রাসুল পাঠিয়েছেন। তাঁদের প্রকৃত সংখ্যা কত ছিল, তা আল্লাহই ভালো জানেন। আমাদের এই আকিদা পোষণ করা জরুরি যে, তাঁদের সংখ্যা যা-ই হোক, তাঁরা সবাই হকের ওপর ছিলেন। মানবজাতির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের উত্তম গুণ ও শ্রেষ্ঠত্বের অধিকারী ছিলেন। আমাদের জন্য ইমান আনয়নের ক্ষেত্রে نبيগণের মধ্যে পার্থক্য করা জায়িজ নেই যে, কোনো নবির ওপর ইমান আনব; আর কোনো নবিকে অস্বীকার করব।
اٰمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْ رُّسُلِهِ ، وَقَالُوا سَمِعْنَا وَ أَطَعْنَا * غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
রাসুল সেই বিষয়ের প্রতি ইমান এনেছেন, যা তাঁর ওপর তাঁর প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে এবং (ইমান এনেছে) মুমিনরাও। তারা সবাই আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর কিতাবসমূহের প্রতি এবং তাঁর রাসুলগণের প্রতি ইমান এনেছেন। (তারা বলে,) আমরা আল্লাহর রাসুলগণের মধ্যে পার্থক্য করি না (যে, কারও প্রতি ইমান আনব এবং কারও প্রতি আনব না) এবং তারা বলে, আমরা (আল্লাহ ও রাসুলের বিধানসমূহ মনোযোগসহ) শুনেছি এবং তা খুশিমনে মেনে নিয়েছি। হে আমাদের প্রতিপালক, আমরা আপনার মাগফিরাতের ভিখারি আর আপনারই কাছে আমাদের ফিরে যেতে হবে। [সুরা বাকারা (২): ২৮৫]
সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য সকল নবির ওপর ইমান আনা অপরিহার্য। কেউ যদি এমন কারও প্রতি ইমান না রাখে, যাঁর নবুওয়াত বা রিসালাত অকাট্যভাবে প্রমাণিত, কিংবা তাঁর শানে গোস্তাখি করে, তাহলে সে মুরতাদ (ইসলামচ্যুত) হয়ে যাবে।

📘 কুফর ও তাকফির > 📄 শেষদিবসের প্রতি ঈমান

📄 শেষদিবসের প্রতি ঈমান


এই আকিদা রাখা যে, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকবে না। একদিন গোটা বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে, যে দিনকে কিয়ামত দিবস বলা হয়। সে সময় প্রাণবিশিষ্ট সব সৃষ্টির ওপর মৃত্যু আপতিত হবে। আবার মৃত্যুর পর নির্ধারিত সময়ে সবাই পুনরুজ্জীবিত হবে। এরপর আল্লাহ প্রত্যেকের ইমান ও আমলের হিসাব নেবেন। তারপর তিনি জান্নাতিদের জান্নাতে প্রবেশ করাবেন এবং জাহান্নামিদের জাহান্নামে ছুঁড়ে ফেলবেন।

📘 কুফর ও তাকফির > 📄 তাকদিরের প্রতি ঈমান

📄 তাকদিরের প্রতি ঈমান


তাকদিরের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের কাজসমূহকেও তিনিই সৃষ্টি করেছেন। [সুরা সাফফাত (৩৭) : ৯৬] বান্দা তার কাজকর্মে স্বাধীন আর নিজ কাজের ওপরই তার হিসাব হবে। আল্লাহ সর্ববিষয়ের ওপর পরিপূর্ণ ক্ষমতাবান। তিনি যা চান তা-ই করেন। তাঁর আদেশ ও নির্ধারণ ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নেই। আমাদের বিশ্বাস কাদরিয়া ও জাবরিয়া- গোষ্ঠীর বিশ্বাসের মাঝামাঝি। কাদরিয়ারা কাজকে বান্দার সঙ্গে সংশ্লিষ্ট বলে তাকদির অস্বীকার করে এবং সৃষ্টিকে তার নিজ ভালো-মন্দ কাজের স্রষ্টা বলে বিশ্বাস করে। অপরদিকে জাবরিয়ারা বান্দার কাজের স্বাধীনতা অস্বীকার করে এবং বান্দাকে ভালো-মন্দ কাজের ব্যাপারে বাধ্য মনে করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00