📘 কলবুন সালীম (নির্মল অন্তর, নির্মল জীবন) 📄 মুমিনের জীবনে অবসর

📄 মুমিনের জীবনে অবসর


সূরাটি কুরআনের ছোটো সূরাগুলোর একটি। এতই ছোটো যে তাড়াহুড়োর মুহূর্তে কিংবা যখন দ্রুত সালাত শেষ করার তাগিদ থাকে, তখন অনেকে এই সূরা বেছে নেয়। তবে ছোটো হলেও এতে এমন অমূল্য গুপ্তধন আছে, যা শুধু আমাদের দুনিয়ার জীবনকেই নয়, বরং আখিরাতের জীবনও পাল্টে দিতে সক্ষম। সূরা আশ-শারহ-এর কথা বলছি। কুরআনের ৯৪ তম সূরা এটি। হাতের নাগালে কুরআনের কপি থাকলে এর আয়াতগুলোতে একটু নজর বুলিয়ে দেখুন। বিশেষ করে এই আয়াতটি :

فَإِذَا فَرَغْتَ فَانصَبْ

'অতএব যখনই তুমি অবসর পাবে, তখনি ইবাদাতে রত হও।' [২৮৯]

এই আয়াত নাযিল হওয়ার পেছনে একটি গল্প আছে। গল্পটি না জানা ব্যতীত এর আসল মর্ম উদ্ধার করা যাবে না। খেয়াল করে দেখুন, বাক্যটি শুরু হয়েছে 'ফা' অব্যয় দিয়ে। ব্যাকরণের ভাষায় বলে فاء التفريع অর্থাৎ 'শাখা বিন্যাসকরণ ফা'। মানে, এই 'ফা' আসে পূর্বের কোনোকিছুকে বিন্যস্ত করতে। অতএব সবার আগে আমাদের প্রেক্ষাপট জানা জরুরি।

সূরা আশ-শারহ যখন নাযিল হয়, খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি তখন মক্কায়। নির্যাতন নিপীড়ন, প্রিয়জনদের হারানো বেদনা-সব মিলিয়ে তাঁর অন্তরে কালোমেঘ আচ্ছন্ন করে রেখেছিল। দুঃখে তিনি কাতর। তখন আট-আয়াত-বিশিষ্ট অসাধারণ এই সূরার মাধ্যমে আল্লাহ নবিজিকে স্মরণ করিয়ে দিলেন তাঁর অসীম দয়ার কথা। বাতলে দিলেন অন্তরের ব্যথা নিরাময়ে করণীয় দিক-নির্দেশনা। ছড়িয়ে দিলেন ভারাক্রান্ত মনে আনন্দের দীপ্তি এবং প্রশান্তির পরশ।

১) আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দিইনি?
২) এবং তোমার বোঝা নামিয়ে দিইনি?
৩) যে বোঝা ভেঙে দিচ্ছিল তোমার পিঠকে?

এই সূরায় রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে প্রদত্ত তিনটি নিয়ামাত আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন : ১) তার বক্ষ প্রশস্ত করে দেওয়া; ২) তার বোঝা নামিয়ে দেওয়া; এবং ৩) তার সম্মান বৃদ্ধি করে দেওয়া।

সামনে এগোবার পূর্বে একটি মূলনীতি আমাদের স্মরণ রাখতে হবে : আলিমগণ বলেন, মহামহিম আল্লাহ তাঁর নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে যা দিয়েছেন, তার অনুসারীগণও এর অংশ পাবে। আর তা হবে, কে কত ভালোভাবে তাঁকে অনুসরণ করেছে তার ভিত্তিতে। [২৯০]

কাজেই বক্ষ প্রশস্ত হওয়া, পাপের বোঝা নামিয়ে দেওয়া, এবং সম্মান বৃদ্ধি পাওয়া—নিয়ামাতগুলো প্রত্যেক মুসলিমই অর্জনে সক্ষম। তবে এটা নির্ভর করছে নবিজির সুন্নাহকে আমরা কতটা আপন করে নিতে পারলাম, তার ওপর।

অতএব তারাই সর্বাধিক সুখী, পাপ-পঙ্কিলতা থেকে মুক্ত এবং সম্মানিত, যারা সুন্নাতের পাবন্দিতে অগ্রগামী; যারা এগিয়ে থাকে ইলম, আমল, দাওয়াহ-সব ময়দানে। তো এই সূরা তিন অংশে বিভক্ত। প্রথম অংশে নবির প্রতি মহান আল্লাহর তিনটি করুণা প্রকাশ করেছেন। দ্বিতীয় অংশে সুসংবাদ দেওয়া হয়েছে: দুঃখের সাথেই সুখ রয়েছে। সবশেষে তৃতীয় অংশে নবিজিকে একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে। যে দয়াময় আল্লাহ আপনার প্রতি এই করুণা করলেন, তাঁর শোকর আদায় করুন। আল্লাহ বলেন, 'কাজেই যখন তুমি অবসর পাবে, তখনই (আল্লাহর ইবাদাতে) সচেষ্ট হবে। আর তোমার রবের প্রতি গভীর মনযোগী হবে।'

এখানে কোন কাজ থেকে অবসর পাবার কথা বলা হচ্ছে? ইবনু মাসউদ বলেন, এর মানে হলো : যখন তুমি ফরজ ইবাদাত সমাপ্ত করবে, তখন নিজেকে রাতের সালাতে নিমগ্ন করবে। [২৯১] কেউ বলেছে: 'সালাত শেষে দুআয় মনোনিবেশ করো।' যেমন: তাশাহহুদ এবং দরুদ শেষে সালাম ফেরানোর আগে দুআ, যাকে আমরা দুআ মাসুরা বলি। ইবনু আব্বাস, দাহহাক, মুকাতিল-সহ আরও অনেকেই এই মত ব্যক্ত করেছেন। [২৯২]

হাসান এবং কাতাদা বলেছেন, 'এর অর্থ হলো, শত্রুদের সাথে যুদ্ধ শেষ হলে ইবাদাতে ব্যস্ত হয়ে পড়ো।' [২৯৩]

আবার কেউ বলেছে, 'তোমার দুনিয়াবি কাজ শেষে আল্লাহর কাজে নিমগ্ন হও।' মুজাহিদ এই মত দিয়েছেন, [২৯৪] এ ছাড়া ইবনু কাসীর [২৯৫] এবং ইবনু তাইমিয়্যা-ও মতটি পছন্দ করেছেন। [২৯৬]

সবগুলো মতই মোটের ওপর কাছাকাছি অর্থ প্রকাশ করছে। একটি আরেকটির সাথে সাঙ্ঘর্ষিক নয়। ইবনু জারীর তাবারি বলেছেন, সবগুলো অর্থই এই আয়াতের অন্তর্ভুক্ত। এ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, মুমিন-মাত্রই সর্বদা ব্যস্ত। একটুও বেহুদা নষ্ট করার সুযোগ নেই তার। প্রতিনিয়ত ব্যস্ত থাকে সে, হয় দুনিয়ার প্রয়োজন পূরণে, নয়তো আখিরাতের পুঁজি সংগ্রহে। এই মূলনীতি মেনে চললে 'অবসর সময়'-কেন্দ্রিক নানান সমস্যার জোট খুলে যাবে নিমিষেই।

বর্ণিত আছে, ইবনু আব্বাস একদিন দুই ব্যক্তির সামনে দিয়ে যাচ্ছিলেন। লোক দুটো কুস্তি লড়ছিল। তাদের দেখে তিনি বলেন, 'অবসর সময়ে আমাদের এসব করার নির্দেশ দেওয়া হয়নি।' [২৯৭]

অপরদিকে উমর ইবনুল খাত্তাব বলেন, 'তোমাদের মধ্যে আমি এমন ব্যক্তিকে অপছন্দ করি, অবসর সময়ে যে দুনিয়ার জন্য কিছু করে না, দ্বীনের জন্যও কিছু করে না।' [২৯৮]

ঠিক এই কারণেই প্রথম দিকের অর্থাৎ সোনালি যুগের মুসলিমদের মধ্যে অবসর সময় নিয়ে কোনো অভিযোগ ছিল না। তারা কখনোই ছুটির আবেদন করেনি, নেক আমল এবং আখিরাতের প্রস্তুতি নেওয়া থেকে অবসর গ্রহণ করেনি। আসলে যৌবনকালে কিংবা ব্যাচেলর থাকাবস্থায় মানুষ আমল ইবাদাত, দাওয়াহ, ইসলাম নিয়ে পড়াশোনা, বিভিন্ন পরিকল্পনা করা ইত্যাদি কাজের প্রতি অনেক সক্রিয় ভূমিকা রাখবে—এগুলো স্বাভাবিক। এতে আলাদা কোনো কৃতিত্ব নেই। কিন্তু যখন কর্মজীবনে পা রাখে, বিয়ে করে কিংবা বার্ধক্যে উপনিত হয়, তাদের কর্মোদ্যমেও ভাটা পড়তে শুরু করে। এ-সকল ব্যস্ততার অজুহাতে কি নেক আমল থেকে নিস্তার মিলতে পারে?

'অতএব যখন তুমি অবসর পাবে, তখনই (আল্লাহর ইবাদাতে) সচেষ্ট হবে।'

জব-সেক্টর নিয়ে চিন্তা করুন, কর্মজীবনে মানুষ কতটা কর্মমুখর থাকে? একজন ডেন্টিস্টের কথাই ধরা যাক, তিনি রোগীর-পর-রোগী দেখেই চলেন। দিনে আট ঘণ্টা, কখনও-বা নয় ঘণ্টা ডিউটি। এভাবে সে বছরের-পর-বছর কাটিয়ে দেয়। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, 'এই জীবনে আপনি কতজন রোগী দেখার নিয়ত করেছেন? কয়টা দাঁত দেখবেন?' সে আপনাকে কোনো উত্তর দিতে পারবে না, কেননা তার চিন্তাজগতে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। কেউই এভাবে নির্ধারণ করে রাখে না।

কিংবা একজন রাজমিস্ত্রির কথা ধরুন, বছরকে-বছর সেও নানান প্রজেক্টে কাজ করে চলে। তাকে জিজ্ঞেস করুন, 'এই জীবনে আপনি আর কয়টা ইট বসাবেন?' সে আপনাকে উত্তর দিতে পারবে না, কেননা সে এক প্রজেক্ট শেষ হলে আরেক প্রজেক্ট—এভাবে কাজ করেই যাবে, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তার কাজ করা দিয়ে কথা।

একজন পাইলটের কর্মজীবন নিয়ে চিন্তা করুন, তার জীবনটা হয় ভ্রমণের। আমাদের মধ্য থেকে গড়ে খুব কম মানুষই সপ্তাহে এত দীর্ঘ পথ যাত্রা করে যা তাকে প্রতিদিন করতে হয়। তার গোটা জীবনই এমন অবসাদপূর্ণ ভ্রমণে নিবেদিত। কেননা এর সাথে রুজি সম্পৃক্ত। তাই কষ্ট হলেও করতে হয়। এখন তাকে যদি জিজ্ঞেস করেন, 'আর কত মাইল আপনি ভ্রমণ করবেন?' সেও কিন্তু আপনাকে উত্তর দিতে পারবে না। তার মস্তিষ্কে এমন নির্দিষ্ট কোনো মাইল নেই।

সবশেষে আমি আপনাকে প্রশ্ন করব: ক্ষণস্থায়ী এই দুনিয়ায়, ৬০ কি ৭০ বছর আমরা বাঁচব; এই ক্ষুদ্র সময়জুড়ে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য, ভালো থাকার তাগিদে এই যদি আমাদের অক্লান্ত পরিশ্রমের নমুনা হয়, তা হলে সেই জীবনের জন্য কতটুকু পরিশ্রম করা প্রয়োজন, যে জীবনে মৃত্যু বলে কিছু নেই? যে ছুটির অজুহাত দিয়ে নেক আমল থেকে দূরে থাকে, কিংবা দাওয়াহ প্রদান থেকে অবসরের প্রহর গুনছে, সে আসলে জান্নাতের রাস্তা চিনতে ভুল করেছে; অথবা আমাদের সৃষ্টি করার উদ্দেশ্য অনুধাবনে ব্যর্থ হয়েছে।

দীর্ঘদিনের দুআ, আত্মত্যাগ, অশ্রু বিসর্জন, নির্ঘুম রাত এবং ভয়-শঙ্কা শেষে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর দাওয়াহ যখন সমগ্র আরব উপদ্বীপগুলোতে ছড়িয়ে পড়ল, তখন মানুষ দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করতে শুরু করল। মক্কা-বিজয়ের সেই আনন্দমুখর দিনে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন। বলুন তো, সেদিন আল্লাহ কী উপদেশ দিয়ে সূরা নাযিল করেছেন? হয়তো ভাবছেন, সূরাটিতে অবসরের বার্তা দেওয়া হয়েছে। না, অবসর-সংক্রান্ত ছিল না। আসুন সূরাটি পড়ি :

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ۞ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ۞ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

'যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়। আর (হে নবি,) তুমি যদি দেখো যে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন গ্রহণ করছে, তখন তুমি তোমার রবের হামদ-সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও। অবশ্য তিনি বড়োই তাওবা কবুলকারী।' [২৯৯]

অক্লান্ত পরিশ্রমের ফলাফল উপভোগের দিন আল্লাহ তায়ালা তাঁর নবিকে এই আয়াতগুলো উপহার দিলেন। সেদিন নবিজির স্থানে যদি আমরা হতাম, তা হলে অতীতের কথা ভেবে হয়তো দাঁড়িয়ে থাকতে পারতাম না। কত পরিশ্রমই-না করেছেন আমাদের নবি!

তথাপি মহান আল্লাহ বলেছেন, তোমার মিশন সমাপ্ত হয়েছে, এবার আল্লাহর স্মরণ করো। 'অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই ইবাদাতে রত হও।' [৩০০]

যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবি-রাসূল পাঠিয়েছেন কিতাব এবং মুজিযা দিয়ে। সৃষ্টি করেছেন জান্নাত, যার চারিদিকে শুধু বাগান আর বাগান। আরও আছে জাহান্নাম, যা চিরস্থায়ী আজাবের বাসস্থান। একজন মুসলিম অবশ্যই বিশ্বাস করে যে, এসব আল্লাহ তাআলা ক্রীড়াকৌতুক-রূপে করেননি। কেবল দুনিয়ার জন্য করেননি। আর যে মুসলিম এই বিশ্বাসে দৃঢ় সচেতন, তার পুরো জীবনটাই হয় আমলের সমারোহ। এক আমল থেকে আরেক আমলে ব্যস্ত থাকে সে। এমনকি সে যদি সাময়িক সময়ের জন্য বিনোদনে ধাবিত হয়, তবুও সেটা হয় জান্নাতের পথ চলার আগ্রহ-উদ্দীপনা রিচার্জ করার জন্যেই। আল্লাহ বলেন,

قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

'বলো, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও মরণ বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্য।' [৩০১]

আসলে নেক আমল করার সুবর্ণ সুযোগ বছরের প্রতি মাসে, প্রতিদিনই থাকে। এই সুযোগ শুধু রমাদানে নয়, বৃদ্ধ বয়সে উপনীত হলে নয়। বরং জীবনের প্রতিটি মিনিট আমলের সুবর্ণ সুযোগ। আর আল্লাহ আমাদের কাছে এটাই চান, যেন আমরা এই সুযোগের সদ্ব্যবহার করি। এর জীবন্ত উদাহরণ আয়াতটিতে রয়েছে, 'অতএব যখনই তুমি অবসর পাবে, তখনি ইবাদাতে রত হও।' [৩০২]

দেখুন, কীভাবে দ্বীন ইসলামকে আমাদের রব সাজিয়ে দিয়েছেন :

আল্লাহ তাআলা আমাদের জন্য চারটি মাস নির্দিষ্ট করে দিয়েছেন, যেগুলোকে বলা হয় 'হারাম তথা পবিত্র মাস'। অন্য যে-কোনো সময়ের চেয়ে এই সম্মানিত মাসগুলোতে আমলের প্রতি অধিক উৎসাহ দেওয়া হয়েছে। মাসগুলো ধারাবাহিকভাবে: রজব মাস দিয়ে প্রথম হারাম মাস শুরু হয়। এরপর আসে অন্যান্য মাস। আসে শাবান মাস, এই মাসের অধিকাংশ দিন নবিজি সিয়াম পালন করতেন। এর পরে আসে বছরের শ্রেষ্ঠতম মাস 'শাহরু রমাদান'। এতেই রয়েছে বছরের শ্রেষ্ঠতম দশ রজনি, এবং বছরের শ্রেষ্ঠতম রাত 'লাইলাতুল-কদর।' রমাদন-পরবর্তী মাস শাওয়াল। এই মাসে ছয়টি সিয়াম পালন করতে বলা হয়েছে। আর যে ব্যক্তি রমাদানের পর এই মাসে ছয়টি সিয়াম রাখে, তাকে সারা বছর সিয়াম রাখার প্রতিদান দেওয়া হয়। এভাবে শাওয়াল শেষে আসে যুল-কদা। যুল-কদা হলো দ্বিতীয় হারাম মাস। তা ছাড়া এটা হাজ্জের মাসগুলোর একটি। যুল-ক্বদার পর যুল-হিজ্জা। এটি তৃতীয় হারাম মাস। এটাও হাজ্জের মাস। বছরের সেরা দশ দিন রয়েছে এই মাসের শুরুতে। এরপর বছরের শ্রেষ্ঠ দিন 'আরাফাহ'। এ দিনের সিয়াম পালন বর্তমান এবং পরবর্তী বছরের পাপসমূহ মুছে দেওয়া হয়। এ ছাড়া এই মাসে হাজ্জ সম্পন্ন হয়। আর যার হাজ্জ কবুল হয়, তার পাপসমূহ এমনভাবে মুছে দেওয়া হয়, যেন সে সদ্য-ভূমিষ্ট-নবজাতক! এরপর আসে মুহাররম মাস। এটি চতুর্থ হারাম মাস। রমাদানের পর এই মাসে সিয়াম রাখার প্রতিদান সব থেকে বেশি। আশুরা মুহাররম মাসেই, যেদিন সিয়াম রাখলে এক বছরের পাপ মুছে দেওয়া হয়।

ভালোভাবে লক্ষ করুন, কীভাবে ইসলামি বর্ষপঞ্জি সাজানো হয়েছে। বছর শুরু হচ্ছে মুহাররম দিয়ে, যা অতি সম্মানিত ও ইবাদাতের মাস। আবার বছর শেষ হচ্ছে যুল-হিজ্জা দিয়ে, যা আরেকটি সম্মানিত ও ইবাদাতের মাস। খেয়াল করুন, অধিক সাওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ কীভাবে বছরজুড়ে ছড়িয়ে আছে। এমন বর্ষপঞ্জিই বলে দেয় আমাদের রব একজন, যিনি চান বান্দারা যেন এই আয়াতের ওপর আমল করে— 'অতএব যখনই তুমি অবসর পাবে, তখনি ইবাদাতে রত হও।' আমাদের রব চান, আমরা যেন তাঁকে নিয়েই কাটাই প্রতিক্ষণ, আখিরাতের জন্য প্রস্তুতি নিই প্রতিটা মুহূর্ত।

এবার চলুন, প্রিয় নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বরকতময় জীবনের দিকে মনোনিবেশ করি। এখন আমরা দেখব এই আয়াতের চশমায়, নবিজির জীবনটা কেমন ছিল। চলুন ঘুরে আসি ১৪০০ বছর আগে নববি যুগে।

মদীনায় হিজরতের প্রথম দশটি বছর যেভাবে কেটেছে নবিজির :

প্রথম হিজরি : রাবিউল আওয়াল মাসের ৮ তারিখে কুবায় পৌঁছান এবং তাৎক্ষণিক মাসজিদ আল-কুবা নির্মাণ করেন। এরপর সেই মাসেই তিনি মদীনার শহরের উদ্দেশ্যে যাত্রা করেন এবং ১২ তারিখে পৌঁছান। সেখানে নির্মাণ করেন মাসজিদ আন-নববি, মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের বাঁধনে বেঁধে দেন এবং ইয়াহুদিদের সাথে চুক্তি করেন।

দ্বিতীয় হিজরি : এই হিজরিতে সিয়াম, যাকাত, ঈদের সালাত, যাকাতুল ফিতরের বিধান জারি করা হয়। স্পষ্ট করে দেওয়া হয় জিহাদের বিধান এবং পরিবর্তন করা হয় কিবলা। এরপর সেই বছর সঙ্ঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ, রমাদানের ১৭ তারিখে। তারপর বানু কাইনুকার বিশ্বাসঘাতকতার দরুন তাদের উচ্ছেদ করা হয়।

তৃতীয় হিজরি : এই বছরের শাওয়াল মাসে উহুদ-যুদ্ধ সঙ্ঘটিত হয়। এ ছাড়া মদ হারাম হওয়া নিয়ে হামরা আল-আসাদ যুদ্ধও সঙ্ঘটিত হয়।

চতুর্থ হিজরি : আল-রাজী এবং বীরে মাউনার মর্মান্তিক ঘটনাগুলো এই হিজরিতেই ঘটে। এরপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে গুপ্ত হত্যার চেষ্টার অপরাধে আন-নাদীর গোত্রকে উচ্ছেদ করা হয়। হিজাবের আয়াত এই বছরেই নাযিল হয়েছিল।

পঞ্চম হিজরি : এই হিজরিতে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়। কাফির এবং মুশরিকদের যৌথ প্রচেষ্টায় হাজার খানেক সৈন্য সে যুদ্ধে মদীনা ঘেরাও করে। এরপর ইয়াহুদিদের চূড়ান্ত উচ্ছেদের পালা আসে বানু কুরাইযার চুক্তিভঙ্গের কারণে। সবশেষে হাজ্জ ফরজ করা হয় এই বছর।

ষষ্ঠ হিজরি : মুসলিমরা উমরার উদ্দেশ্যে মক্কায় সফর করে, কিন্তু পথিমধ্যে বাধাপ্রাপ্ত হয়। তখন হুদাইবিয়ার সন্ধি-চুক্তি সম্পাদিত হয় রিদওয়ান নামক স্থানে। এরপর ধীরে ধীরে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব নেতাদেরকে ইসলামের আহ্বান জানিয়ে চিঠিপত্র পাঠাতে থাকেন।

সপ্তম হিজরি : এ বছর খায়বার যুদ্ধে ইয়াহুদিদের দুর্গ জয় করে মুসলিমরা এবং উমরাহ পালন করে।

অষ্টম হিজরি : মু'তার যুদ্ধ হয় এই বছর। মক্কা বিজয়ও হয় অষ্টম হিজরিতে। এ ছাড়া হুনাইন যুদ্ধ সংঘটিত হয়। তারপর নবিজি সাহাবিদের নিয়ে তায়িফ অবরোধ করেন।

নবম হিজরি : তাবুক যুদ্ধ এই বছরেই হয়। যুদ্ধ শেষে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাথে সন্ধি-চুক্তির উদ্দেশ্যে দিগদিগন্ত থেকে ৭০ এর অধিক প্রতিনিধি মদীনায় আসে।

দশম হিজরি : বিদায় হাজ্জ আয়োজিত হয় দশম হিজরিতে। এরপর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উসামা ইবনু যাইদ (রাঃ)-কে সেনাপ্রধান নিয়োগ দিয়ে একটি বাহিনী প্রস্তুত করেন।

একাদশ হিজরি : একাদশ হিজরি সনের মাথায় সমগ্র আরব উপদ্বীপ ইসলামের ছায়াতলে চলে আসে। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিরলস পরিশ্রমের ফলাফলের এক ঝলক ছিল এটি। কিন্তু শরীরের-ওপর-দিয়ে-যাওয়া প্রচণ্ড ধকল ও জখমের ফলে এ বছর তিনি অসুস্থ হয়ে পড়েন, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছিলেন না। সবশেষে এ বছর মুসলিম উম্মাহর ওপর সবচেয়ে বড়ো বিপদ নেমে আসে। রবিউল আওয়ালের ১২ তারিখ, সোমবার বাদ ফজর, দুহা সালাতের সময় আমাদের রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রবের ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। জাতি হারায় তার সর্বশ্রেষ্ঠ নেতাকে...

আসলে নবিজির গোটা জীবনই ছিল এই আয়াতের তাফসীর: 'অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই ইবাদাতে সচেষ্ট হও।' [৩০৩]

আমাদের কাছে আল্লাহ এটাই চান। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রেখে-যাওয়া-সুন্নাহ যেদিন আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে সক্ষম হব, সেদিন থেকেই উম্মাহর আমূল পরিবর্তন শুরু হবে। দীঘল দিনের আলো নিভে আসে আঁধার-কালো-রাত, এভাবেই ফুরিয়ে যায় আমাদের জীবন-নামক ডায়রির পাতাগুলো। এমন দিন খুব দূরে নয়, যেদিন আর কোনো পাতাই মিলবে না এই ডায়রিতে...

কাজেই দিনশেষে যখন আপনি হেলিয়ে দিচ্ছেন নিজেকে আরাম বিছানায়, প্রশ্ন করুন: ওপারের জীবনের জন্য কী করলাম? আজকের দিনটি কি আমি আল্লাহর বান্দার মতো কাটিয়েছিলাম? সময়ের সদ্‌ব্যবহার করেছি কতটুকু? হাশরের ময়দানে আজকের এই দিনটি কি আমার পক্ষে সাক্ষ্য দেবে না বিপক্ষে?

পরিশেষে আমাদের সবার আত্মজিজ্ঞাসা করা উচিত: এরকম একটি ব্যস্তজীবনের কথাই যদি কুরআন বলে থাকে—দুআ, সালাত, সক্রিয়তা, আত্মোন্নায়ন, পরিকল্পনা অনুযায়ী চলা, আখিরাত গড়া—তা হলে এসবের সমাপ্তি কবে? অবসর কবে মিলবে?

একবার ইমাম আহমাদ রহিমাহুল্লাহ-কে ঠিক এই প্রশ্নটিই করা হয়েছিল: 'মুমিনের জীবনে অবসর কবে মিলবে?' উত্তরে তিনি বললেন, 'জান্নাতে পা রাখার সাথে সাথেই।' [৩০৪]

হ্যাঁ, সেদিনই সকল কষ্টের বোঝা লাঘব হবে। দূর হবে ক্লান্তি আর অবসাদ। মুছে যাবে উদ্বেগ-দুশ্চিন্তার প্রতিটি ফোঁটা। চিরদিনের জন্য জীবন থেকে বিদায় নেবে এগুলো। সেদিন মানুষ শুধু শুনবে : 'সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের থেকে হটিয়ে দিয়েছেন সকল দুঃখ-কষ্ট' [৩০৫]

ততক্ষণ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি দিন ঢেলে সাজান এই আয়াতের আলোকে : 'অতএব যখনই তুমি অবসর পাবে, তখনি ইবাদাতে সচেষ্ট হও।' [৩০৬]

টিকাঃ
[২৮৯] সূরা আশ-শারহ, ৯৪: ৭
[২৯০] ইবনুল কাইয়িম এবং ইমাম শাতিবি
[২৯১] যাদুল-মাসির ফি ইলমিত-তাফসীর, ৪/৪৬২
[২৯২] প্রাগুক্ত
[২৯৩] তাফসীর আল-কুরতুবি, ২০/১০৯
[২৯৪] তাফসীর আত-তাবারি, ২৪/৪৯৯
[২৯৫] তাফসীর ইবনু কাসীর, ৮/৪১৮
[২৯৬] মাজমূ' আল-ফাতাওয়া, ২২/৪৯৫
[২৯৭] তাফসীর আদওয়া'উল-বায়ান, ৮/৫৭৯
[২৯৮] প্রাগুক্ত
[২৯৯] সূরা নাসর, ১১০: ১-৩
[৩০০] সূরা আশ-শারহ, ৯৪: ৭
[৩০১] সূরা আনআম, ৬: ১৬২
[৩০২] সূরা আশ-শারহ, ৯৪: ৭
[৩০৩] সূরা আশ-শারহ, ৯৪ : ৭
[৩০৪] তারিখু মাদীনাতি দিমাশক, ৬/১৩
[৩০৫] সূরা ফাতির, ৩৫: ৩৪
[৩০৬] সূরা আশ-শারহ, ৯৪ : ৭

📘 কলবুন সালীম (নির্মল অন্তর, নির্মল জীবন) 📄 মৃত্যুর দোরগোড়ায়

📄 মৃত্যুর দোরগোড়ায়


গত রাতে তারাবি সালাত চলাকালে পঞ্চাশোর্ধ্ব এক মুসল্লি পড়ে যায়। তখন মাত্র পাঁচ কী ছয় রাকআত শেষ হয়েছে। তাৎক্ষণিক ঘোষণা করা হয়, জামাতে যদি কোনো ডাক্তার উপস্থিত থাকে সে যেন চলে আসে এবং তাকে চেকআপ করে। সে জ্ঞান হারায়নি এবং তাকে সুস্থই মনে হচ্ছিল। ডাক্তার তাকে নিয়ে গেলে আবার জামাত দাঁড়িয়ে যায়। পরবর্তীকালে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কতই-না উত্তম মৃত্যু! সম্ভবত আল্লাহর কাছে তার দাঁড়ানো এতই প্রিয় ছিল যে, তিনি বান্দাকে ইবাদাতের সময়ে নিয়ে গেলেন! রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান, তাকে দিয়ে তিনি আমল করান।' সাহাবিগণ জিজ্ঞেস করলেন, 'এটা কী রকম ইয়া রাসূলুল্লাহ?' তিনি বলেন, 'মৃত্যুর পূর্বে তাকে নেক আমলের তাওফীক দেন।' [৩০৭]

সত্যি বলতে রমাদানের শুরুতে চরম আগ্রহ থাকা, তারপর সেই আগ্রহে ভাটা পড়া—এটাই প্রমাণ করে, শেষ ভালো যার সব ভালো তার। ওপারের ডাক কোন মুহূর্তে আসবে—এই চিন্তা বহু দ্বীনদার বান্দার চোখের ঘুম কেড়ে নেয়। অজস্র অশ্রু ঝরায় তাদের এই ভাবনা:

'অন্তিম মুহূর্তে আমি কোন অবস্থায় থাকব?'
'মৃত্যুর ফেরেস্তাকে দেখার ভয় আমাকে ইসলাম থেকে খারিজ করে দেবে না তো?'
'আমার পাপের বোঝা যদি সেদিন শাহাদাত পাঠে বাধা হয়ে দাঁড়ায়?'
'আমি কি মুসলিম অবস্থায় মরতে পারব?'

প্রথম তিন প্রজন্মের বিখ্যাত আলিম সুফইয়ান সাওরি। তিনি তখন মৃত্যুশয্যায়, অঝোরে কাঁদছেন। জিজ্ঞেস করা হলো, এই ক্রন্দন কি তার পাপের জন্য? তিনি মাটি থেকে একটি লাঠি ওপরের দিকে তুললেন এবং বললেন, 'বিশাল জমিন হতে এই লাঠি সরিয়ে নেওয়া জমিনের জন্য যতটা মামুলি বিষয়, আমার কাছে আমার পাপ এর চেয়েও তুচ্ছ (অর্থাৎ পরিমাণে অনেক কম)। বরং আমার ভয় হচ্ছে, মৃত্যুর সময় যদি আমার ঈমান তুলে নেওয়া হয়!' [৩০৮]

ইমাম শাফিয়ি-এর সাথেও অনুরূপ ঘটেছিল। তিনি যখন মৃত্যু-যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তাঁর এক ছাত্র আল-মুযানি ঘরে প্রবেশ করে জানতে চায়, 'ইমাম, আপনি কেমন আছেন?' তিনি বলেন, 'বুঝতে পারছি যাত্রার অবসান ঘটতে যাচ্ছে, ভাইদের বিদায় দেবার সময় ঘনিয়ে এসেছে, এবং সময় চলে এসেছে রবের সাথে সাক্ষাতের। অথচ আমি জানি না, আমার রূহ কি জান্নাতে প্রবেশের দ্বারা আমার সম্মান বৃদ্ধি করবে, না জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে আমাকে আফসোসের মধ্যে ফেলে দেবে!' [৩০৯]

এমনকি রাসূল-এর সাহাবি মুয়াজ ইবনু জাবাল-এর জীবনেও অনেকটা এরকম ঘটনা ঘটেছিল। তিনি তখন মৃত্যুর বিছানায়, উপস্থিত লোকেরা তাঁকে বলতে শুনল, 'বাহিরে দেখে আসো তো, এখনও সকাল হয়েছে কি না?' তারা বলল, রাত এখনও বাকি আছে। তিনি কিছুক্ষণ পর আবার একই প্রশ্ন করলেন। তারা তাঁকে আশ্বাস দিল সূর্য এখনও ওঠেনি। তৃতীয়বারের মতো যখন প্রশ্নটা করতে যাবেন এবার তিনি চিৎকার করে বললেন, 'আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এমন রাত থেকে, যার সকাল হবে জাহান্নামে।' [৩১০]

জাহান্নামের ভয়ে সদা তটস্থ থাকতেন মুয়াজ। তাই আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইছিলেন। এই রাতেই যদি তার মৃত্যু হয়, তবে সকালবেলায় যেন তার রূহ জাহান্নামে না চলে যায়। তাই তিনি এই দুআ করছিলেন। দেখে মনে হচ্ছে যেন এই কথাগুলো এমন কেউ বলছেন, যাদের জীবনটা ছিল পাপে টইটম্বুর, বিভিন্ন প্রকার নেশায় এবং খেলতামাশায় কেটেছে। বাস্তবে এমন কিছুই না। এই মানুষগুলোর পুরো জীবনটাই ছিল ইবাদাত, শিক্ষাপ্রদান এবং তাওবার সমষ্টি। তবুও তারা উপলব্ধি করতে পারতেন, মৃত্যু এমন এক পরীক্ষার সময়, যখন জীবনের সকল আমল ভেস্তে যেতে পারে।

এমন ব্যক্তির ব্যাপারে কী বলবেন, যে ব্যক্তি দিনভর সিয়াম রাখল, তারপর সূর্য ডোবার আগ মুহূর্তে খুব অল্প পরিমাণ খেয়ে নিল? নিশ্চয়ই বলবেন, তার সিয়াম নষ্ট হয়ে গেছে! আচ্ছা, এমন ব্যক্তির ব্যাপারে কী মনে হয়, যিনি ঘণ্টার-পর-ঘণ্টা সালাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু সালাম ফেরার আগে হঠাৎ মনে হলো তিনি ওযু অবস্থায় নেই? তার সালাত নষ্ট হয়ে গেছে। তদ্‌রূপ কেউ হয়তো বাহ্যিক ধার্মিকতায় এবং ইবাদাত পাবন্দির এক লম্বা জীবন কাটিয়েছে। কিন্তু দেখা গেল সব বিগড়ে গেছে অন্তিম মুহূর্তে এসে। তার সব আমল ধূলিকণায় পরিণত হয়েছে। কিংবা সে শেষ মুহূর্তে এসে আমল ছেড়ে দিল।

আসলে এ ব্যাপারে আমরা কেউই নিশ্চয়তা দিতে পারি না, আমাদের মৃত্যু কেমন হবে। হ্যাঁ, কিছু ইঙ্গিত তো অবশ্যই রয়েছে। ইমাম ইবনু কাসীর রহিমাহুল্লাহ বলেন, 'সুস্থতা এবং নিরাপদ থাকাকালে ইসলাম পালনে সচেষ্ট হও, যেন তুমি এর ওপরেই মৃত্যুবরণ করতে পারো। নিশ্চয় আল্লাহ আল-কারীম, অত্যন্ত উদার। তিনি তাঁর অসীম উদারতা প্রদর্শনের ধারা চলমান রেখেছেন এবং তিনিই নির্ধারণ করেছেন, যে ব্যক্তি যেভাবে জীবন অতিবাহিত করবে, তার মৃত্যুও হবে সেভাবে। আর যে ব্যক্তি যে অবস্থায় মৃত্যুবরণ করবে, সে উত্থিতও ওই অবস্থায়।' [৩১১]

রমাদানের শেষ দিনগুলো অতিবাহিত করছি আমরা। এই বিদায়-বেলাই বলে দেবে সত্যিকারার্থে কে আল্লাহর দৃষ্টিতে দৃঢ় প্রত্যয়ী ছিল। প্রতিজ্ঞা করুন, অটল থাকবেন শেষ পর্যন্ত। অটল থাকবেন রমাদানের শেষেও, থাকবেন জীবনকে বিদায় জানাবার দিনেও।

টিকাঃ
[৩০৭] তিরমিযি, ২২১৩
[৩০৮] সিয়ার, ১৩/২৯৭
[৩০৯] বায়হাকি, যুহদুল কাবীর, ৫৭৫
[৩১০] আহমাদ, আয-যুহদ, ১০১১
[৩১১] ইবনু কাসীর, ২/৭৫

📘 কলবুন সালীম (নির্মল অন্তর, নির্মল জীবন) 📄 প্রকৃত স্বস্তি তাঁরই সান্নিধ্যে

📄 প্রকৃত স্বস্তি তাঁরই সান্নিধ্যে


প্রকৃত স্বস্তি আর প্রশান্তি শুধু এক সত্তার সান্নিধ্যে মধ্যেই। এই অন্তর কখনোই ক্লান্ত হয় না তাঁর অবিরাম স্মরণে ও বিরতিহীন প্রশংসায়। বরং আত্মা-মনন সব একাগ্র হয়ে যায় তাঁকে পাবার আকাঙ্ক্ষায়। তাঁকে ডেকে চলার মধ্যে হৃদয়ে যে উষ্ণতা মেলে, এর কোনো তুলনা নেই। তাঁর রহমতের ভিখারির চোখ বেয়ে যে অশ্রু ঝরে পড়ে, এর নেই কোনো উপমা। তাঁর দরজায় অনবরত কড়া নাড়ার মাধ্যমে যে প্রশান্তি লাভ হয়, রাজা বাদশাহরা তা কল্পনাও করতে পারবে না।

তিনিই মাবুদ, সীমাহীন দয়াবান। তিনি অপরাজেয়, অসীম রাজত্বের অধিকারী, অসীম দানশীল। তিনিই মাবুদ, আর তাই দাসেরা তাঁকে মেনে চলে পরমানন্দে। তিনিই মাবুদ, তাঁর সাহায্য ছাড়া কোনোকিছুই করা যায় না। তিনি ব্যতীত সমগ্র সৃষ্টিকুলের কোনো পরিচয় নেই। প্রাণের স্পন্দন থেমে যাবে যদি তিনি একমুহূর্তের জন্যও আড়াল হয়ে যান। বস্তুত তাঁকে ছাড়া একমূহূর্তও বেঁচে থাকা সম্ভব নয়।

আমরা মানুষদের ভালোবাসি তাদের কাজের জন্য, যে গুণগুলো তারা অর্জন করেছে সেসবের জন্য। তথাপি কেবল সত্তাগত কারণে চূড়ান্ত ভালোবাসার অধিকার রাখে বাস্তবে এমন কেউ নেই; এমনকি নবি রসূলগণও নন। এই নিয়মের ব্যতিক্রম কেবল একজনই। আর তিনি হলেন আমাদের রব, আল্লাহ তাআলা।

ওপরের আলোচনা থেকে পরিষ্কার, কেন রসূল বলেছিলেন, কবিদের ভিতর সর্বাধিক সত্য কথা কবি লাবীদের কথা। যিনি বলেছেন, 'জেনে রেখো, আল্লাহ ছাড়া সবকিছুই মিথ্যে'। [৩১২]

এমন গুণসম্পন্ন রবকে যে ব্যক্তি বিশ্বাস করে, সে তো অন্যদের মতো নয়। তাই তোমার দিন-রাতের ঘণ্টাগুলো অন্যদের মতো হতে পারে না। তোমার প্রকাশ্য-অপ্রকাশ্য মুহূর্তগুলো অন্যদের মতো হতে পারে না। অতএব লুটিয়ে পড়ো তাঁর সাজদায়। আনন্দ-উচ্ছ্বাসের ক্রন্দনে ভাসিয়ে দাও জমিন। সত্যনিষ্ঠ একজন মুসলিমের ছাঁচে নিজেকে গড়ে তোলো এবং প্রকৃত সুখের সন্ধানে লেগে যাও নতুন উদ্যমে।

টিকাঃ
[৩১২] বুখারি: ৬১৪৭; মুসলিম: ২২৫৬

ফন্ট সাইজ
15px
17px