📄 নির্মল অন্তর
এক দেশে এক জেলে বাস করত। প্রতিদিন ঘুম থেকে উঠে নৌকা নিয়ে বেরিয়ে পড়ত সমুদ্র-সৈকতের উদ্দেশ্যে। কিন্তু দিনশেষে মাত্র দুটো মাছ নিয়ে ফিরত। একটি মাছ ঘরের লোকদের দিত রান্না করার জন্য, আরেকটি বাজারে বিক্রি করত।
তার এই স্বভাব দেখে একদিন তার এক বন্ধু জানতে চাইল, 'কেন তুমি দুটো মাছ ধরেই ক্ষান্ত থাকো? চার-পাঁচটা কিংবা দশটা ধরো না কেন?'
সে বলল, আচ্ছা। তা না হয় ধরলাম। তারপর?
-তা হলে তুমি আরও ধনী হতে পারবে।
-আচ্ছা। তারপর?
-তুমি লোক খাটাতে পারবে। তারা তোমার হয়ে মাছ ধরবে।
-তারপর?
-এভাবে চলতে থাকলে একদিন তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। বড়ো একটা নৌকা কিনতে পারবে। নৌকা দিয়ে বেশি বেশি মাছ ধরতে পারবে।
-তারপর?
-তুমি নৌবহরে টাকা খাটাতে পারবে। ফলে আরও ধনী হতে থাকবে।
-তারপর কী হবে?
-তারপর নিজেই একটা মাছের আড়ত খুলে বসতে পারবে শহরে।
-তারপর?
-ব্যবসা আরও বড়ো পরিসরে করতে পারবে এবং বাজারের নেতা পর্যায়ের ব্যবসায়ী হতে পারবে।
-তারপর কী?
-এভাবে একদিন তুমি কোটিপতি হয়ে যাবে!
-আচ্ছা! এরপর?
-এরপর শুধু শান্তি আর শান্তি।
সব শুনে লোকটি বলল, 'ভাই আমার, আমি তো এখন শান্তিতেই আছি!' অর্থাৎ তুমি আমাকে এমন এক দেশে কেন নিয়ে যেতে চাও, যেখানে আমি ইতিপূর্বেই পৌঁছে গেছি?! আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি সন্তুষ্ট। আমার আর প্রয়োজন নেই।
কতই-না চমৎকার আল্লাহর রাসূলের কথা! তিনি এই গল্পের পুরো শিক্ষাটি এক বাক্যে বলে দিয়েছেন,
ليس الغني عن كثرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغني عنى النَّفْسِ
'অঢেল অর্থ সম্পদের মধ্যে ধনাঢ্যতা নেই। প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা।[৮২]
অঢেল অর্থ সম্পদ, কিংবা ভালো পজিশনে থাকলেই ধনী হওয়া যায় না। তিনি বলেছেন, প্রকৃত ধনাঢ্যতা হলো যখন আপনার অন্তর পরিতৃপ্ত থাকে, প্রশান্ত থাকে। তখনই আপনি ধনী, সমৃদ্ধিশালী।
প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার এই জীবনে আমরা সকলেই মুসাফির। আর একজন মুসাফির হিসেবে আপনার কতটুকু পাথেয় প্রয়োজন? সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন অনেককিছুরই লোভ দেখাবে। বস্তুত আমাদের যাত্রাপথে সেগুলোর প্রয়োজন নেই। মুসাফিরের ব্যাগে অতিরিক্ত কীই-বা থাকতে পারে?
মনে রাখবেন, কিয়ামাতের দিন যার বোঝা যত হালকা হবে, সে জান্নাত-পানে সে ততই দ্রুতগতিতে ছুটে যাবে।
কাজেই আমাদের জীবনের একটিই স্লোগান হোক, একটিই লক্ষ্য হোক: 'ওগো আল্লাহ, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকো, তা হলে তুমি আমাকে কী দিয়েছ আর কী দাওনি এগুলোর তোয়াক্কা করি না। হে আল্লাহ, তুমি শুধু আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তা হলেই আমি সফল!'
টিকাঃ
[৮২] বুখারি: ৬৪৪৬
এক দেশে এক জেলে বাস করত। প্রতিদিন ঘুম থেকে উঠে নৌকা নিয়ে বেরিয়ে পড়ত সমুদ্র-সৈকতের উদ্দেশ্যে। কিন্তু দিনশেষে মাত্র দুটো মাছ নিয়ে ফিরত। একটি মাছ ঘরের লোকদের দিত রান্না করার জন্য, আরেকটি বাজারে বিক্রি করত।
তার এই স্বভাব দেখে একদিন তার এক বন্ধু জানতে চাইল, 'কেন তুমি দুটো মাছ ধরেই ক্ষান্ত থাকো? চার-পাঁচটা কিংবা দশটা ধরো না কেন?'
সে বলল, আচ্ছা। তা না হয় ধরলাম। তারপর?
-তা হলে তুমি আরও ধনী হতে পারবে।
-আচ্ছা। তারপর?
-তুমি লোক খাটাতে পারবে। তারা তোমার হয়ে মাছ ধরবে।
-তারপর?
-এভাবে চলতে থাকলে একদিন তুমি অনেক টাকার মালিক হয়ে যাবে। বড়ো একটা নৌকা কিনতে পারবে। নৌকা দিয়ে বেশি বেশি মাছ ধরতে পারবে।
-তারপর?
-তুমি নৌবহরে টাকা খাটাতে পারবে। ফলে আরও ধনী হতে থাকবে।
-তারপর কী হবে?
-তারপর নিজেই একটা মাছের আড়ত খুলে বসতে পারবে শহরে।
-তারপর?
-ব্যবসা আরও বড়ো পরিসরে করতে পারবে এবং বাজারের নেতা পর্যায়ের ব্যবসায়ী হতে পারবে।
-তারপর কী?
-এভাবে একদিন তুমি কোটিপতি হয়ে যাবে!
-আচ্ছা! এরপর?
-এরপর শুধু শান্তি আর শান্তি।
সব শুনে লোকটি বলল, 'ভাই আমার, আমি তো এখন শান্তিতেই আছি!' অর্থাৎ তুমি আমাকে এমন এক দেশে কেন নিয়ে যেতে চাও, যেখানে আমি ইতিপূর্বেই পৌঁছে গেছি?! আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি সন্তুষ্ট। আমার আর প্রয়োজন নেই।
কতই-না চমৎকার আল্লাহর রাসূলের কথা! তিনি এই গল্পের পুরো শিক্ষাটি এক বাক্যে বলে দিয়েছেন,
ليس الغني عن كثرَةِ العَرَضِ، وَلَكِنَّ الغني عنى النَّفْسِ
'অঢেল অর্থ সম্পদের মধ্যে ধনাঢ্যতা নেই। প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের ধনাঢ্যতা।[১]
অঢেল অর্থ সম্পদ, কিংবা ভালো পজিশনে থাকলেই ধনী হওয়া যায় না। তিনি বলেছেন, প্রকৃত ধনাঢ্যতা হলো যখন আপনার অন্তর পরিতৃপ্ত থাকে, প্রশান্ত থাকে। তখনই আপনি ধনী, সমৃদ্ধিশালী।
প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার এই জীবনে আমরা সকলেই মুসাফির। আর একজন মুসাফির হিসেবে আপনার কতটুকু পাথেয় প্রয়োজন? সোশ্যাল মিডিয়া ও টেলিভিশন অনেককিছুরই লোভ দেখাবে। বস্তুত আমাদের যাত্রাপথে সেগুলোর প্রয়োজন নেই। মুসাফিরের ব্যাগে অতিরিক্ত কীই-বা থাকতে পারে?
মনে রাখবেন, কিয়ামাতের দিন যার বোঝা যত হালকা হবে, সে জান্নাত-পানে সে ততই দ্রুতগতিতে ছুটে যাবে।
কাজেই আমাদের জীবনের একটিই স্লোগান হোক, একটিই লক্ষ্য হোক: 'ওগো আল্লাহ, তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকো, তা হলে তুমি আমাকে কী দিয়েছ আর কী দাওনি এগুলোর তোয়াক্কা করি না। হে আল্লাহ, তুমি শুধু আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। তা হলেই আমি সফল!'
টিকাঃ
[১] বুখারি: ৬৪৪৬
📄 যে পথ জান্নাতে গিয়ে মিশেছে
জ্ঞানীগুণী হওয়া সম্মানের বিষয়। আর সম্মান সবাই প্রত্যাশা করে। জাহিল বা মূর্খ উপাধি পছন্দ করে না কেউই। তাই বলে এই সমাজে যে মূর্খদের অস্তিত্ব নেই-তা কিন্তু নয়। স্বাভাবিকভাবে জ্ঞান আমাদের কাছে একটি মর্যাদাপূর্ণ বিষয়। ফেরেশতাদের ওপর আদম-এর শ্রেষ্ঠত্ব এই জ্ঞানের কারণেই ছিল।
আল্লাহ বলেন, عَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا 'আদমকে তিনি সবকিছুর নাম শিক্ষা দিলেন।[১]
কেবল মানুষের বেলাতেই নয়, আল্লাহ তাআলা পশু-পাখিদের ব্যাপারেও প্রশিক্ষিত পশু-পাখিকে অপ্রশিক্ষিতদের ওপর প্রাধান্য দিয়েছেন। মুসলিমদের জন্য হালাল খাদ্য-তালিকায় আল্লাহ তাআলা বলেন, وَمَا عَلَّمْتُمْ مِنَ الْجَوَارِحِ مُكَلِّبِينَ تُعَلِّمُونَهُنَّ مِمَّا عَلَّمَكُمُ اللَّهُ فَكُلُوا مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ 'আর যেসব শিকারি প্রাণীকে তোমরা শিক্ষিত করে তুলেছ, যাদেরকে আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে তোমরা শিকার করা শিখিয়েছ, তারা তোমাদের জন্য যেসব প্রাণী ধরে আনে, তাও তোমরা খেতে পারো।[২]
প্রশিক্ষিত পশু-পাখির ধরে-আনা-শিকার খাওয়া হালাল। পক্ষান্তরে পশু যদি অপ্রশিক্ষিত হয়, তবে সে জিনিস হারাম বলে গণ্য হবে।
এভাবে জ্ঞানের মর্যাদা নিয়ে অসংখ্য দলিল আছে। তা হলে ভাবুন সেগুলো কতটা জোরালোভাবে জ্ঞানকে সমুন্নত স্তরে পৌঁছে দিয়েছে! সেই অগণিত প্রমাণের ভিতর এটি অন্যতম, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন মুমিনরা মর্যাদায় একে অপরের সমান নয়।
আল্লাহ তাআলা বলেন, يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ 'তোমাদের মধ্যে যারা ঈমানদার ও যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা আল্লাহ উন্নীত করবেন। [৩]
আরেক আয়াতে বলেছেন, هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ 'যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? '[৪]
না, তারা এক নয়। জীবনযাপন ও কাজে-কর্মে তারা আলাদা। মৃত্যু, কবরের অবস্থা ও পুনরুত্থানের ক্ষেত্রেও তারা একে অপরের চেয়ে আলাদা। হাশরের ময়দানেও তাদের অবস্থা ভিন্ন ভিন্ন। পুলসিরাত পারাপারে তাদের গতি এবং জান্নাতে মর্যাদার ক্ষেত্রেও তারা সমান নয়। প্রতিটি ক্ষেত্রেই তারা আলাদা।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللهُ لَهُ طَرِيقًا إِلَى الْجَنَّةِ 'যে ব্যক্তি ইলম অন্বেষণের পথে চলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।[৫]
ইলমের মর্যাদা আলোচনা করা এই প্রবন্ধের উদ্দেশ্য নয়। যে ইলম আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানাটাই আমাদের মূল উদ্দেশ্য।
শুরুর দিকে সকল দ্বীন-শিক্ষার্থীর আসল বাড়ি জান্নাতে হবে না। কেননা তাদের সাথে-থাকা ফেরেশতারা এমন কিছু উপস্থাপন করবে, যা তারা কল্পনা করতেও পারেনি। একদিন ওগুলো সব প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, তাদের ইলম ছিল, হয়তো জান্নাতীদের চেয়ে বেশিই ছিল, কিন্তু তারা ইলমের সদ্ব্যবহার করেনি। পথচ্যুত হয়েছে, প্রকৃত লক্ষ্যের প্রতি মনোযোগ হারিয়ে ফেলেছে। কিন্তু এরপরেও ধরে নিয়েছে যে, সবকিছু ঠিকভাবেই চলছে।
এই কারনেই আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাত শেষ করে এই দুআটি পড়তেন :
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً
'হে আল্লাহ, আমি তোমার কাছে উপকারী জ্ঞান চাই, পবিত্র রিযক চাই, এবং কবুলযোগ্য আমলের তাওফীক চাই।'[৬]
সাহাবিদেরকেও বলতেন, سَلُوا اللَّهَ عِلْمًا نَافِعًا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ 'তোমরা আল্লাহর কাছে উপকারী ইলম চাও এবং অনুপকারী ইলম থেকে আশ্রয় প্রার্থনা করো। [৭]
উপকারী ইলমের বৈশিষ্ট্যগুলো কী, যা অর্জনের দ্বারা আমরা সত্যিকার অর্থে জান্নাতে পৌঁছে যাব?
১) আল্লাহর ভয় বৃদ্ধি করে
উপকারী ইলমের প্রথম বৈশিষ্ট্য হলো, তা আল্লাহর ভয় বৃদ্ধি করে। এখানেই তার শ্রেষ্ঠত্ব। একটি আয়াতে বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন, إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ 'শুধুমাত্র তাঁর এমন বান্দারাই আল্লাহকে ভয় করে, যারা ইলমের অধিকারী। [৮]
ইবনু মাসউদ বলেন, لَيْسَ الْعِلْمُ بِكَথْرَةِ الرَّوَايَةِ ، إِنَّمَا الْعِلْمُ الْخَشْيَةُ 'অনেক হাদীস বলতে পারার নাম ইলম নয়, বরং প্রকৃত ইলম হলো আল্লাহকে ভয় করা। [৯] তিনি আরও বলেন, كفى بخشية الله علما وكفى باغترار المرء جهلا 'আল্লাহকে ভয় করাই ইলম হিসেবে যথেষ্ট, আর নিজেকে ধোঁকার মধ্যে রাখা অজ্ঞতা হিসেবে যথেষ্ট। [১০]
ইলম যদি সালাত কাযা করার অভ্যাস পাল্টাতে না পারে, স্ত্রীর প্রতি হিংস্র হওয়া থেকে বিরত না রাখে, বাবা মায়ের সাথে অসদাচরণ করতে বাধা না দেয়, কিংবা অনলাইনে- অফলাইনে প্রবৃত্তির চাহিদা পূরণে প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়, তা হলে এই ইলম আপনাকে বাঁচাতে পারবে না। উপকারী ইলম আপনার চরিত্র ও চিন্তা-ভাবনা প্রতিনিয়ত বিশুদ্ধ করবে। আপনাকে সরাসরি উপদেশ দেবে। উপকারী ইলম এমন এক কণ্ঠ, যা কখনও নীরবে বসে থাকে না। সে একজন বিশ্বস্ত উপদেষ্টা, বরকতময় পরামর্শদাতা, নিষ্ঠাবান বন্ধু। ব্যক্তির প্রতিটি কাজ সে তদারকি করে, প্রতিক্রিয়ার মুখে লাগাম পড়ায়, সুশৃঙ্খল করে ভালো লাগার বিষয়গুলোকে। আর বিচ্যুতির শুরুতেই বিবেককে জাগ্রত করে তোলে। আতঙ্কের সময় ইলম তাকে সাহস যোগায়, সন্দেহের ফিতনায় পড়লে মনে বিশ্বাস জোগায়, দুর্বলতার সময় দৃঢ় মনোবল তৈরি করে, আর বিপদের সীমানায় যাবার আগেই চিৎকার করে ডাকে- 'সাবধান!' প্রতিদিন, প্রতিটি মুহূর্ত আল্লাহর বড়োত্ব, তাঁর মহিমা, নাম ও গুণসমূহের প্রভাব অন্তরে জাগ্রত রাখে। আল্লাহর পছন্দের বিষয়ের দিকে ব্যক্তিকে টেনে নিয়ে যায় এবং সব ধরনের অপ্রিয় বিষয়সমূহ থেকে টেনে বের করে আনে। প্রত্যেকবার হারাম পথে পা বাড়াবার আগ মুহূর্তে, হারাম কিছুর দিকে দ্বিতীয়বার দৃষ্টি দেওয়া কিংবা হারাম পথে বিনিয়োগ করার সময় ইলম আল্লাহর ভয় জোগায় অন্তরে। চিৎকার করে ওঠে, তাকে আল্লাহর ব্যাপারে লজ্জায় ফেলে দেয় এবং সাথে সাথে থামিয়ে দেয়। এটাই ইলমের আসল মাকসাদ। তলিবে ইলম বা জ্ঞান অন্বেষণকারী এই লক্ষ্যে পৌঁছোতে ব্যর্থ হলে সে এমন চারটি বিষয়ের মধ্যে পড়ে যাবে, যে চারটি বিষয় থেকে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নিকট আশ্রয় চাইতেন। তিনি বলতেন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا
'হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই এমন ইলম থেকে, যার মধ্যে কল্যাণ নেই; এমন অন্তর থেকে, যেখানে তোমার ভয় নেই; এমন নফস থেকে, যা কখনও পরিতৃপ্ত হয় না; এবং এমন দুআ থেকে, যার উত্তর পাওয়া যায় না।[১১]
যে ব্যক্তি উপরোক্ত চারটি বিষয়ের ফাঁদে পড়ে গেছে, ইলম তাকে উপকার করতে পারে না। তার অন্তর শক্ত হয়ে গেছে, তার আকাঙ্ক্ষা কখনও পূর্ণ হবার নয়। আর তার দুআর জবাব খুব কমই মেলে।
আবদুল আ'লা-এর কথাগুলো কতই-না সত্য! তিনি বলেন, অর্জিত ইলম যাকে কাঁদায় না, সে মূলত উপকারী ইলম থেকেই বঞ্ছিত। কেননা আল্লাহ তাআলা আলিমদের গুণ বর্ণনায় বলেন, 'নিশ্চয় এর পূর্বে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদের কাছে যখন তা পাঠ করা হয় তখন তারা সাজদাবনত হয়ে লুটিয়ে পড়ে। আর তারা বলে, "আমাদের রব মহান, পবিত্র; আমাদের রবের ওয়াদা অবশ্যই পূর্ণ হবে।” আর কাঁদতে কাঁদতে তারা (সাজদায়) লুটিয়ে পড়ে এবং (কুরআন) তাদের বিনয় বৃদ্ধি করে।' [সূরা ইসরা, ১৭: ১০৭-১০৯][১২]
কঠোর পরিশ্রম এবং চেষ্টা সাধনার ফলে হয়তো আপনার ইলম বৃদ্ধি পাচ্ছে; কিন্তু প্রশ্ন হলো, এই ইলম কি আপনার অন্তরে আল্লাহভীতি বাড়াচ্ছে? অতীতের আপনি আর আজকের আপনির মধ্যে কতটুকু পার্থক্য?
২) উপকারী জ্ঞান আমলে উদ্বুদ্ধ করে
ইমাম আহমাদ রহিমাহুল্লাহ বলেন, 'আমি নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এমন কোনো হাদীস লিখিনি যার ওপর আমল করিনি।[১৩]
ইমাম আহমাদ রহিমাহুল্লাহ-এর মতো যারা হাজার হাজার হাদীস মুখস্থ করেছেন, তাদের সাথে আমাদের পার্থক্য এখানেই। তারা প্রত্যেকটি হাদীস ধরে ধরে আমল করতেন।
একদিনের কথা, ইমাম আহমাদ রহিমাহুল্লাহ জানতে পারলেন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক দীনারের বিনিময়ে হিজামা করিয়েছেন। হাদীসটি জানতে পেরে তিনিও হিজামা করালেন এবং বিনিময়ে এক দীনার দিলেন। অন্য-এক-দিন তিনি জানতে পারলেন, মক্কা থেকে মদীনায় হিজরতকালে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিন দিন গুহায় অবস্থান করেছিলেন; তাই তিনিও তিন দিন গুহায় অবস্থান করলেন। [১৪]
আরেকবার এক তলিবুল ইলম ইমাম আহমাদের বাড়িতে আসে এবং এক রাত অবস্থান করে। তাহাজ্জুদের সময় সে যেন ওজু করতে পারে, সেজন্য ইমাম আহমাদ তার কক্ষে এক বালতি পানি রেখে আসেন। কিন্তু ফজরের সময় ইমাম আহমাদ তার কক্ষে গিয়ে দেখেন, বালতির পানি আগের মতোই আছে। এ দেখে তিনি বলেন, 'সুবহানাল্লাহ! একজন ব্যক্তি ইলম অন্বেষণ করে, অথচ কিয়ামুল লাইল আদায় করে না!' [১৫]
হাসান বাসরি বলেন, 'অতীতে যারা ইলম অন্বেষণ করত, ইলমের প্রভাব তাদের চাহনিতে, কথায়, কাজে, সালাতে, বিনয়বনতায় ও দুনিয়া-বিমুখতায় ফুটে উঠত।[১৬]
আবূ কিলাবা তাঁর ছাত্র আইয়ূব সিখতিয়ানি-কে বলেন, 'যখন আল্লাহ তোমাকে নতুন কোনো বিষয়ে ইলম দান করেন, তখন তুমি তাকে আমলে রূপ দাও। (আমল ব্যতীত) কেবল ইলম অর্জনকেই তোমার মূল উদ্দেশ্য বানিয়ো না।'[১৭]
সুফইয়ান ইবনু উয়াইনা বলেন, 'আমি যদি বেকুবের মতো দিন পার করি, আর মূর্খদের মতো রাত কাটাই, তা হলে যে ইলম আমি লিখেছি, এর মানে কী!'[১৮]
দুঃখজনক হলেও সত্যি, আমরা এমন অনেক ব্যক্তিদের সাক্ষাৎ পেয়েছি, যারা জ্ঞানার্জনের প্রতি আগ্রহ-প্রদর্শন করে। কিন্তু তাদের আচরণ দেখে আমরা তাদের থেকে দূরে সরে যাই। তারা সময়ের খুব কমই কদর করে, গেইমস নিয়ে পড়ে থাকে, মাত্রাতিরিক্ত সামাজিক হয়ে যায় এবং ঘণ্টার-পর-ঘণ্টা এমন সব বিষয়ে তর্ক করে, যার কোনো গুরুত্বই নেই। কিংবা বাস্তবিক অর্থে কোনো উপকার নেই। আসলে তারা চায়, একমাত্র তাদের মতামতই অগ্রাধিকার পাক। এটাই তাদের মূল বিবেচ্য বিষয়। এজন্যই অবিরাম তর্ক করতে থাকে।
রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'হিদায়াত পাওয়ার পর কোনো জাতি অত্যধিক বিতর্কের মাধ্যমেই গোমরাহ হয়।'[১৯]
মা'রূফ কারখি বলেন, 'আল্লাহ যার কল্যাণ চান, তার জন্য আমলের দরজা খুলে দেন এবং তর্কের দরজা বন্ধ করে দেন। আর আল্লাহ যার অকল্যাণ চান, তার জন্য আমলের দরজা বন্ধ করে দেন এবং তর্কের দরজা খুলে দেন।[২০]
তিনি আরও বলেন, 'তর্ক-বিতর্ক ইলমের নূর নিভিয়ে দেয়।[২১]
এ ধরণের লোকদের কাছে-ইবাদাত, ইলম অর্জন, দাওয়াতি কাজ যেন বোঝার মতো মনে হয়। তাই লাগামহীন তর্ক-বিতর্কিতে ব্যস্ত রাখে নিজেদেরকে। যখন সম্মানের কাজকে উপেক্ষা করা হয়, তুচ্ছজ্ঞান করা হয়, তখন লাঞ্ছনার কাজই কপালে জোটে। এটাই আল্লাহর চিরাচরিত নিয়ম। যদিও ব্যক্তি এবং তার সমাজ সেই কাজকে সম্মানজনক মনে করে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে অপদস্থ, পরকালের পাল্লায় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
৩) উপকারী ইলম বিনয়ের দিকে আহ্বান করে
উপকারী ইলম ব্যক্তিকে সর্বদা নিরাপদ বিষয়ের দিকে আহ্বান করে এবং আখিরাত নিয়ে ফটকাবাজি করা থেকে সাবধান করে। এই ইলমের অধিকারীরা শুধু হারাম থেকেই নয়, বরং সন্দেহজনক বিষয় থেকেও সতর্ক থাকে। বিনয়ের কারণে তারা 'আমি জানি না' বলতে বিন্দুমাত্র পরোয়া করে না।
আবদুর রহমান ইবনু আবী লাইলা বলেন, 'আমি এই মাসজিদে আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ১২০ জন আনসারি সাহাবির সাক্ষাৎ পেয়েছি। তাঁদেরকে কোনো হাদীস বলতে বলা হলে তাঁদের সকলেই আশা করতেন যেন অন্য কেউ সেটা বলে দেয়। তদ্রূপ কোনো ফাতওয়া জানতে চাওয়া হলে আশা করতেন যেন অন্য কেউ সেটার উত্তর দিয়ে দেয়। [২২]
ইবনু সীরীন -এর ব্যাপারে বলা হয়, তাকে হালাল-হারাম বিষয়ে প্রশ্ন করা হলে (ভয়ে) তার চেহারার রঙ পরিবর্তন হয়ে যেত এবং কিছুক্ষণ আগেও তিনি যেমন ছিলেন, সেই অবস্থায় ফিরে যেতে পারতেন না।[২৩]
ইমাম মালিক রহিমাহুল্লাহ-এর ব্যাপারেও বর্ণিত আছে, 'মালিক রহিমাহুল্লাহ-কে যখন কোনো প্রশ্ন করা হতো, তাকে দেখে মনে হতো যেন তিনি জান্নাত-জাহান্নামের মধ্যে দাঁড়িয়ে আছেন!'[২৪]
আতা ইবনু আবী রাবাহ বলেন, 'আমি এমন মানুষদের সাক্ষাৎ পেয়েছি, তাদের কাউকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে জবাব দেবার সময় তারা ভয়ে কাঁপতেন'।[২৫]
উমাইর ইবনু সাঈদ বলেন, 'আমি আলকামা-কে একটি প্রশ্ন করলাম। তিনি বললেন, "আবীদাকে জিজ্ঞেস করো।” আমি আবীদার কাছে গেলাম। তিনি বললেন, "আলকামাকে জিজ্ঞেস করো।” আমি বললাম "আলকামা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন।” তিনি বললেন, "তা হলে মাসরূককে জিজ্ঞেস করো।” কাজেই আমি তার নিকট গেলাম। তিনিও বললেন, "আলকামাকে জিজ্ঞেস করো।” আমি বললাম, "আলকামা-কে আমি জিজ্ঞেস করেছি, তিনি আমাকে আবীদার কাছে পাঠান। আর আবীদা আপনার কাছে পাঠান।” তিনি বললেন, "তা হলে আবদুর রহমান ইবনু আবী লাইলাকে জিজ্ঞেস করো।” তারপর আমি আবদুর রহমান ইবনু আবী লাইলার নিকট গেলে তিনি উত্তর দিতে অস্বীকার করলেন। ফলে আমি কোনো উপায় না দেখে আলকামার কাছে ফিরে গেলাম। এরপর তিনি আমাকে বলেন, 'কথায় আছে-যে জাতি যত দ্রুত ফাতওয়া দেয়, সে-জাতি ততই অজ্ঞ।[২৬]
৪) উপকারী ইলম খ্যাতি থেকে পালাতে বাধ্য করে
উপকারী ইলম তালাশকারী ব্যক্তি লোকদের প্রশংসায় অভিভূত হয় না। এর কুপ্রভাব থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখে। এমন ব্যক্তি বিভিন্ন উপাধির বদলে স্রেফ নিজের নামটুকু ব্যবহার করাকেই পছন্দ করে, এবং পছন্দ করে যেন সেই নামে তাকে ডাকা হয়। সে হারাম কাজের ব্যাপারে তটস্থ থাকে। সে মনে করে, পাহাড়সম আমল ধসিয়ে দিতে অণু পরিমাণ গোনাহই যথেষ্ট। আর তাই ইবনু মুহায়রীয বলতেন, 'হে আল্লাহ, আমি তোমার কাছে সাদামাটা প্রশংসাই কামনা করি।[২৭]
তারা আল্লাহর কাছে পানাহ চায়, যেন তাদের ওপর খ্যাতির আলো না জ্বলে। কারণ, তারা চায় না সবাই তাদের চিনে নিক। একদিন আবদুল্লাহ ইবনু মাসউদ বাইরে বের হলেন। পথিমধ্যে কিছু ভক্ত তাঁর পিছু পিছু হাঁটা ধরল। এ দেখে ইবনু মাসউদ বলেন, 'আমার পিছু নিয়েছ কেন? আল্লাহর কসম, দরজার ওপারে আমি কেমন তা যদি তোমরা জানতে, তা হলে তোমাদের একজনও আমাকে অনুসরণ করতে না।'[২৮]
ইমাম আহমাদ রহিমাহুল্লাহ-এর চাচা একদিন তাঁর বাড়িতে আসেন। এসে দেখেন, ইমাম আহমাদ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। তাঁকে এতটাই দুর্দশাগ্রস্ত দেখাচ্ছিল যে, কষ্টে তিনি মাথা নিচু করে ছিলেন। তাঁর চাচা এর কারণ জানতে চাইলে ইমাম আহমাদ মাথা তুলে বলেন, 'চাচাজান, এমন ব্যক্তি কতই-না সৌভাগ্যবান যাকে আল্লাহ তাআলা খ্যাতির বিড়ম্বনা থেকে রক্ষা করেছেন!'[২৯]
তিনি আরও বলতেন, 'আমি মক্কার প্রত্যন্ত অঞ্চলে থাকতে চাই, যেখানে কেউ আমাকে চিনবে না। আমি খ্যাতির বিড়ম্বনায় ডুবে আছি। সকাল-সাঁঝে আমি মৃত্যু কামনা করি।[৩০]
ইবরাহীম ইবনু আদহাম বলেন, 'যে ব্যক্তি খ্যাতি পছন্দ করে, সে আল্লাহর প্রতি সৎ নয়। [৩১]
আইয়ূব সিখতিয়ানি যখন কোনো সমাবেশের সামনে দিয়ে যেতেন এবং সবাইকে সালাম দিতেন, লোকজন তাকে চিনতে পেরে অত্যধিক সম্মানের সাথে জবাব দিত। এ দেখে তিনি বলে উঠতেন, 'আমাকে শাস্তি দেওয়া হচ্ছে! আমাকে শাস্তি দেওয়া হচ্ছে!'
আমাদের সালাফরা ভিআইপি টিকেট চাইতেন না, তাঁরা সম্মান আশা করতেন না; প্রথম সারিতে জায়গা, স্পেশাল কেয়ারিং কিংবা সার্ভিস পছন্দ করতেন না। 'আমি সকলের চেয়ে আলাদা' এই ধারণা যেন মনে না আসে, সেজন্য তারা সতর্ক থাকতেন। আর তাই সাধারণদের মতো থাকতেই পছন্দ করতেন। তাদের খাবার ছিল সাধারণ, এবং আল্লাহর সত্যিকারের বান্দার মতো তারাও মাটিতে বসতেন।
তাঁরা খ্যাতিকে এতটাই ঘৃণা করতেন যে, খালিদ ইবনু মা'দান -এর দরসে মানুষদের উপস্থিতি যখন বেড়ে যেত, তিনি খ্যাতির ভয়ে উঠে যেতেন। তদ্রূপ আবুল আলিয়া -এর হালাকায় যখন তিন জনের অধিক শ্রোতা জড়ো হতো, তিনি উঠে যেতেন।
আবূ বকর ইবনু আইয়াস-কে একবার জিজ্ঞেস করা হলো, 'ইবরাহীম নাখঈ-এর দরসে আপনি সর্বোচ্চ কতজন দেখেছেন?' তিনি বলেন, 'চার কী পাঁচ হবে।'
আজকের এই যুগে বিশ, দশ কিংবা পাঁচজন নিয়ে কয়জন শাইখ হালাকার আয়োজন করতে রাজি হবে? এরপর কেউই যদি আলোচনায় মুগ্ধ না হয়, তা হলে তাদের প্রতিক্রিয়া কেমন হবে?
অনেকের জীবনে সফলতাই নির্ণীত হয় অনুসারীদের সংখ্যা বিবেচনায়। তাদের লেখা কী পরিমাণ শেয়ার হলো, কী পরিমাণ লাইক পেল, ইত্যাদি মানদণ্ডে। বস্তুত আল্লাহ যদি আপনার দ্বারা একজন ব্যক্তিকেও উপকৃত করেন, তার জীবন সংশোধন করে দেন, অতঃপর তার দ্বারা অন্যরাও উপকৃত হয়, তা হলে এতটুকুই আপনার জন্য যথেষ্ট।
আল্লাহর শোকর আদায় করুন তিনি আপনার পাপগুলো জনসম্মুখে প্রকাশ করে দেননি। আপনার অন্তরকে তিনি নিফাক থেকে মুক্ত রাখছেন, এই জন্যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করুন। বারবার শোকর আদায় করুন, পানাহ চান, কাঁদুন; যেন হাশরের ময়দানে আপনার কষ্টের নেক আমলগুলো ধূলিকণায় পরিণত না হয়।
এগুলো উপকারী ইলমের কিছু নমুনা। উপকারী ইলম ব্যক্তিকে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি দেয়, এবং আল্লাহর পছন্দনীয় বিষয়ে পরিতৃপ্ত রাখে। এই ইলম পাথরের মতো শক্ত অন্তরকেও ভেঙে চুরমার করে দেয়। নিজের দুর্বলতা এবং মৃত্যু-পরবর্তী দীর্ঘ যাত্রার ভয়ে এই জ্ঞান তাকে কাঁদায়। এ হলো কিছু ফিল্টার। জ্ঞানার্জনের পথে আপনি এগুলো ব্যবহার করবেন। যাচাই করে দেখবেন কোন ইলম কতটা উপকারী। যেন যাত্রার শেষ প্রান্তে এসে জান্নাতের দেখা পান। আল্লাহর সন্তুষ্টি পান।
টিকাঃ
[১] সূরা বাকারাহ, ২: ৩১
[২] সূরা মাইদা, ৫:৪
[৩] সূরা মুজাদিলা, ৫৮ : ১১
[৪] সূরা আয-যুমার, ৩৯ : ৯
[৫] ইবনু মাজাহ, ১৮৩; সহীহ
[৬] ইবনু মাজাহ, ৯২৫
[৭] ইবনু মাজাহ, ৩২৭; হাসান
[৮] সূরা ফাতির, ৩৫: ২৮
[৯] আবূ নুআইম, হিলইয়াতুল আউলিয়া, ১/১৩১
[১০] আদ-দুর আল-মানছুর, ৭/২০
[১১] আহমাদ, ৬৫৬১, সহীহ
[১২] সুনান আদ-দারিমি, ২৯৯
[১৩] মানাকিবু ইমাম আহমাদ, ২৪৬
[১৪] মানাকিবু ইমাম আহমাদ, ২৪৬
[১৫] মানাকিবু ইমাম আহমাদ, ২৭৩
[১৬] ইবনুল মুবারক, আয-যুহুদ, ৭৯
[১৭] ইবনু আব্দিল বার্, জামিউ বায়ানিল ইলম ওয়া ফাদ্বলিহ, ১১৩৪
[১৮] হিলইয়া, ৭/২৭১
[১৯] তিরমিযি, ৩২৫৩, হাসান
[২০] আবূ নুআইম, হিলইয়াতুল-আউলিয়া, ৮/৩৬১
[২১] জামিউল উলূম, ১/২৪৮
[২২] ইবনুল কাইয়িম, ই'লামুল মুওয়াক্কিয়ীন, ১/২৮
[২৩] ইবনু রজব, মাজমুআতু রাসাইল, ১/২৩
[২৪] ই'লামুল মুওয়াক্বিয়ীন, ৪/১৬৭
[২৫] ফাতহুল মান্নান, ২/১৩৭
[২৬] ফাতহুল মান্নান, ২/১০৭
[২৭] হিলইয়া, ৫/১৪০
[২৮] আত-তাওয়াদু' ওয়াল-খুমূল, ৫২
[২৯] ইবনু আসাকির, তারিখু দিমাশ্ক, ৫/৩০৯
[৩০] সিয়ারু আ'লামিন নুবালা, ১১/২১৬
[৩১] সিয়ারু আ'লামিন নুবালা, ৭/৭৩
📄 হারাম দরজা
যখন কেউ রিযক তালাশে ক্ষেত্রে হারাম দরজা দিয়ে প্রবেশ করে, তার জন্য হালাল দরজা বন্ধ করে দেওয়া হয়। এটাই বাস্তবতা।
কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, যারাই হারাম উপার্জনের দারস্থ হয়, তাদের অনেকেরই একাধিক ফ্ল্যাট আছে, আয়ের বিভিন্ন উৎস আছে, কারও-বা বিরাট অঙ্কের ব্যাংক ব্যালেন্সও আছে। তবুও সে হারাম পন্থা থেকে বিরত থাকতে পারেনি। এমন ব্যক্তিদের নিয়ে এ ছাড়া আর কী বলা যেতে পারে— হালাল দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে?
সোনালি যুগের একটি গল্প বলি। একদিন আলি ইবনু আবী তালিব রাদিয়াল্লাহু আনহু মাসজিদুল কুফায় গেলেন। প্রবেশের সময় এক বালককে তাঁর বাহন (পশু) দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলেন। এরপর আলি সালাত শেষ করে বালকটিকে এক দীনার হাদিয়া দেবার মনস্থির করলেন। কিন্তু বাইরে বেরিয়ে তিনি দেখলেন, বালকটি বসার বাহন নিয়ে পালিয়ে গেছে! অবাক কাণ্ড। তো আলি আরেক ব্যক্তিকে দীনারটি দিয়ে অনুরোধ করলেন বাজার থেকে যেন একটি বসার বাহন কিনে আনে।
বাজার ঘুরে সেই লোকটি যে বসার বাহন নিয়ে ফিরে এল, তা দেখে আলি এবার আরও অবাক।
- সুবহানাল্লাহ! একি! এটা তো আমারই বাহন!
- কিন্তু আমি তো বাজারে এক বালকের কাছ থেকে এক দীনারের বিনিময়ে কিনে এটি আনলাম!
আলি-এর কৌতূহল বেড়ে গেল। বিস্ময়সুরে তিনি বলে উঠলেন, সুবহানাল্লাহ! আমি তাকে দীনারটি হালালভাবে দিতে চেয়েছিলাম, কিন্তু সে তা হারাম পন্থায় অর্জন করল!
আপনার তাকদীরে যে রিযক আছে তা আপনি পাবেনই। পরীক্ষা নেওয়া হয়, আপনি তা কীভাবে অর্জন করছেন; হালালভাবে না হারামভাবে। ঘুরে-ফিরে রিযক আপনার কাছেই আসবে।
আপনি হারাম-চক্র থেকে বেরিয়ে আসুন। আপনি যদি চান আমি হারাম ছেড়ে দেব, তখন আপনার জন্য হালালের দরজা পুনরায় খোলা হবে। প্রয়োজন শুধু একটি পদক্ষেপ। সেই হারামের দরজাগুলো এমনভাবে বন্ধ করার পদক্ষেপ নিন, যেন সেগুলো আর কখনও খোলা না হয়।
📄 টুকরির বিনিময় প্রাসাদ
একবার এক লোকের গল্প শুনেছিলাম আমাদের এক ভাইয়ের কাছে। সে একটি মাসজিদ নির্মাণের দায়িত্বে ছিল। আসলে পুরো প্রজেক্টটাই তার নিজের। লোকটি এই প্রজেক্টকে সন্তানের চোখে দেখত। মনে-প্রাণে চাইত কিয়ামাতের দিন এটি যেন আল্লাহর সামনে নেক আমল হিসেবে পেশ করতে পারে। সে একজন ধনী মানুষ। তাই এই প্রজেক্ট বাস্তবায়নের জন্যে যাবতীয় খরচ নিজেই বহন করল। পাশাপাশি কড়া নজরদারি রাখল-কেউ যেন এই নির্মাণ-কাজে কোনোভাবে অবদান রাখতে না পারে। মূলত এই আমলের সাওয়াব সে একাই পেতে চাচ্ছিল। তাই কারও অংশীদার থাকবে-এটি সে মেনে নিতে পারেনি।
নির্মাণ-কাজ চলাকালে একদিন এক বৃদ্ধা সেখানে যায় একটি টুকরি নিয়ে। সম্ভবত তিনি কারও কাছে শুনেছেন এখানে মাসজিদ নির্মাণ হচ্ছে। কিন্তু বৃদ্ধ বয়সে সে কী-বা করতে পারবে! তাই একটি ছোট্ট টুকরি বানিয়ে নিয়ে আসেন। এই আশায়, হয়তো এটি দিয়ে শ্রমিকরা দু-একটা ইট বহন করতে পারবে, তাদের কাজে আসবে।
আশ্চর্যের বিষয় হচ্ছে, যখন মাসজিদ নির্মাণ-কাজ সমাপ্ত হলো, মাসজিদ নির্মাতা একটি স্বপ্ন দেখল। সে দেখল, দুটো প্রাসাদ। একটি প্রাসাদ দেখিয়ে সে জিজ্ঞেস করল, 'এটা কার?' স্বপ্নে তাকে বলা হলো, 'মাসজিদ নির্মাণ-কাজে অবদান রাখার জন্য আল্লাহ তোমাকে এই পুরস্কার দিয়েছেন।'
নির্মাণ-কাজে 'অবদান রাখার জন্য'! সে যেন আকাশ থেকে পড়ল এ কথা শুনে! 'অবদান! এ আমার মাসজিদ। আমি বানালাম। আমার আমল এটি। কেন অবদান বলা হচ্ছে?!' ঘুম ভাঙতেই ব্যস্ত হয়ে ছুটে গেল সে। শ্রমিকদের কাছে গিয়ে জানতে চাইল, 'আমি স্বপ্নে এরূপ দেখেছি। সত্যি করে বলো তো, আমার অনুপস্থিতিতে এই মাসজিদের কাজে কেউ কি কোনোভাবে সহায়তা করেছে?' তারা বলল, 'না তো! কাজটি সম্পূর্ণ আমরাই করেছি।' তিনি আবার জিজ্ঞেস করলেন, 'তোমরা নিশ্চিত?' তারা বলল, 'হ্যাঁ অবশ্যই। শুধু আমরাই করেছি। তবে একদিন এক বৃদ্ধা এখানে একটি টুকরি রেখে যায়, আমরা তা ব্যবহার করেছিলাম। এ ছাড়া কিছুই না।'
লোকটার বুঝতে বাকি রইল না। আল্লাহ অত্যন্ত মহানুভব। সে টুকরিটি নিয়ে বেরিয়ে পড়ল। বৃদ্ধার বাড়ি খুঁজতে লাগল। খুঁজেও পেল। দরজায় কড়া নাড়তে বৃদ্ধার দেখা পেল সে। এরপর তাকে করজোড়ে অনুরোধ করল, 'প্লিজ আপনার টুকরিটা ফেরত নিন! টুকরিটা ফেরত নিন প্লিজ!'
সে শুরু থেকেই চায়নি কেউ তার সাওয়াবের ভাগিদার হোক। তাই কাকুতি-মিনতি করে বলল, 'প্লিজ আপনার টুকরিটা ফেরত নিন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন।' বৃদ্ধা জিজ্ঞেস করলেন, 'কেন? কী হয়েছে?!' লোকটি জানাল, 'আসলে আমি স্বপ্নে এই এই দেখেছি।' সব শুনে বৃদ্ধা অবাক। বলল, 'সুবহানাল্লাহ! আমিও ঠিক এমন একটি স্বপ্নই দেখেছি। স্বপ্নে আমিও দুটো প্রাসাদ দেখেছি। আমাকেও অনুরূপ কথা বলা হয়েছে, “মাসজিদ নির্মাণ-াজে অবদান রাখার দরুন আল্লাহ তোমাকে এই পুরষ্কার দিয়েছেন।” আর আমি এই নেক আমল ছাড়া এমন পুরস্কার অর্জন করতে পারতাম না। জাযাকাল্লাহু খাইর।' এই বলে সে টুকরি ফেরত নিতে অস্বীকৃতি জানাল।
আপনি যখন আল্লাহর রাস্তায় দান করেন, তখন আপনি আলি হাম্মুদা, মুহাম্মাদ, জিম... দুনিয়ার কারও সাথে লেনদেন করছেন না; সরাসরি আল্লাহ তাআলার সাথে লেনদেন করছেন। জগৎসমূহের প্রতিপালকের সাথে করছেন। আর আল্লাহর কাছে এটা কোনো বিষয় না আপনি কতটুকু করেছেন। আল্লাহ দানের পরিমাণ নয় বরং মনের নিয়ত দেখেন। আর তাই পুরস্কার তা-ই পাবেন যেমন নিয়ত করবেন। ছোট্ট একটি কাজ নিয়তের ফলে পাহাড়সম পুরস্কারও বয়ে আনতে পারে। অতএব নিয়ত পরিশুদ্ধ করুন। একনিষ্ঠভাবে কাজ করে যান। এবং অপেক্ষা করুন কল্পনাতীত সাওয়াব দেখার। আল্লাহ দেবেন।