📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 ইয়া’জূজ-মা’জূজের প্রাচীর

📄 ইয়া’জূজ-মা’জূজের প্রাচীর


যুল-কারনাইন বাদশাহ্ উক্ত প্রাচীর নির্মাণ করেন। যাতে ইয়াজুজ- মা'জুজ ও তাদের প্রতিপক্ষদের মাঝে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আল্লাহ্ তা'আলা বলেনঃ
قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ، فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا، عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا، قَالَ مَا مَكَّنِي فِيْهِ رَبِّي خَيْرٌ، فَأَعِيْنُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا.
অর্থাৎ তারা বললোঃ হে যুল-কারনাইন! নিশ্চয়ই ইয়াজুজ-মা'জুজরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই আমরা আপনাকে কিছু কর দিলে আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবেন? সে বললোঃ আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমার জন্য অনেক উত্তম। সুতরাং তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো যাতে আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করতে পারি। (কাহফ: ৯৪-৯৫)
উক্ত প্রাচীরটি বিশ্বের পূর্ব দিকে। যা কুর'আনের নিম্নোক্ত আয়াত থেকে বুঝা যায়। আল্লাহ্ তা'আলা বলেনঃ
حَتَّى إِذَا بَلَغَ مَطْلِعَ الشَّمْسِ وَجَدَهَا تَطْلُعُ عَلَى قَوْمٍ لَّمْ نَجْعَلْ لَّهُمْ مِّنْ دُونِهَا سِتْرًا.
অর্থাৎ চলতে চলতে যখন সে সূর্যোদয় স্থলে পৌঁছালো তখন সে দেখলো ওটা এমন এক সম্প্রদায়ের উপর উদিত হচ্ছে যাদের জন্য সূর্য তাপ থেকে আত্মরক্ষার কোন অন্তরাল আমি সৃষ্টি করিনি। (কাহফ: ৯০)
তবে উক্ত প্রাচীরের সঠিক স্থান এখনো কেউ টের করতে পারেনি। তবুও আমাদের এ কথা বিশ্বাস করতে হবে যে, প্রাচীরটি এখনো বিদ্যমান। যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন ইয়াজুজ-মা'জুজ তা ভেঙ্গে চুরমার করে জনসমাজে অবতরণ করবে। আল্লাহ্ তা'আলা বলেনঃ
قَالَ هَذَا رَحْمَةً مِّنْ رَّبِّي، فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ، وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا، وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوْجُ فِي بَعْضٍ، وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا.
অর্থাৎ তখন যুল-কারনাইন বললোঃ উক্ত কাজের সফলতা আমার প্রভুর নিছক অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। যখন আমার প্রভুর প্রতিশ্রুতি (কিয়ামত) ঘনিয়ে আসবে তখন তিনি তা চূর্ণ-বিচূর্ণ করে দিবেন। আর আমার প্রভুর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। সে দিন আমি তাদেরকে ছেড়ে দেবো। তখন তারা দলের পর দল তরঙ্গের ন্যায় মানব বসতির উপর ঝাঁপিয়ে পড়বে। আর তখনই শিঙ্গায় ফুঁ দিয়ে সবাইকে একত্রিত করা হবে। (কাহফ ৯৮-৯৯)
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
তারা (ইয়াজুজ-মা'জুজ) প্রতি দিন প্রাচীরটি খনন করবে। ছিদ্র করতে একটু বাকি থাকাবস্থায় তাদের নেতা বলবেঃ এখন তোমরা চলে যাও। আগামী কাল তা তোমরা ছিদ্র করে ফেলবে। ইতিমধ্যে আল্লাহ্ তা'আলা তা আগের মতো করে শক্ত দিবেন। এভাবেই তারা প্রতিদিন করতে থাকবে। যখন তারা নির্ধারিত সময়ে পৌঁছুবে এবং আল্লাহ্ তা'আলা তাদেরকে জনসমাজে পাঠাতে ইচ্ছে করবেন তখন তাদের নেতা বলবেঃ এখন তোমরা চলে যাও। আগামী কাল ইন্‌শাআল্লাহ্ (আল্লাহ্ চায় তো) তা তোমরা ছিদ্র করে ফেলবে। তখন তারা ফিরে যাবে এবং প্রাচীরটি খনন করা অবস্থায় থেকে যাবে। অতঃপর পরের দিন তারা প্রাচীরটি ছিদ্র করে জনসমাজে বের হয়ে যাবে। তখন তারা জমিনের সকল পানি পান করে ফেলবে এবং মানুষ তাদেরকে দেখে পালিয়ে যাবে। (তিরমিযী ৮/৫৯৭-৫৯৯ ইবনু মাজাহ্ ২/১৩৬৪-১৩৬৫ 'হাকিম ৪/৪৮৮)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00