📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 এদের মূল

📄 এদের মূল


ইয়াজুজ-মা'জুজ শব্দ দু'টো আরবী নয়। আবার কেউ কেউ বলেছেনঃ শব্দ দু'টো আরবী। শব্দ দু'টোকে যদি আরবীই ধরা হয় তা হলে তা أُجَّتِ النَّارُ أَجِيْجًا : إِذَا الْتَهَبَتْ )আগুন খুব প্রজ্জ্বলিত তথা লেলিহান হয়েছে( অথবা أَجَاجٌ )অতি লবণাক্ত পানি) শব্দ থেকে নির্গত হয়েছে বলে ধরে নেয়া হবে। কেউ কেউ বলেছেনঃ তা أَجِّ (দ্রুত ধাবমান) শব্দ থেকে গ্রহণ করা হয়েছে। আবার কেউ কেউ বলেনঃ মা'জুজ শব্দটি مَاجَ : إِذَا اضْطَرَبَ (অস্থির) শব্দ থেকে গ্রহণ করা হয়েছে।
অধিকাংশ ক্বারীগণ يَاجُوجُ وَمَاجُوجُ শব্দ দু'টো (ⅰ) (হামযাহ্) ছাড়া পড়েছেন। তখন (ا) আলিফ দু'টোকে বাড়তি বলে গণ্য করা হবে যার মূল হবে يَجُجُ وَتَجُجُ । তবে হযরত 'আস্বিম (ⅰ) (হামযাহ্) সহ পড়েছেন। শব্দ দু'টোর মূল যাই ধরে নেয়া হোক না কেন সেগুলোর সাথে তাদের অবস্থার চমৎকার একটা মিল রয়েছে।
ইয়াজুজ-মা'জুজ মূলতঃ মানুষ। যারা আদম ও হাওয়ারই সন্তান। কেউ কেউ বলেছেনঃ তারা শুধু হযরত আদমেরই সন্তান। হাওয়ার নয়। তাঁরা বলেনঃ একদা আদম (আ.) এর যখন স্বপ্নদোষ হয় তখন তাঁর বীর্য মাটির সাথে মিশে যায়। আর সেখান থেকেই এদের জন্ম। তবে এ কথার সঠিক কোনো ভিত্তি নেই। (নিহায়াহ/আল-ফিতানু ওয়াল-মালাহিম ১/১৫২-১৫৩)
উক্ত কথা একমাত্র কা'ব থেকে বর্ণিত এবং তা বিশুদ্ধ হাদীস পরিপন্থীও বটে। যাতে বর্ণিত হয়েছে, ইয়াজুজ-মা'জুজ নূহ (আ.) এর সন্তান। আর তিনি তো নিশ্চিত হাওয়ারই সন্তান। (ফাত'হুল-বারী ১৩/১০৭)
ইয়াজুজ-মা'জুজ মূলতঃ তুর্কীদের পিতা নূহ (আ.) এর ছেলে ইয়াফিসের সন্তান।
আবূ সা'ঈদ (রা.) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
একদা আল্লাহ্ তা'আলা আদম (আ.) কে উদ্দেশ্য করে বলবেনঃ হে আদম! তখন আদম (আ.) বলবেনঃ আমি উপস্থিত এবং সকল কল্যাণ আপনার হাতেই। তখন আল্লাহ্ তা'আলা বলবেনঃ তুমি জাহান্নামীদেরকে বের করে দাও। তিনি বলবেনঃ জাহান্নামী কারা? আল্লাহ্ তা'আলা বলবেনঃ প্রত্যেক এক হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জনই জাহান্নামী। এ কথা শুনে তখন ছোট বাচ্চার চুল পেকে যাবে। প্রত্যেক গর্ভবতী মহিলা নিজ পেটের সন্তান (সময়ের আগে) প্রসব করে দিবে এবং সকল মানুষকে নেশাগ্রস্তের ন্যায় মনে হবে; অথচ তারা মূলতঃ নেশাগ্রস্ত নয়। বরং আল্লাহ্ তা'আলার শাস্তি হবে তখন অতি কঠিন। সাহাবাগণ বললেনঃ আমাদের মধ্যকার কেই বা সে এক জন? রাসূল () বললেনঃ তোমরা এ কথা শুনে অবশ্যই খুশি হবে যে, সংখ্যায় তোমাদের একজনের বিপরীতে থাকবে ইয়াজুজ-মা'জুজ এক হাজার। (বুখারী ৩৩৪৮, ৪৭৪১, ৬৫৩০)
আব্দুল্লাহ্ বিন্ 'আমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
ইয়াজুজ-মা'জুজ হচ্ছে আদম (আঃ) এরই সন্তান। তাদেরকে যদি সাধারণ মানব সমাজে ছেড়ে দেয়া হয় তা হলে তারা ওদের স্বাভাবিক জীবন যাপন বিনষ্ট করে দিবে। তাদের কেউ মরবে না যতক্ষণ না তার সন্তান-সন্ততি এক হাজার বা তার বেশিতে না পৌঁছুবে। (মিন'হাতুল-মা'বুদ ফি তারতীবি মুস্লাদিত-ত্বায়ালিসী ২/২১৯)

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 তাদের গঠন প্রকৃতি

📄 তাদের গঠন প্রকৃতি


তাদেরকে দেখতে মোঘল তুর্কীদের মতো মনে হবে। তাদের চোখ হবে ছোট। নাক হবে ছোট ও চেপটা। চুল হবে লাল-সাদা মিশ্রিত হলুদ বর্ণের। তাদের চেহারা যেন চামড়া মোড়ানো ঢালের ন্যায় তথা চওড়া ও ঝুলে পড়া গণ্ডদেশ বিশিষ্ট।
ইমাম আহমাদ্ (রাহিমাহুল্লাহ) ইবনু 'হারমালাহ্ থেকে তিনি তাঁর খালা থেকে বর্ণনা করেনঃ তাঁর খালা বলেনঃ একদা রাসূল () তাঁর খুতবায় বলেনঃ তোমরা বলছোঃ কোন শত্রু নেই; অথচ তোমরা ইয়াজুজ-মা'জুজ আসা পর্যন্ত শত্রুর মুকাবিলা করেই যাবে। যাদের চেহারা হবে প্রশস্ত। চোখ হবে ছোট। চুল হবে লাল-সাদা মিশ্রিত হলুদ বর্ণের। তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে দ্রুত নিচে পদার্পণ করবে। তাদের চেহারা যেন চামড়া মোড়ানো ঢালের ন্যায় তথা চওড়া ও ঝুলে পড়া গণ্ডদেশ বিশিষ্ট। (আহমাদ ৫/২৭১)

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 ইয়া’জূজ-মা’জূজের আবির্ভাবের প্রমাণসমূহ

📄 ইয়া’জূজ-মা’জূজের আবির্ভাবের প্রমাণসমূহ


কুর'আনের প্রমাণসমূহঃ

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 কুর’আনের প্রমাণসমূহ

📄 কুর’আনের প্রমাণসমূহ


১. আল্লাহ্ তা'আলা বলেনঃ
حَتَّى إِذَا فُتِحَتْ يَأْجُوجُ وَمَأْجُوجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ، وَاقْتَرَبَ الْوَعْدُ الْحَقُّ، فَإِذَا هِيَ شَاخِصَةٌ أَبْصَارُ الَّذِينَ كَفَرُوْا، يَا وَيْلَنَا قَدْ كُنَّا فِي غَفْلَةٍ مِّنْ هَذَا بَلْ كُنَّا ظَالِمِينَ.
অর্থাৎ এমনকি যখন ইয়াজুজ-মা'জুজকে মুক্তি দেয়া হবে এবং তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে নিচে ছুটে আসবে। আর তখনই অমোঘ প্রতিশ্রুতি তথা কিয়ামত আসন্ন হবে। তখন অকস্মাৎ কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবেঃ হায় দুর্ভোগ আমাদের! আমরা তো ছিলাম এ ব্যাপারে একেবারেই উদাসীন। বরং আমরা ছিলাম সরাসরি যালিম। (আম্বিয়া': ৯৬-৯৭)
২. আল্লাহ্ তা'আলা আরো বলেনঃ
ثُمَّ أَتْبَعَ سَبَبًا، حَتَّى إِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُونِهِمَا قَوْمًا لَا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا، قَالُوا يَا ذَا الْقَرْنَيْنِ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ، فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا، عَلَى أَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا، قَالَ مَا مَكَّنِّي فِيْهِ رَبِّي خَيْرٌ ، فَأَعِيْنُونِي بِقُوَّةٍ أَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا، آتُونِي زُبَرَ الْحَدِيدِ حَتَّى إِذَا سَاوَى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوْا، حَتَّى إِذَا جَعَلَهُ نَارًا قَالَ آتُونِي أُفْرِغْ عَلَيْهِ قِطْرًا، فَمَا اسْطَاعُوا أَنْ يَظْهَرُوهُ وَمَا اسْتَطَاعُوا لَهُ نَقْبًا، قَالَ هَذَا رَحْمَةً مِنْ رَّبِّي، فَإِذَا جَاءَ وَعْدُ رَبِّي جَعَلَهُ دَكَّاءَ، وَكَانَ وَعْدُ رَبِّي حَقًّا، وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوْجُ فِي بَعْضٍ وَنُفِخَ فِي الصُّورِ فَجَمَعْنَاهُمْ جَمْعًا.
অর্থাৎ আবার সে অন্য পথ ধরলো। যখন সে দু' পর্বত প্রাচীরের মাঝখানে পৌঁছুলো তখন সে এগুলোর পেছনে এমন এক সম্প্রদায়কে দেখতে পেলো যারা তার কথা একেবারেই বুঝতে পারছিলো না। তারা বললোঃ হে যুল-কারনাইন! নিশ্চয়ই ইয়াজুজ-মা'জুজরা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই আমরা আপনাকে কিছু কর দিলে আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবেন? সে বললোঃ আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমার জন্য অনেক উত্তম। সুতরাং তোমরা আমাকে শক্তি ও শ্রম দিয়ে সহযোগিতা করো যাতে আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করতে পারি। তোমরা আমার নিকট অনেকগুলো লৌহ টুকরো নিয়ে আসো। যখন লৌহ প্রস্তগুলো উভয় পাড়ের সমান্তরাল হলো তখন সে বললোঃ তোমরা তাতে ফুঁ দিতে থাকো। যখন তা আগুনের ন্যায় উত্তপ্ত হবে তখন তোমরা আমার নিকট অনেকগুলো গলিত তামা নিয়ে আসবে যা আমি লৌহপ্রস্তগুলোর উপর ঢেলে দেবো। এরপর ইয়াজুজ-মা'জুজ তা আর অতিক্রম করতে পারলো না; না পারলো তা ভেদ করতে। তখন যুল-ক্বারনাইন বললোঃ উক্ত কাজের সফলতা আমার প্রভুর নিছক অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। যখন আমার প্রভুর প্রতিশ্রুতি (কিয়ামত) ঘনিয়ে আসবে তখন তিনি তা চূর্ণ-বিচূর্ণ করে দিবেন। আর আমার প্রভুর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। সে দিন আমি তাদেরকে ছেড়ে দেবো। তখন তারা দলের পর দল তরঙ্গের ন্যায় মানব বসতির উপর ঝাঁপিয়ে পড়বে। আর তখনই শিঙ্গায় ফুঁ দিয়ে সবাইকে একত্রিত করা হবে। (কাহফঃ ৯২-৯৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00