📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 ‘হাররাহ্ যুদ্ধ

📄 ‘হাররাহ্ যুদ্ধ


ফিতনাসমূহের মধ্য থেকে আরেকটি ফিতনা হচ্ছে হারাহ্ যুদ্ধ। এখানে 'হাররাহ্ বলতে কালো পাথর বিশিষ্ট মদীনার পূর্বাঞ্চলকেই বুঝানো হয়েছে। যুদ্ধটি মদীনাবাসী ও ইয়াযীদের সৈন্য দলের মাঝে সংঘটিত হয়। মদীনাবাসীরা ইয়াযীদের বায়'আত প্রত্যাখ্যান করলে তাদেরকে শায়েস্তা করার জন্য ইয়াযীদ মুসলিম বিন্ 'উকুবাহ্'র নেতৃত্বে একটি সেনা দল পাঠায়। সেনা দলটি মদীনার চিরাচরিত সম্মান রক্ষা করেনি। বরং তারা সেখানে সশস্ত্র অবস্থায় ঢুকে পড়ে নির্দ্বিধায় ও নির্লজ্জভাবে মদীনাবাসীদের মাঝে হত্যাকাণ্ড চালায়। তাতে সাত শত আন্সার ও মুহাজির সাহাবা সহ আরো দশ হাজার জনসাধারণকে হত্যা করা হয়। সা'ঈদ বিন্ মুসায়্যিব (রাহিমাহুল্লাহ) বলেনঃ
تَارَتِ الْفِتْنَةُ الْأُولَى فَلَمْ يَبْقَ مِمَّنْ شَهِدَ بَدْرًا أَحَدُ، ثُمَّ كَانَتِ الثَّانِيَةُ فَلَمْ يَبْقَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَّةَ أَحَدُ، قَالَ: وَأَظُنُّ لَوْ كَانَتِ الثَّالِثَةُ لَمْ تَرْتَفِعُ وَفِي النَّاسِ طِبَاخُ.
অর্থাৎ প্রথম ফিতনা তথা 'উসমান হত্যা শুরু হলে বদ্রী সাহাবাদের আর কেউ বেঁচে থাকলো না। তেমনিভাবে দ্বিতীয় ফিতনা তথা 'হার্রাহ্ যুদ্ধ শুরু হলে 'হুদাইবিয়‍্যাহ্ যুদ্ধে অংশ গ্রহণকারী আর কেউ বেঁচে থাকলো না। তিনি বলেনঃ আমার ধারণা, তৃতীয় আরেকটি ফিতনা শুরু হলে বুদ্ধিমান আর কেউ বেঁচে থাকবে না। (শর্'হুস্ সুন্নাহ্: ১৪/৩৯৬)

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 বায়তুল্লাহর কুর’আন ফিতনা

📄 বায়তুল্লাহর কুর’আন ফিতনা


আব্বাসী খিলাফতামলে "খাক্কুল কুর'আন" তথা "কুর'আন মাজীদ আল্লাহ্ তা'আলার সৃষ্টি” নামক একটি ফিতনা চালু হয়। উক্ত মতবাদের নেতৃত্ব ও সহযোগিতা করেন আব্বাসী খলীফা মামুন। জাহ্মী ও মু'তাযিলীরা মুসলিম সমাজে উক্ত ফিতনার প্রচার ও প্রসার ঘটায়। যার দরুন বহু 'উলামায়ে কেরাম শাস্তির সম্মুখীন হয়েছেন। মুসলিম সমাজের উপর তখন বড় একটা বিপদ নেমে এসেছে। এ ব্যাপারটি মুসলিম সমাজকে দীর্ঘ দিন ব্যস্ত করে রেখেছে।

📘 কিয়ামতের ছোটবড় নিদর্শন সমূহ > 📄 পূর্ববর্তীদের হুবহু অনুসরণ

📄 পূর্ববর্তীদের হুবহু অনুসরণ


আরেকটি বড় ফিতনা হচ্ছে পূর্ববর্তী ইহুদি, খ্রিস্টান, অগ্নিপূজক ও অন্যান্য কাফিরদের হুবহু অনুসরণ। অপ্রিয় হলেও সত্য এই যে, বর্তমান বিশ্বের অধিকাংশ মুসলমান আজ কাফিরদের অনুসারী। তাদের চাল-চলন, লিবাস-পোশাক ও আচার-ব্যবহার সবই কাফিরদের ন্যায়। কেউ কেউ তো আবার এমনো ভাবছেন যে, বিশ্বের সকল সভ্যতা ও উন্নতি তো একমাত্র কুর'আন ও হাদীস পরিত্যাগ করার মধ্যেই নিহিত। তা অনুসরণে নয়। রাসূল (ﷺ) বহু পূর্বেই এ ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে গেছেন। আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ الْقُرُونِ قَبْلَهَا شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، فَقِيلَ : يَا رَسُولَ اللهِ كَفَارِسَ وَالرُّوْمِ؟ فَقَالَ: وَمَنِ النَّاسُ إِلَّا أُوْلَائِكَ؟.
অর্থাৎ কিয়ামত আসবে না যতক্ষণ না আমার উম্মত পূর্ববর্তীদের হুবহু অনুসারী হবে। হাত হাত বিঘত বিঘত। রাসূল (ﷺ) কে জিজ্ঞাসা করা হলোঃ হে আল্লাহ্'র রাসূল (ﷺ)! তারা কি পারস্য এবং রোমানদের মতো হয়ে যাবে? তিনি বললেনঃ ওরা ছাড়া আর কে? (বুখারী ৭৩১৯)
আবু সাঈদ খুদ্রী থেকে বর্ণিত তিনি বলেনঃ নবী (ﷺ) ইরশাদ করেনঃ
لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوْا جُحْرَ ضَةٍ لَسَلَكْتُمُوهُ، قُلْنَا : يَا رَسُولَ اللهِ الْيَهُودَ وَالنَّصَارَى؟ قَالَ: فَمَنْ؟!.
অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের অনুসারী হবে। হাত হাত বিঘত বিঘত তথা হুবহু এবং অবিকলভাবে। এমনকি তারা যদি কোন গুইসাপের গর্তে ঢুকে পড়ে তা হলে তোমরাও তাতে ঢুকে পড়বে। আমরা (সাহাবারা) বললামঃ হে আল্লাহ্'র রাসূল! তারা কি ইহুদী ও খ্রিষ্টান? তিনি বললেনঃ তারা নয় তো আর কারা? (বুখারী ৩৪৫৬, ৭৩২০; মুসলিম ২৬৬৯ ত্বায়ালিসী, হাদীস ২১৭৮)
ফিতনা বলতে এখানেই শেষ নয়। বরং এ ছাড়া আরো অনেক ফিতনা রয়েছে যা এখানে উল্লেখ করা হয়নি। যেমনঃ নারীর ফিতনা, সম্পদের ফিতনা, প্রবৃত্তিপূজার ফিতনা, ক্ষমতা ও নেতৃত্বের লোভ জাতীয় ফিতনা ইত্যাদি ইত্যাদি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00