📄 ধন-সম্পদের অত্যাধিক্য
ধন-সম্পদের অত্যাধিক্য কিয়ামতের আরেকটি নিদর্শন। যা পূর্বের হাদীসে বর্ণিত হয়েছে। আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সাঃ) ইরশাদ করেনঃ
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ، فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُوْلَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي.
অর্থাৎ কিয়ামত আসবে না যতক্ষণ না তোমাদের সম্পদ বেড়ে যায়। এমনভাবে বেড়ে যাবে যে, সম্পদই সম্পদশালীর মাথা ব্যথার কারণ হবে। সে সাদাকাহ্ গ্রহণকারীর খোঁজে বের হবে। এমনকি যাকেই সে সাদাকAH্ দিতে চাবে সে বলবেঃ এতে আমার কোন প্রয়োজন নেই। (বুখারী ১৪১২; মুসলিম ১৭৫)
আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল (সাঃ) ইরশাদ করেনঃ
لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَطُوفُ الرَّجُلُ فِيهِ بِالصَّدَقَةِ مِنَ الذَّهَبِ ثُمَّ لَا يَجِدُ أَحَدًا يَأْخُذُهَا مِنْهُ.
অর্থাৎ মানুষের উপর এমন এক সময় আসবে যখন সে স্বর্ণের সাদাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে; অথচ তা নেয়ার জন্য সে কাউকে খুঁজে পাবে না। (মুসলিম ১০১২)
'আদি' বিন্ হা'তিম থেকে বর্ণিত তিনি বলেনঃ একদা আমি নবী () এর নিকট অবস্থান করছিলাম এমতাবস্থায় জনৈক ব্যক্তি তাঁর নিকট এসে দারিদ্রের অভিযোগ করছিলো আর অন্য জন করছিলো ডাকাতির অভিযোগ। তখন রাসূল () আমাকে উদ্দেশ্য করে বললেনঃ হে 'আদি'! তুমি কি 'হীরায় গিয়েছিলে? আমি বললামঃ যাইনি। তবে 'হীরা এলাকার নাম শুনেছি। তখন রাসূল () আমাকে বললেনঃ হে 'আদি'! তুমি বেঁচে থাকলে অবশ্যই দেখবে যে, একদা জনৈকা মুসাফির মহিলা 'হীরা থেকে রওয়ানা করে মক্কায় পৌঁছে কা'বা ঘর তাওয়াফ করবে; অথচ পথিমধ্যে সে একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়া আর কাউকেই ভয় পাবে না। হযরত 'আদি' বলেনঃ তখন আমি মনে মনে ভাবছিলাম, আরে! ত্বায় গোত্রের ডাকাতরা তখন কোথায় থাকবে?! যারা অত্র অঞ্চলটিকে সর্বদা উত্তপ্ত করে রাখছিলো। রাসূল () আরো বলেনঃ হে 'আদি'! তুমি বেঁচে থাকলে অবশ্যই দেখবে যে, একদা কিস্সা তথা পারস্য সম্রাটের ধনভাণ্ডার তোমাদের করায়ত্তে আসবে। তখন আমি বলছিলামঃ হুরমুযের ছেলে কিস্সা?! তিনি বললেনঃ অবশ্যই। রাসূল () আরো বলেনঃ
لَئِنْ طَالَتْ بِكَ حَيَاةٌ لَتَرَيَنَّ الرَّجُلَ يُخْرِجُ مِلْءَ كَفِّهِ مِنْ ذَهَبٍ أَوْ فِضَّةٍ يَطْلُبُ مَنْ يَقْبَلُهُ مِنْهُ فَلَا يَجِدُ أَحَدًا يَقْبَلُهُ مِنْهُ.
অর্থাৎ (হে 'আদি'!) তুমি বেঁচে থাকলে অবশ্যই দেখবে যে, একদা জনৈক ব্যক্তি এক করতলভর্তি সোনা বা রুপার সাদাকা নিয়ে তা গ্রহণ করার জন্য লোক খুঁজবে; অথচ সে এমন কাউকে পাবে না। (বুখারী ৩৫৯৫)
ঐতিহাসিকদের মতে 'উমার বিন্, 'আব্দুল আযীযের যুগে এমনটি ঘটেছিলো। তখন সাদাকা নেয়ার কেউ ছিলো না। 'ঈসা ও মাহ্দী (আলাইহিমাস্ সালাম) এর যুগে আবারো ধনাধিক্য দেখা দিবে। তখনো সাদাকা নেয়ার জন্য কেউ থাকবে না। জমিন তখন তার সমস্ত ধন-ভাণ্ডার উগলে দিবে।
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল ইরশাদ করেনঃ
تَقِيءُ الْأَرْضُ أَفْلَاذَ كَبِدِهَا، أَمْثَالَ الْأَسْطُوَانِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ، فَيَجِيءُ الْقَاتِلُ فَيَقُولُ : فِي هَذَا قَتَلْتُ، وَيَجِيءُ الْقَاطِعُ فَيَقُولُ : فِي هَذَا قَطَعْتُ رَحِمِي، وَيَجِيءُ السَّارِقُ فَيَقُولُ : فِي هَذَا قُطِعَتْ يَدِي، ثُمَّ يَدَعُوْنَهُ، فَلَا يَأْخُذُوْنَ مِنْهُ شَيْئًا.
অর্থাৎ জমিন তখন তার সমস্ত ধন-ভাণ্ডার সোনা-রুপার খুঁটির ন্যায় উগলে দিবে। তখন হত্যাকারী তা দেখে বলবেঃ এ সম্পদের জন্যই তো আমি হত্যাকাণ্ড ঘটিয়েছিলাম। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বলবেঃ এ সম্পদের জন্যই তো আমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছিলাম। চোর বলবেঃ এ সম্পদের জন্যই তো আমার হাত খানা কাটা হয়েছিলো। অতঃপর কেউই উক্ত সম্পদ গ্রহণ করবে না। তা যথাস্থানে রেখেই সবাই চলে যাবে। (মুসলিম ১০১৩)
📄 নবুওয়াতের মিথ্যা দাবিদারদের আবির্ভাব
নবুওয়াতের মিথ্যুক দাবিদারদের আবির্ভাব কিয়ামতের আরেকটি আলামত। তারা প্রায় তিরিশ জন। তাদের কেউ কেউ নবী যুগে আবার কেউ কেউ সাহাবাদের যুগে বেরিয়েছে। কিয়ামত পর্যন্ত এমনিভাবে আরো বেরুবে।
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُوْنَ كَذَّابُونَ، قَرِيبًا مِنْ ثَلَاثِينَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না মিথ্যুক দাজ্জাল বের হবে। তারা প্রায় তিরিশ জন। তাদের প্রত্যেকেরই দাবি হবে, সে আল্লাহ্'র রাসূল। (বুখারী ৩৬০৯)
সাউবান থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ، وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ، وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيُّ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ، لَا نَبِيَّ بَعْدِي.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না আমার উম্মতের কোন না কোন সম্প্রদায় মুর্শিকদের সাথে মিলিত হবে এবং মূর্তি পূজা করবে। আর আমার উম্মতের মধ্যে অচিরেই তিরিশ জন মিথ্যুকের আবির্ভাব ঘটবে। যাদের প্রত্যেকেই দাবি করবে, সে এক জন নবী; অথচ আমি সর্বশেষ নবী। আমার পরে আর কোন নবী আসবেন না। (আবূ দাউদ/'আউন ১১/৩২৪ তিরমিযী/তুহফাহ্ ৬/৪৬৬)
তিরিশ জন বলতে সর্বমোট তিরিশ জনই উদ্দেশ্য নয়। বরং নবুওয়াতের দাবিদার আরো অনেক বেশি হতে পারে। তবে তিরিশ জন বলতে এমন তিরিশ জনকেই বুঝানো হচ্ছে যাদের থাকবে প্রচুর দাপট ও প্রতিপত্তি এবং যাদের অনুসারী হবে অনেক বেশি।
যারা ইতিপূর্বে নবুওয়াতের দাবি করেছে তাদের মধ্যে মিথ্যুক মুসাইলামাহ্ বিশেষভাবে উল্লেখযোগ্য। মিথ্যুকটি নবী () এর শেষ যুগে নবম হিজরী সনে তার বংশের এক প্রতিনিধি দলের সাথে মদীনায় এসে রাসূল () এর সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করে। কিন্তু বাড়ি ফিরে কিছু দিন পরই সে নবুওয়াতের দাবি করে বসে। সে বলতোঃ এ যুগের দু' নবীর মধ্যে আমি একজন। রাতের অন্ধকারে আমার নিকট আকাশ থেকে ওহী আসে। রাসূল () তার কাছে একদা চিঠিও পাঠান। এবং তাকে মিথ্যুক বলে আখ্যায়িত করেন। তার অনুসারী ছিলো সংখ্যায় অনেক। মুসলমানদের পক্ষে তাকে প্রতিহত করা খুবই কঠিন হয়ে পড়েছিলো। পরিশেষে হযরত আবূ বকর এর যুগে ইয়ামামাহ্'র যুদ্ধে তাকে হত্যা করা হয়। উক্ত যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন্ ওয়ালীদ, 'ইকরামাহ্ বিন্ আবূ জাহ্ ও শুরা'হবীল বিন্ 'হাস্নাহ্ ()। মুসাইলামাহ্ চল্লিশ হাজার সেনা বাহিনী নিয়ে সাহাবাদের মুকাবিলা করে। কিন্তু শেষ পর্যন্ত সে আর টিকতে পারলো না। বরং বীর বাহাদুর ওয়াহশী বিন্ 'হারব এর হাতেই তার জীবন সমাধি হয়।
ইয়েমেনের আস্তয়াদ 'আন্ন্সীও একদা নবুওয়াতের দাবি করে। সে তার সাঙ্গোপাঙ্গ নিয়ে পুরো ইয়েমেন দখল করে নেয়। রাসূল () তা জানতে পেরে সে এলাকার মুসলমানদেরকে তার মুকাবিলা করতে আদেশ করে চিঠি পাঠান। তারা রাসূল () এর আদেশে উদ্বুদ্ধ হয়ে তার সুকঠিন মুকাবিলা করে তাকে তার ঘরেই হত্যা করে। এ ব্যাপারে তার জনৈকা স্ত্রী মুসলমানদেরকে বিশেষ সহযোগিতা করেন। তিনি ছিলেন একজন খাঁটি ঈমানদার। তাঁর স্বামীকে হত্যা করে জোরপূর্বক আস্তয়াদ 'আন্ন্সী তাঁকে বিবাহ্ করে নেয়। আস্তয়াদ 'আন্ন্সীকে হত্যা করার পর অত্র এলাকায় ইসলাম ও মুসলমানরা পুনরায় জয়যুক্ত হয়। রাসূল() কে এ ব্যাপারে জানানোর বহু পূর্বেই তিনি ওহীর মাধ্যমে খবর পেয়ে সবাইকে আস্তয়াদ এর হত্যার ব্যাপারটি জানিয়ে দেন। তার হত্যার পূর্বে সে ইতিমধ্যেই তিন বা চার মাস ইয়েমেনের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে।
সাজাহ্ বিনতুল 'হারিস্ তাগলিবী নামক জনৈকা মহিলাও একদা রাসূল () এর ইন্তিকালের পর নবুওয়াতের দাবি করে। সে ছিলো একজন খ্রিস্টান আরব। তার অনুসারীরা যুদ্ধ করতে করতে বানু তামীম হয়ে ইয়ামামায় পৌঁছে। সেখানে পৌঁছে মহিলাটি মুসাইলামাহ্ এর সাথে সাক্ষাৎ করে তার প্রতি অকুণ্ঠ সমর্থন জানায়। তখন মিথ্যুক মুসাইলামাহ্ তার উপর অতি সন্তুষ্ট হয়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেয়। তবে মুসাইলামাহ্ এর মৃত্যুর পর সে পুনরায় ইসলামে ফিরে আসে এবং তার ইসলাম সত্য বলে প্রমাণিত হয়।
তুলাইহাহ্ বিন্ খুওয়াইলিদ আসাদী নামক জনৈক ব্যক্তিও একদা নবুওয়াতের দাবি করে। মিথ্যুকটি নবম হিজরী সনে তার বংশের এক প্রতিনিধি দলের সাথে মদীনায় এসে রাসূল () এর সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করে। কিন্তু বাড়ি ফিরে কিছু দিন পরই সে নবুওয়াতের দাবি করে। করে বসে। তখন রাসূল () যিরার বিন্ আযওয়ারকে সে এলাকার গভর্ণর করে পাঠান। যিরার সে এলাকার দায়িত্বভার গ্রহণ করার পর তুলাইহাহ্ এর ক্ষমতা একেবারেই হ্রাস পায়। কিন্তু তাকে হত্যা করা হয়নি বলে কিছু দিন পর মানুষের মধ্যে এ কথা প্রচার পায় যে, তাকে আর হত্যা করা যাচ্ছে না। তখন আবারো তার ভক্তবৃন্দ বেড়ে যায়। ইতিমধ্যে রাসূল () ইন্তিকাল করেন। অতঃপর আবূ বকর এর খিলাফতামলে তিনি খালিদ বিন ওয়ালীদ এর নেতৃত্বে তাকে শায়েস্তা করার জন্য একটি সেনাদল পাঠান। সে যুদ্ধে তার দল পরাজিত হলে সে তার স্ত্রীকে নিয়ে শাম দেশে পালিয়ে যায়। তবে সে পরবর্তীতে তাওবা করে আবারো ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম সত্য বলে প্রমাণিত হয়।
তাবি'য়ীদের যুগে মুগ্ধার বিন্ আবূ 'উবাইদ সাক্বাফী নামক জনৈক ব্যক্তিও একদা নবুওয়াতের দাবি করে। প্রথমতঃ সে নবী () এর বংশধরদের প্রতি অতি ভক্তি দেখায় এবং হযরত 'হুসাইন এর রক্তের প্রতিশোধ নিতে সে হয় বদ্ধ পরিকর। সে মুহাম্মাদ বিন্ 'হানাফিয়্যাহকে ইমাম হিসেবে স্বীকৃতি দেয়। তার অনুসারীও ছিলো সংখ্যায় অনেক। ইনুষ যুবাইর এর খিলাফতামলে সে কুফা শহর দখল করে নেয়। অতঃপর সে নবুওয়াতের দাবি করে এবং বলেঃ জিব্রীল (আঃ) স্বয়ং তার নিকট ওহী নিয়ে অবতীর্ণ হন। মুস্ব'আব বিন্ যুবাইর এর সাথে তার কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধগুলোতে সে এতটুকুও জয়লাভ করতে পারেনি। বরং পরিশেষে তাকে হত্যাই করা হয়।
খলীফা আব্দুল মালিক বিন্ মাওয়ানের খিলাফতামলে মিথ্যুক হারিস্ বিন্ সা'ঈদও নবুওয়াতের দাবি করে। প্রথমতঃ সে খুব বুযুর্গী দেখায়। অতঃপর সে দাবি করে, সে একজন নবী। যখন সে জানতে পারলো, ব্যাপারটি খলীফা পর্যন্ত পৌঁছে গেছে তখন সে সুকৌশলে আত্মগোপন করলো। কিন্তু তার বড়ো দুর্ভাগ্য এই যে, জনৈক সুকৌশলী বসরা অধিবাসী অতি অল্প সময়ে তার খাঁটি ভক্ত বনে যায়। তখন হারিস্ তার ভক্তিতে অতি আপ্লুত হয়ে সর্বদা তার জন্য নিজ দরোজা খুলে দেয়। এ সুযোগে লোকটি খলীফার কাছে সংবাদ পৌঁছিয়ে কিছু সংখ্যক অনারব সৈন্য সাথে নিয়ে তাকে আটক করে। তাকে খলীফার কাছে পৌঁছানো হলে তিনি কিছু সংখ্যক মুফতী সাহেবকে তাকে বুঝানোর দায়িত্ব অর্পণ করে। তাতে কোন ফায়েদা হয়নি বলে পরিশেষে খলীফা তাকে শূলে চড়িয়ে হত্যা করেন।
আব্বাসী খিলাফতামলে এভাবে আরো অনেকেই নবুওয়াতের দাবি করে। তবে তা এতটুকুও ধোপে টিকেনি।
আমাদের নিকটবর্তী ভারত বর্ষেও অদূর অতীতে এক মিথ্যুক বের হয়। যার নাম ছিলো মির্জা গোলাম আহমাদ কাদিয়ানী। সেও নবুওয়াতের দাবি করে। সে বলেঃ আমি মাসীহ্। আমি মারইয়াম। আমি যিল্লী নবী। ইত্যাদি ইত্যাদি। সর্বজন শ্রদ্ধেয় শায়েখ সানাউল্লাহ্ (রাহিমাহুল্লাহ) তার কঠিন প্রতিবাদ করেন। এমনকি পরিশেষে তেরোশত ছাব্বিশ হিজরী সনে গোলাম আহমাদ কাদিয়ানী হযরতকে এ বলে চ্যালেঞ্জ করে যে, ঠিক আছে আমি দো'আ করছি, আমাদের মধ্যকার মিথ্যুক লোকটি যেন অন্য জন জীবিত থাকাবস্থায় মহামারীর মতো কঠিন রোগে আক্রান্ত হয়ে অতি সত্বর মৃত্যু বরণ করে। দুর্ভাগ্য বশতঃ দো'আটি তার পক্ষেই কবুল হয়ে যায়। তাই সে উক্ত দো'আর তেরো মাস দশ দিন পরই কলেরা রোগে মৃত্যু বরণ করে। এখনো আছে তার অনেক অনুসারী। এভাবেই মিথ্যুকরা একের পর এক বের হতে থাকবে। যাদের মধ্যে সর্বশেষ মিথ্যুক হবে কানা দাজ্জাল। সামুরাহ্ বিন্ জুন্দুব ( থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল ( একদা এক সূর্য গ্রহণের দিনে বক্তব্য দিচ্ছিলেন। তখন তিনি বলেনঃ
وَإِنَّهُ وَاللَّهِ لَا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ ثَلَاثُونَ كَذَّابًا، آخِرُهُمُ الْأَعْوَرُ الْكَذَّابُ
অর্থাৎ আল্লাহ্'র কসম খেয়ে বলছিঃ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না বের হবে তিরিশ জন মিথ্যুক। যাদের সর্বশেষ মিথ্যুক হবে কানা দাজ্জাল। (আহমাদ ৫/৩৯৬)
এদের মধ্যে চারজন হবে মহিলা। 'হুযাইফাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
فِي أُمَّتِي كَذَّابُونَ وَدَجَّالُونَ سَبْعَةً وَعِشْرُونَ، مِنْهُمْ أَرْبَعُ نِسْوَةٍ، وَإِنِّي خَاتَمُ النَّبِيِّينَ، لَا نَبِيَّ بَعْدِي.
অর্থাৎ আমার উম্মতের মধ্যে সাতাশ জন দাজ্জাল ও মিথ্যুক বের হবে। যাদের চার জনই হবে মহিলা; অথচ আমি সর্বশেষ নবী। আমার পরে আর কোন নবী আসবেন না। (আহমাদ ৫/১৬)
📄 সার্বিক নিরাপত্তা
মুসলিম এলাকার সার্বিক নিরাপত্তা কিয়ামতের আরেকটি আলামত। যা ছিলো এবং আবারো আসবে।
আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَسِيرَ الرَّاكِبُ بَيْنَ الْعِرَاقِ وَمَكَّةَ، لَا يَخَافُ إِلَّا ضَلَالَ الطَّرِيقِ.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না কোন আরোহী ইরাক ও মক্কার মাঝে নির্ভয়ে ভ্রমণ করবে। তার শুধু ভয় থাকবে পথ হারিয়ে যাওয়ার। (আহমাদ ২/৩৭০-৩৭১)
সাহাবাদের যুগে এমনটি ঘটেছিলো। যখন পুরো এলাকায় ইনসাফ বিরাজ করছিলো।
'আদি' বিন্ হা'তিম থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () একদা আমাকে উদ্দেশ্য করে বললেনঃ
يَا عَدِيٌّ هَلْ رَأَيْتَ الْحَيْرَةَ؟ قُلْتُ : لَمْ أَرَهَا، وَقَدْ أُنْبِئْتُ عَنْهَا، قَالَ : فَإِنْ طَالَتْ بِكَ حَيَاةً لَتَرَيَنَّ الظَّعِينَةَ تَرْتَحِلُ مِنَ الْحِيرَةِ حَتَّى تَطُوْفَ بِالْكَعْبَةِ لَا تَخَافُ إِلَّا الله.
অর্থাৎ হে 'আদি'! তুমি কি 'হীরায় গিয়েছিলে? আমি বললামঃ যাইনি। তবে 'হীরা এলাকার নাম শুনেছি। তখন রাসূল () আমাকে বললেনঃ হে 'আদি'! তুমি বেঁচে থাকলে অবশ্যই দেখবে যে, একদা জনৈকা মুসাফির মহিলা 'হীরা থেকে রওয়ানা করে মক্কায় পৌঁছে কা'বা ঘর তাওয়াফ করবে; অথচ পথিমধ্যে সে একমাত্র আল্লাহ্ তা'আলা ছাড়া আর কাউকেই ভয় পাবে না। (বুখারী ৩৫৯৫)
ইমাম মাহ্দী ও 'ঈসা (আলাইহিমুস সালাম) এর যুগে পুরো বিশ্বে যখন আবারো ইনসাফ প্রতিষ্ঠিত হবে তখন আবারো সমাজের প্রতিটি স্তরে পূর্ণ নিরাপত্তা বিরাজ করবে।
📄 ‘হিজাযের আগুন
'হিজাযের আগুন কিয়ামতের আরেকটি আলামত। আবূ হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেনঃ রাসূল () ইরশাদ করেনঃ
لا تَقُوْمُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ، تُضِيءُ أَعْنَاقَ الْإِبِلِ بِبُصْرَى.
অর্থাৎ কিয়ামত কায়িম হবে না যতক্ষণ না হিজায ভূখণ্ড (মক্কা-মদীনা) থেকে আগুন বের হয়। যে আগুনের আলোয় বুস্বরা এলাকার উটের গলা নযরে পড়বে। (বুখারী ৭১১৮; মুসলিম ২৯০২)
হিজরী ছয় শত চুয়ান্ন শতাব্দীর পাঁচই জুমাদাস্ সানী রোজ জুমাবার মদীনার পূর্ব দিকের হারাহ্ এর পেছনে এ আগুন দেখা যায়। যা ছিলো খুবই ভয়াবহ। অন্তত চার-পাঁচ মাইল ব্যাপী। পাথরগুলো সীসার মতো গলে গিয়ে কালো রং ধারণ করছিলো। উক্ত আগুনের আলোতে তখনকার লোকেরা তাইমা' এলাকা পর্যন্ত চলা-ফেরা করছিলো। যা ছিলো দীর্ঘ এক মাস ব্যাপী। (নিহায়াহ/আল্ফিতানু ওয়াল্ল্ফালাহিম ১/২৬-২৭)
ইমাম নাওয়াওয়ী (রাহিমাহুল্লাহ) বলেনঃ আমাদের যুগেই হিজরী ছয় শত চুয়ান্ন শতাব্দীতে মদীনার পূর্ব দিকের হারাহ্ এর পেছনে এ আগুন দেখা যায়। সে আগুন ছিলো খুবই ভয়াবহ। সিরিয়া ও তার আশপাশের লোকেরা এবং মদীনাবাসীরা তা অবলোকন করেছে। (শর্'হুন্ নাওয়াওয়ী ১৮/২৮)
ইবনু কাসীর (রাহিমাহুল্লাহ) বলেনঃ বুস্বরা এলাকার একাধিক গ্রাম্য ব্যক্তি এ কথার সাক্ষ্য দিয়েছে যে, তারা 'হিজাযের আগুনের আলোয় বুস্বরা এলাকার উটের গলা দেখতে পেয়েছে। (নিহায়াহ/আল্ফিতানু ওয়াল্ল্ফালাহিম ১/১৪)
ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেনঃ উক্ত আগুন মক্কা ও বুস্বরা এলাকার পাহাড়গুলোর উপর থেকে দেখা গিয়েছে। (তাক্বিরাহ্ পৃষ্ঠা ৬৩৬)