📄 উপযুক্ত স্থান নির্বাচন করা
পাঠের জন্য এমন একটি স্থান নির্ধারণ করতে হবে, যা আপনাকে পড়া ও বোঝা ভিন্ন অন্য কোনো বিষয়ে ব্যস্ত করে দেবে না, এটি লক্ষ্যে পৌঁছার জন্য খুবই জরুরি একটি বিষয়। কেননা, মানুষ তার সময় ও নিজেকে যতই অধ্যয়নের উপযোগী করে প্রস্তুত করবে, পঠিত বিষয়কে সে তত বেশি আয়ত্ত করে নিতে পারবে। কারণ, অনেক মানুষ দুই পৃষ্ঠা বা তিন পৃষ্ঠা অতিক্রম করে গেলেও মনে করে যে, সে কিছুই অর্জন করতে পারেনি। কারণ, তার সামনে তা গোলযোগ হয়ে আছে অথবা শুরুতেই তার বোঝার সমস্যা ছিল।
ওহে তালিবে ইলম, আপনি নিজের জন্য উপযুক্ত স্থান নির্বাচনের পর আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে, এরপর আপনি এক পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা অথবা তিন পৃষ্ঠা পাঠ করুন। কয়েক অধ্যায় একসাথে পড়ে পুরো শেষ করে ফেলবেন না। বরং কয়েক পৃষ্ঠা পড়ে থেমে যাবেন এবং পেছনের পৃষ্ঠাগুলোর তথ্যসমূহ পর্যালোচনা করবেন। এরপর নিজেকে বলুন, আমি এই এই বিষয়ে উপকৃত হয়েছি। তারপর সামনে বাড়ুন। আর এভাবেই আপনি জেহেনে পঠিত বিবিধ বিষয় জমা করতে পারবেন।
📄 বই পাঠে পরামর্শ
অনেক সময় হতে পারে আপনি নির্ধারিত একটি শাস্ত্রের কিতাব পাঠ করবেন; কিন্তু সে শাস্ত্রে আপনার পঠিত কিতাবের তুলনায় সংক্ষিপ্ত ও সহজ অনেক কিতাব আছে, যাতে মূলনীতিগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এবং সেটিতে ফায়দাও বেশি। কিন্তু আপনার চেয়ে অধিক জ্ঞাত এমন কারও সাথে পরামর্শ না করার কারণে আপনি তুলনামূলক জটিল কোনো বই পাঠে অনেক সময় ব্যয় করে ফেলবেন। এর ফলে খুব সামান্য ফায়দাই অর্জন করতে পারবেন।
উদাহরণস্বরূপ : আপনি হয়তো 'আল-আরবাউন আন-নাবাবিয়্যাহ' বা 'বুলুগুল মারাম' অথবা 'মিনহাজুস সালিকিন'-এর ব্যাখ্যাগ্রন্থ পাঠ করতে চান। এখন যদি ব্যাখ্যাতাদের নীতি-পদ্ধতি সম্পর্কে আপনার জানা না থাকে, তাহলে অবশ্যই আপনার বড় বড় শাইখদের, তারপর বড় তালিবে ইলমদের জিজ্ঞেস করবেন; যেন তারা আপনাকে আপনার উপযোগী একটি ব্যাখ্যাগ্রন্থ নির্বাচন করে দিতে পারেন। আর এভাবে আপনি সহজে বেশি বেশি ফায়দা অর্জন করতে পারবেন এবং বেশি বেশি পাঠ করতে পারবেন।
📄 সর্বোত্তম সংস্করণ নির্বাচন করা
কোনো কিতাব পাঠ করার আগে আপনি আপনার শাইখদের এবং তারপর বড় তালিবে ইলমদের সাথে উপযুক্ত সংস্করণ গ্রহণের ব্যাপারে পরামর্শ করুন। অনেক সময় একটি কিতাবের অনেকগুলো সংস্করণ থাকতে পারে এবং তা ভিন্নও হতে পারে। কিছু আছে নানান বিভ্রাট ও ভুলে ভরা।
যখন কোনো তালিবে ইলম তার চেয়ে অভিজ্ঞ কারও সাথে এ ব্যাপারে পরামর্শ করে নেবে, তখন সে ভালো সংস্করণের বই নির্বাচন করে সহজে উপকৃত হতে পারবে। যদি পরামর্শ না করে, তাহলে তার বহু সময় নষ্ট হতে পারে। পরামর্শের ফলে তার এই সময় নষ্ট থেকে সে বেঁচে যাবে।
কিছু কিছু সংস্করণে জঘন্য অনেক ভুল ও উদাহরণ রয়েছে। তারপরও আপনি দেখবেন, কিছু ছাত্র পরামর্শ ছাড়াই এসব কিতাব পাঠ করে; ফলে ভুল তথ্য গ্রহণ করে।
এখানে আমি সুন্দর একটি বিষয় তুলে ধরছি। আমি ইমাম আজ-জাহাবি -এর ‘মিজানুল ইতিদাল’ কিতাবটি পাঠ করছিলাম। পাঠের একপর্যায়ে ইমাম আদ-দাওলাবি -এর জীবনী নিয়ে এই বাক্যটি পেলাম :
تكلموا فيه لما تبين من أمره الأخير
‘তোমরা তার সর্বশেষ যে বিষয় প্রকাশিত হয়েছে, তা নিয়ে কথা বলো।’
এই বাক্যটি মূলত ইমাম আদ-দারাকুতনি দাওলাবির ব্যাপারে করা সাহামির প্রশ্নের উত্তরে বলেছেন। এর অর্থ হলো, দাওলাবি সর্বশেষ একটি বিষয় অর্জন করেছেন। আমি সর্বশেষ সে বিষয়টি খুঁজতে থাকি যে, তা কি এলোমেলো কোনো বিষয়? না আকিদার কোনো বিষয়? ফলে আমি ইমাম আদ-দারাকুতনির 'সুওয়ালাতুস সাহামি' নামক কিতাবটি অধ্যয়ন করতে শুরু করলাম। সেখানে দেখলাম, উপরিউক্ত বাক্যটি এভাবে উল্লেখ করা হয়েছে :
تكلموا فيه، ما تبين من أمره إلا خير
'তোমরা তাকে নিয়ে কথা বলো। কারণ, তার প্রতিটি বিষয়ই কল্যাণকর।'
মিজানুল ইতিদালের সংস্করণটির প্রতি লক্ষ করুন। এখানে (إِلَّا) কে (خَيْر)-এর সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। ফলে (الأخِي) হয়ে গেছে। ফলে পুরো অর্থ সম্পূর্ণ পাল্টে গেছে। 'সুওয়ালাতুস সাহামি' গ্রন্থটি তা সংশোধন করে দিয়েছে। 'মিজানুল ইতিদাল'-এর এই সংস্করণে যা আছে, তা তার জন্য অপমানজনক।
সুতরাং হে তালিবে ইলম, পড়ার আগে পরামর্শ করে পঠিতব্য গ্রন্থের সর্বোত্তম সংস্করণ নির্বাচন করে নেবেন।
📄 সংক্ষিপ্ত বই দ্বারা পাঠ শুরু করা
অধ্যয়নে আগ্রহী নতুন অনেক যুবক শুরুতে খুব উদ্যমী ও দুঃসাহসী হয়ে থাকে। এটি প্রশংসনীয় একটি বিষয়। কিন্তু তারা আলিম ও বড় তালিবে ইলমদের সাথে পরামর্শ ছাড়াই কিতাব অধ্যয়ন শুরু করে। সময়ের তালে তালে একসময় তাদের মাঝে ক্লান্তি দেখা দেয় এবং দুর্বলতা তাদের ঘায়েল করে ফেলে। ফলে তারা এক ধরনের অলসতা অনুভব করে। আর এভাবে সে একসময় ইলমের পথ থেকেই ছিটকে পড়ে।
তাই তালিবে ইলমের জন্য এটি জানা জরুরি যে, ইলমের পথ অনেক দীর্ঘ। যে তা খুব দ্রুত অর্জন করতে চাইবে, সে তা দ্রুত বর্জন করবে।