📘 কিতাবুত তাওহীদ > 📄 ২৩. যাদু

📄 ২৩. যাদু


আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন:
وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
“তারা অবশ্যই অবগত আছে, যে ব্যক্তি তা ক্রয় করে নিয়েছে, পরকালে তার কোন অংশ নেই।” (সূরা আল বাকারা: ১০২)

আল্লাহ তা‘আলা আরো বলেন:
أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ
“তুমি কি তাদেরকে দেখনি যাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেয়া হয়েছে? তারা জিবত এবং তাগূতকে বিশ্বাস করে। (সূরা আন নিসা: ৫১)

উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন,
«الْجِبْتُ: السِّحْرُ، وَالطَّاغُوتُ: الشَّيْطَانُ»
‘জিবত’ হচ্ছে যাদু, আর ‘ত্বাগূত’ হচ্ছে শয়তান।

জাবির (রাঃ) বলেন,
«الطَّوَاغِيتُ كُهَّانٌ كَانَ يَنْزِلُ عَلَيْهِمُ الشَّيْطَانُ، فِي كُلِّ حَيٍّ وَاحِدٌ»
‘ত্বাগূত’ হচ্ছে গণক। তাদের উপর শয়তান অবতীর্ণ হতো প্রত্যেক গোত্রের জন্যই একজন করে গণক নির্ধারিত ছিল।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত আছে, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:
«اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، وَمَا هُنَّ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالسِّحْرُ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ»
তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে দূরে থাক। ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, সেগুলো কী কী? নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর সাথে শিরক করা, যাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, যা আল্লাহ তা‘আলা হারাম করেছেন, সূদ খাওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের ময়দান হতে পলায়ন করা এবং সতী-সাধ্বী মু’মিন নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয়া”।

জুনদুব (রাঃ) থেকে ‘মারফূ’ হাদীছে বর্ণিত হয়েছে, নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:
حَدُّ السَّاحِرِ ضَرْبَةٌ بِالسَّيْفِ
“যাদুকরের শাস্তি হচ্ছে তলোয়ারের আঘাতে গর্দান উড়িয়ে দেয়া”।

ইমাম তিরমিযী এই হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেন: হাদীছটি মাওকূফ হওয়াই সঠিক।

ছহীহ বুখারীতে বাজালা বিন আবাদাহ থেকে বর্ণিত আছে, উমার (রাঃ) মুসলিম গভর্ণরদের কাছে পাঠানো নির্দেশ নামায় লিখেছেন,
«أَنِ اقْتُلُوا كُلَّ سَاحِرٍ وَسَاحِرَةٍ، قَالَ: فَقَتَلْنَا ثَلَاثَ سَوَاحِرَ»
“তোমরা প্রত্যেক যাদুকর পুরুষ এবং যাদুকর নারীকে হত্যা করো। বাজালা বলেন, এ নির্দেশের পর আমরা তিনজন যাদুকর মহিলাকে হত্যা করেছি”।

হাফসা (রাঃ) থেকে বর্ণিত ছহীহ হাদীছে এসেছে,
«أَنَّهَا أَمَرَتْ بِقَتْلِ جَارِيَةٍ لَهَا سَحَرَتْهَا، فَقُتِلَتْ»
তার দাসী তাকে যাদু করেছিল। তিনি তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। অতঃপর উক্ত নির্দেশে তাকে হত্যা করা হয়েছে।

ইমাম মালেক (রহঃ) স্বীয় মুয়াত্তায় এ হাদীছ বর্ণনা করেছেন। একই রকম হাদীছ জুনদুব থেকে ছহীহ সূত্রে বর্ণিত হয়েছে। ইমাম আহমাদ (রহঃ) নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তিনজন ছাহাবী থেকে এই কথা বর্ণনা করেছেন।

এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়:
১) সূরা আল বাকারার ১০২ নং আয়াতের তাফসীর।
২) সূরা আন নিসার ৫১ নং আয়াতের তাফসীর।
৩) ‘জিবত’ এবং ‘ত্বাগূত’এর ব্যাখ্যা এবং উভয়ের মধ্যে পার্থক্য।
৪) ‘ত্বাগূত’ কখনো জ্বিন আবার কখনো মানুষ হতে পারে।
৫) ধ্বংসাত্মক সাতটি বিশেষ বিষয় সম্পর্কে জানা গেল। যা থেকে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষভাবে নিষেধ করেছেন।
৬) যাদুকর কাফির।
৭) তাওবার সুযোগ দেয়া ছাড়াই যাদুকরকে হত্যা করতে হবে।
৮) উমার (রাঃ) এর যুগে যাদুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তাহলে তার পরবর্তী যুগের অবস্থা কী দাঁড়াবে? কোনো সন্দেহ নেই যে তার পরবর্তী যুগে যাদু বিদ্যার ব্যাপক প্রসার ঘটবে।

টিকাঃ
৯৯. যাদু দু’দিক দিয়ে শিরকের অন্তর্ভূক্ত:
প্রথম দিক: যাদুতো শয়তানদেরকে ব্যবহার করা হয়। তাদের সাথে গাড় সম্পর্ক রাখতে হয় এবং চাহিদানুযায়ী তাদের নৈকট্য অর্জন করতে হয়। বিনিময়ে তারা যাদুকরের প্রার্থিত খেদমত আঞ্জাম দেয়। অতএব, যাদু শয়তানের শিক্ষা।
আল্লাহ তা‘আলা বলেন,
وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ
শয়তানরাই কুফরী করেছিল। তারা মানুষকে যাদুবিদ্যা শিক্ষা দিত। সূরা আল-বাক্বারা ২: ১০২।
দ্বিতীয় দিক: যাদুতো ইলমে গায়েবের দাবি করা হয়। যা আল্লাহর সাথে শিরকের অন্তর্ভূক্ত। আর এটা হলো কুফরী ও ভ্রষ্টতা। আল্লাহ তা‘আলা বলেন,
وَلَقَدْ عَلِمُوا لَمَنِ اشْتَرَاهُ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ
১০০. আল্লাহ তা‘আলার বাণী: يُؤْمِنُونَ بِالْجِبْتِ وَالطَّاغُوتِ অর্থাৎ তারা ‘জিবত’ এবং ‘তাগূত’কে বিশ্বাস করে, এর ব্যাখ্যায় উমার (রাঃ) বলেন: ‘জিবত’ হচ্ছে যাদু। আর তাগূত হচ্ছে শয়তান। একাধিক বস্তুর ক্ষেত্রে ‘তাগূত’ শব্দটি প্রয়োগ হয়ে থাকে। আল্লাহ ছাড়া অন্যান্য যেসব বস্তুর ইবাদত করা হয়, সেগুলো তাগূতের অন্তর্ভূক্ত। সুতরাং এই বাতিল মা‘বূদগুলোও তাগূত। কুরআনের আয়াতগুলোতে এর যথেষ্ট প্রমাণ রয়েছে। গণকদেরকেও তাগূত বলা হয়। যারা শরী‘আতে ইলাহীকে বাদ দিয়ে অন্য বিধান দিয়ে ফায়ছালা করে, ইসলামী শরীয়াতের বিপরীত করার হুকুম করে অথবা যারা আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধানের প্রতি সন্তুষ্ট থাকে এবং এজাতীয় অন্যান্য বস্তুও তাগূতের মধ্যে শামিল।
১০১. ছহীহ বুখারী, ফাতহুল বারী ৮/২৫২, ইবনে কাসীর।
১০২. ছহীহ বুখারী, ফাতহুল বারী ৮/২৫২, ইবনে আবী হাতিম, তাফসীরে ইবনে জারীর ৩/১৩।
১০৩. ছহীহ বুখারী হা/২৭৬৬, অধ্যায়: সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেয়া, ছহীহ মুসলিম হা/৮৯, আবু দাউদ হা/২৮৭৪, নাসাঈ হা/৩৬৭১।
১০৪. যঈফ: তিরমিযী হা/১৪৬০, অধ্যায়: যাদুকরের শাস্তি। ইমাম আলবানী (রহঃ) এই হাদীছকে যঈফ বলেছেন: দেখুন: সিলসিলায়ে যঈফা হা/১৪৪৬, দারাকুতনী হা/৩২০৪, সুনানুল কুবরা বায়হাকী।
১০৫. হাসান-ছহীহ: আবু দাউদ হা/৩০৪৩, তিরমিযী হা/১৫৮৭, মুসনাদে শাফিয়ী হা/২৯০, আব্দুর রাযযাক হা/৯৯৭২।
১০৬. মুসনাদে শাফিয়ী হা/২৯০, মুয়াত্তা মালিক হা/৩২৪৭, সুনানুল কুবরা বায়হাকী ৮/১৩৬।
১০৭. যাদুকর কাফের কি না এ ব্যাপারে আলেমগণ মতভেদ করেছেন। একদল আলেমের মত হচ্ছে, যাদুকর কাফের। ইমাম মালেক, ইমাম আবু হানীফা এবং ইমাম আহমাদ (রহঃ) এ মতই পোষণ করেছেন। ইমাম আহমাদ বিন হাম্বাল (রহঃ) এর অনুসারীদের মতে কোন ঔষধ, ধোঁয়া এবং ক্ষতিকর কোন জিনিস পান করিয়ে যাদু করা হলে যাদুকর কাফের হবে না। এ ছাড়া অন্য কিছুর মাধ্যমে করা হলে কাফের হবে। তা কুফরী হওয়ার অন্যতম দলীল হচ্ছে আল্লাহ তা‘আলার বাণী:
وَمَا يُعَلِّمَانِ مِنْ أَحَدٍ حَتَّىٰ يَقُولَا إِنَّمَا نَحْنُ فِتْنَةٌ فَلَا تَكْفُرْ
“তারা উভয়ই এ কথা না বলে কাউকে (যাদু) শিক্ষা দিত না যে, আমরা কেবল পরীক্ষার জন্য এসেছি; কাজেই তুমি কুফরীতে লিপ্ত হয়ো না। (সূরা আল-বাকারা: ১০২)

📘 কিতাবুত তাওহীদ > 📄 ২৪. যাদুর প্রকারভেদ

📄 ২৪. যাদুর প্রকারভেদ


ইমাম আহমাদ বিন হাম্বাল (রহঃ) বলেন: আমাদের কাছে মুহাম্মাদ বিন জাফর হাদীছ বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেন আওন হতে, আর আওন বর্ণনা করেন হাইয়্যান বিন আলা হতে, হাইয়্যান বলেন: কাতান বিন কাবীসা আমাদের কাছে তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি নাবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ কথা বলতে শুনেছেন,
«إِنَّ الْعِيَافَةَ، وَالطَّرْقَ وَالطِّيَرَةَ مِنَ الْجِبْتِ». قَالَ عَوْفٌ: (الْعِيَافَةُ: زَجْرُ الطَّيْرِ، وَالطَّرْقُ: الْخَطُّ يُخَطُّ بِالْأَرْضِ)، وَالْجِبْتُ: قَالَ الْحَسَنُ: (رَنَّةُ الشَّيْطَانِ)
“নিশ্চয়ই ‘ইয়াফা’, ‘তারক’ এবং ‘তিয়ারাহ’ হচ্ছে ‘জিবত’এর অন্তর্ভূক্ত। আওফ বলেছেন, ‘ইয়াফা’ হচ্ছে পাখি উড়িয়ে ভাগ্য গণনা করা। ‘তারক’ হচ্ছে মাটিতে রেখা টেনে ভাগ্য গণনা করা। হাসান বসরী বলেছেন, ‘জিবত’ হচ্ছে শয়তানের চিৎকার”। এ বর্ণনার সনদ ভাল। আবু দাউদ, নাসাঈ এবং ইবনে হিব্বান তার কিতাব ‘ছহীহ’তে এ হাদীছের শুধু মারফূ‘ অংশটুকু বর্ণনা করেছেন। অর্থাৎ তারা আওফের উক্তি বাদ দিয়ে বর্ণনা করেছেন।

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
«مَنِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ النُّجُومِ فَقَدِ اقْتَبَسَ شُعْبَةً مِنَ السِّحْرِ، زَادَ مَا زَادَ»
“যে ব্যক্তি জ্যোতির্বিদ্যার কিছু অংশ শিখল, সে যাদু বিদ্যারই একটি শাখা শিখল। জ্যোতির্বিদ্যা যে যত বেশী শিখবে, সে যাদুও তত বেশী শিখবে।
ইমাম আবু দাউদ এ হাদীছ বর্ণনা করেছেন। হাদীছের সনদ ছহীহ।

ইমাম নাসাঈ আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণনা করেন,
«مَنْ عَقَدَ عُقْدَةً، ثُمَّ نَفَثَ فِيهَا، فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»
“যে ব্যক্তি গিরা লাগাল অতঃপর তাতে ফুঁ দিল সে মূলত যাদু করল। আর যে ব্যক্তি যাদু করল সে মূলত শিরক করল। আর যে ব্যক্তি কোন জিনিস লটকায় তাকে ঐ জিনিসের দিকেই সোপর্দ করা হয়।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন:
«أَلَا أُنَبِّئُكُمْ مَا الْعَضْهُ؟ هِيَ النَّمِيمَةُ، الْقَالَةُ بَيْنَ النَّاسِ»
আমি কি তোমাদেরকে বলব না, عضه) আয্হ) কাকে বলে? তা হচ্ছে চোগলখোরী বা কুৎসা রটনা করা। অর্থাৎ মানুষের মধ্যে কথা-লাগানো বা বদনাম ছড়ানো।

আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত হয়েছে, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
«إِنَّ مِنَ الْبَيَانِ لَسِحْرًا»
“নিশ্চয়ই কোন কোন কথার মধ্যেও যাদু রয়েছে”।

এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়:
১) ‘ইয়াফা’, ‘তারক’ এবং ‘তিয়ারাহ’ জিবতের অন্তর্ভূক্ত।
২) ‘ইয়াফা’, ‘তারক’, এবং ‘তিয়ারাহ’এর তাফসীর জানা গেল।
৩) জ্যোতির্বিদ্যা যাদুর অন্যতম প্রকার।
৪) ‘ফুঁ’সহ গিরা লাগানোও যাদুর অন্তর্ভূক্ত।
৫) চোগলখোরী করাও যাদুর মধ্যে শামিল।
৬) কিছু কিছু বক্তৃতাও যাদুর অন্তর্ভূক্ত ।

টিকাঃ
১০৮. যঈফ: আবু দাউদ হা/৩৯০৭, ইবনে হিব্বান হা/৬১৩১।
১০৯. ছহীহ: আবু দাউদ, অধ্যায়: জ্যোতির্বিদ্যা। দেখুন: ছহীহ তারগীব ওয়াত তারহীব, হা/৩০৫১।
১১০. যঈফ: নাসাঈ হা/৪০৭৯।
১১১. ছহীহ মুসলিম হা/২৬০৬, অধ্যায়: চোগলখোরী হারাম।
১১২. ছহীহ বুখারী হা/৫১৪৬, আবু দাউদ হা/৫০০৭।

📘 কিতাবুত তাওহীদ > 📄 ২৫. গণক এবং তাদের অনুরূপ লোকদের বর্ণনা

📄 ২৫. গণক এবং তাদের অনুরূপ লোকদের বর্ণনা


ছহীহ মুসলিমে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কতিপয় স্ত্রী থেকে বর্ণিত আছে, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,
«مَنْ أَتَى عَرَّافًا فَسَأَلَهُ عَنْ شَيْءٍ فَصَدَّقَهُ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ يَوْمًا»
“যে ব্যক্তি কোন আররাফের (গণকের) কাছে আসল, তারপর তাকে (ভাগ্য সম্পর্কে) কিছু জিজ্ঞাসা করল, অতঃপর গণকের কথাকে সত্য বলে বিশ্বাস করল, তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার ছালাত কবুল হবে না”।

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
«مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ - صلى الله عليه وسلم»
“যে ব্যক্তি গণকের কাছে আসল, অতঃপর গণক যা বলল তা সত্য বলে বিশ্বাস করল সে মূলত মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর যা নাযিল করা হয়েছে তা অস্বীকার করল। আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজাহ এবং হাকিম এই হাদীছটি বর্ণনা করেছেন। এ হাদীছ বর্ণনা করার পর ইমাম হাকেম বলেন: ছহীহ বুখারী ও মুসলিমের শর্ত মুতাবেক হাদীছটি ছহীহ। আবু ইয়া’লা ইবনে মাসউদ (রাঃ) থেকে অনুরূপ মাওকূফ হাদীছ বর্ণনা করেছেন।

ইমরান বিন হুসাইন থেকে ‘মারফূ’ হাদীছে বর্ণিত আছে:
«لَيْسَ مِنَّا مَنْ تَطَيَّرَ أَوْ تُطُيِّرَ لَهُ، أَوْ تَكَهَّنَ أَوْ تُكُهِّنَ لَهُ، أَوْ سَحَرَ أَوْ سُحِرَ لَهُ، وَمَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم»
“যে ব্যক্তি পাখি উড়িয়ে ভাগ্যের ভাল-মন্দ যাচাই করল অথবা যার ভাগ্যের ভাল-মন্দ যাচাই করার জন্য পাখি উড়ানো হল, অথবা যে ব্যক্তি ভাগ্য গণনা করল, অথবা যার ভাগ্য গণনা করা হল, অথবা যে ব্যক্তি যাদু করল অথবা যার জন্য যাদু করা হল, সে আমাদের দলের নয়। আর যে ব্যক্তি কোন গণকের কাছে আসল অতঃপর সে (গণক) যা বলল তা বিশ্বাস করল সে ব্যক্তি মূলত মুহাম্মাদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর যা নাযিল করা হয়েছে তা (কুরআন) অস্বীকার করল। ইমাম বায্যার (রহঃ) এই হাদীছটি ভাল সনদে বর্ণনা করেছেন। ইমাম তাবারানীও স্বীয় কিতাব ‘আওসাত’এ হাসান সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে হাদীছটি বর্ণনা করেছেন। তবে তাবারানীর বর্ণনায় ومن أتى...থেকে শেষ পর্যন্ত উল্লেখ নেই।
ইমাম বাগাভী (রহঃ) বলেন عـراف) গণক) ঐ ব্যক্তিকে বলা হয়, যে চুরাই জিনিস, হারিয়ে যাওয়া জিনিস ইত্যাদির স্থান অবগত আছে বলে দাবি করে। অন্য বর্ণনায় আছে, এ ধরনের লোককেই গণক বলা হয়। মূলত গণক বলা হয় এমন ব্যক্তিকে যে ভবিষ্যতের গায়েবী বিষয় সম্পর্কে সংবাদ দেয় অর্থাৎ যে ভবিষ্যদ্বাণী করে। আবার কারো মতে যে ব্যক্তি ভবিষ্যতের গোপন খবর বলে দেয়ার দাবি করে তাকেই গণক বলা হয়। কারো মতে যে ব্যক্তি অন্তরের (গোপন) খবর দেয়ার দাবি করে, সেই গণক।
আবুল আব্বাস ইবনে তাইমিয়া (রহঃ) বলেছেন كـاهن) গণক), منجم (জ্যোতির্বিদ) এবং رمـال) বালির উপর রেখা টেনে ভাগ্য গণনাকারী) এবং এ জাতীয় পদ্ধতিতে যারাই গায়েব সম্পর্কে কিছু জানার দাবি করে তাদেরকে আররাফ(عراف) বলা হয়।
আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেছেন, এক কওমের কিছু লোক أباجاد লিখে নক্ষত্রের দিকে দৃষ্টি দেয় এবং তা দ্বারা ভাগ্যের ভাল-মন্দ যাচাই করে। পরকালে তাদের জন্য আল্লাহর কাছে কোন ভাল ফল আছে বলে আমি মনে করি না।

এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়:
১) ভাগ্য গণনাকারীকে সত্য বলে বিশ্বাস করা এবং কুরআনের প্রতি ঈমান রাখা, এ দু’টি বিষয় একই ব্যক্তির অন্তরে এক সাথে অবস্থান করতে পারে না।
২) ভাগ্য গণনা করা কুফরী হওয়ার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা।
৩) যার জন্য গণনা করা হয়, তার হুকুমও উল্লেখ করা হয়েছে।
৪) পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষাকারীর হুকুম কি, তা উল্লেখ করা হয়েছে।
৫) যার জন্য যাদু করা হয়, তার হুকুম উল্লেখ করা হয়েছে।
৬) ঐ ব্যক্তির হুকুমও জানা গেল, যে أباجد) আবাজাদ) লিখে গায়েবের খবর বলার দাবি করে।
৭) ‘কাহেন’ كـاهن এবং ‘আররাফ’ عـراف এর মধ্যে পার্থক্য কি, তাও উল্লেখ করা হয়েছে।

টিকাঃ
১১৩. ভাগ্য গণনা ও ভবিষ্যদ্বাণী করা:
এটা ইলমে গায়েব ও অদৃশ্যের বিষয়াবলী জানার দাবি করা। যেমন, পৃথিবীতে ভবিষ্যতে কি আপতিত ও সংঘটিত হবে এবং হারানো বস্তুর বর্তমান অবস্থান সম্পর্কে সংবাদ দেয়া। আকাশের সংবাদ চুরিকারী শয়তানদেরকে ব্যবহার করে তারা এসব সংবাদ দিয়ে থাকে। যেমন- আল্লাহ তা‘আলা বলেন,
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ الشَّيَاطِينُ تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ كَاذِبُونَ}
[الشعراء: ٢٢١ - ٢٢٣]
আমি আপনাকে বলব কি কার উপর শয়তানেরা অবতরণ করে? তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গুনাহগারের উপর। তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। সূরা আশ শু‘আরা ২৬:২২১-২২৩।
শয়তানরা ফেরেশতাদের কিছু কথা চুরি করে তা জ্যোতিষীদের কানে দেয়। জ্যোতিষী তখন ঐ একটি সত্য কথার সাথে আরো শত মিথ্যা কথা মিশিয়ে জনগণকে সংবাদ দেয়। আর আকাশ থেকে শ্রুত ঐ একটি সত্য কথা থাকার কারণে মানুষেরা উক্ত জ্যোতিষীকে সত্য বলে বিশ্বাস করে। একমাত্র আল্লাহই কেবল ইলমে গায়েব জানেন।
অতএব, কেউ যদি জ্যোতিষী বা অন্য কোন উপায়ে ইলমে গায়েবে আল্লাহর সাথে অংশীদারিত্ব দাবি করে অথবা যারা ইলমে গায়েব দাবি করে তাদেরকে বিশ্বাস করে তবে সে আল্লাহর বিশেষত্বে অন্যকে শরীক করলো। জ্যোতির্বিদ্যা শিরক মুক্ত নয়। কারণ এতে শয়তানের চাহিদামত বিষয় দ্বারা তার নৈকট্য অর্জন করা হয়।
আল্লাহর ইলমে শরীকানার দাবি থাকায় ইলমে গায়েবের দাবিকে আল্লাহর রুবুবিয়্যাতে শিরক করা হয়। অপর দিকে ইবাদতের কিছু অংশ আল্লাহ তা‘আলা ব্যতীত অন্যের জন্য সাব্যস্ত করায় এতে ইবাদতের ক্ষেত্রেও আল্লাহর সাথে শরীক করা হয়।
১১৪. ছহীহ মুসলিম হা/২২৩০, অধ্যায়: গণকের কাজ নিষিদ্ধ এবং গণকের কাছে যাওয়াও নিষিদ্ধ।
১১৫. ছহীহ: আবু দাউদ হা/৩৯০৪, তিরমিযী হা/১৩৫, নাসাঈ, ইবনে মাজাহ হা/৬৩৯ এবং হাকিম, দারেমী হা/১১৩৬। ইমাম আলবানীও হাদীছটিকে ছহীহ বলেছেন, দেখুন: সিলসিলায়ে ছহীহা, হা/৩৩৮৭।
১১৬. ছহীহ: সিলসিলায়ে ছহীহা, হা/৩০৪১, ছহীহুল জামি‘ হা/৫৪৩৫||
১১৭. শারহুস সুন্নাহ ১২/১৮২।
১১৮. ফাতাওয়া কুবরা ১/১৬৩।
১১৯. মুসান্নাফ ইবনে আবী শাইবা হা/২৬১৬১।

📘 কিতাবুত তাওহীদ > 📄 ২৬. নুশরাহ বা প্রতিরোধমূলক ব্যবস্থা

📄 ২৬. নুশরাহ বা প্রতিরোধমূলক ব্যবস্থা


জাবের (রাঃ) হতে বর্ণিত আছে,
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنِ النُّشْرَةِ فَقَالَ هُوَ مِنْ عَمَلِ الشَّيْطَانِ»
“রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নুশরাহ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন: নুশরাহ হচ্ছে শয়তানের কাজ। ইমাম আহমাদ (রহঃ) ভাল সনদে হাদীছটি বর্ণনা করেছেন। আর ইমাম আবু দাউদ (রহঃ) ও হাদীছটি বর্ণনা করেছেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন: ইমাম আহমাদ (রহঃ) কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেছেন, ইবনে মাসউদ (রাঃ) এ সবকিছুই (নুশরাহ) অপছন্দ করতেন।

ছহীহ বুখারীতে কাতাদাহ (রহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন: আমি ইবনুল মুসাইয়্যিবকে বললাম, “একজন মানুষের শরীরে অসুখ রয়েছে অথবা যাদুর মাধ্যমে তাকে তার স্ত্রী থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, এমতাবস্থায় কি তার উপর থেকে যাদুর প্রভাব দূর করা যাবে? কিংবা নুশরাহ এর মাধ্যমে চিকিৎসা করা যাবে কি? তিনি বললেন, এতে কোন দোষ নেই। কারণ তারা এর দ্বারা সংশোধন ও কল্যাণ সাধন করতে চায়। যা দ্বারা মানুষের কল্যাণ ও উপকার সাধিত হয় তা নিষিদ্ধ নয়”।

হাসান বসরী (রহঃ) থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন:
«لا يحل السحر إلا الساحر»
“একমাত্র যাদুকর ছাড়া অন্য কেউ যাদু অপসারণ করতে পারে না।
ইমাম ইবনুল কাইয়্যিম বলেন, النشرة حل السحر عن المسـحور ‘নুশারাহ’ হচ্ছে যাদুকৃত ব্যক্তির উপর থেকে যাদুর প্রভাব দূর করা। নুশারাহ দু’ধরনের:
প্রথমটি হচ্ছে, যাদুকৃত ব্যক্তির উপর হতে যাদুর ক্রিয়া নষ্ট করার জন্য অনুরূপ যাদু দ্বারা চিকিৎসা করা। আর এটাই হচ্ছে শয়তানের কাজ। হাসান বসরী (রহঃ) এর বক্তব্য দ্বারা এ কথাই বুঝানো হয়েছে। এ ক্ষেত্রে নাশের (যাদুর চিকিৎসক) ও মুনতাশার (যাদুকৃত রোগী) উভয়ই শয়তানের পছন্দনীয় কাজের মাধ্যমে শয়তানের নৈকট্য হাসিল করে (শয়তানের ইবাদত করে)। যার ফলে শয়তান যাদুকৃত রোগীর উপর থেকে তার প্রভাব মিটিয়ে দেয়।
দ্বিতীয়টি হচ্ছে, ঝাড়-ফুঁক, আল্লাহ তা‘আলার কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা সম্বলিত দু‘আগুলো পাঠ করা এবং বৈধ ঔষধ-পত্র প্রয়োগ করা। এ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা শরী‘আতে জায়েয আছে।

এ অধ্যায় থেকে নিম্নোক্ত বিষয়গুলো জানা যায়:
১) নুশরাহ্ তথা যাদু দ্বারা যাদুকৃত রোগীর চিকিৎসা করতে নিষেধ করা হয়েছে।
২) নিষিদ্ধ বস্তু ও অনুমতি প্রাপ্ত বস্তুর মধ্যে পার্থক্য করতে পারলেই সমস্যা ও সন্দেহ মুক্ত হওয়া যায়।

টিকাঃ
১২০. নুশরাহ হচ্ছে এক প্রকার ঝাড়-ফুঁক ও চিকিৎসার নাম। যাদুগৃস্ত ব্যক্তি থেকে যাদুর প্রভাব দূর করাকে ‘নুশরাহ’ বলা হয়।
১২১. ছহীহ: সুনানে আবু দাউদ হা/৩৮৬৮, বায়হাকী সুনানুল কুবরা।
১২২. ইলামুল মুওয়াক্কীঈন আনিল রাব্বুল আলামীন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00