📄 আমরা হাম্মাদের মতকেই অবলম্বন করি
হাদীস নং ২৫১ – আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়িলেন, তাঁহার পিছনে একটি কাতার করিলেন এবং অপর কাতারটি দুশমনের মোকাবেলায় দন্ডায়মান করিলেন। তাহারা সবাই নামাযে শরীক ছিলেন। রাসূল তাকবীর দিলেন, তাহারা সকলে তাকবীর দিলেন এবং তাহাদিগকে নিয়া রাসূল এক রাকাআত পড়িলেন অতঃপর ইহারা উহাদের কাতারে চলিয়া গেলেন এবং অপর দলটি আসিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে নিয়া এক রাকাআত পড়িলেন এবং সালাম ফিরাইলেন। অতঃপর তাঁহার পিছনের লোকেরা সেই স্থানেই এক রাকাআত আদায় করিলেন অতঃপর উহাদের স্থানে চলিয়া গেলেন। উহারা আসিলেন এবং তাহাদের বাকী এক রাকাআত আদায় করিলেন। সুফিয়ান বলেন, আমরা হাম্মাদের মতকেই অবলম্বন করি। এই নামাযে প্রথম দল অতঃপর দ্বিতীয় দল এই তরতীব বজায় থাকিবে।
📄 সালাতুল খওফ আদায়ের নিয়ম
হাদীস নং ২৫২ - সুফিয়ান ইবরাহীম হইতে বর্ণনা করেন, তিনি বলেন, একটি সারি দুশমনদের মুকাবেলায় দন্ডায়মান হইবে এবং তাহারা নামাযে থাকিবে না। অপর একটি সারি ইমামের পিছনে থাকিবে। তিনি ইহাদিগকে নিয়া এক রাকাআত পড়িবেন অতঃপর ইহারা উহাদের স্থানে চলিয়া যাইবেন এবং উহারা আসিবেন। তিনি ইহাদিগকে নিয়া দ্বিতীয় রাকাআত পড়িবেন এবং সালাম ফিরাইবেন। অতঃপর ইহারা উহাদের স্থানে চলিয়া যাইবে এবং উহারা আসিয়া তাহাদের বাকী এক রাকাআত আদায় করিবে অতঃপর ইহারা উহাদের স্থানে চলিয়া যাইবে এবং উহারা আসিয়া তাহাদের বাকী এক রাকাআত আদায় করিবে।
📄 ভীতিকালে ফরয নামায আদায় করিবে
হাদীস নং ২৫৩ - আব্দুল মালেক ইবনে আবী সুলাইমান আল্লাহতায়ালার বাণী (ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানান) প্রসঙ্গে বলেন, তুমি ইশারা করিয়া ফরয নামায পড়িবে যেই দিকেই ধাবিত হও না কেন এবং তোমার সওয়ারী যেই দিকেই ধাবিত হোক না কেন, পদাতিক হও বা সওয়ার হও।
📄 সকলেই সাওয়ার হইয়া নামায পড়িলেন
হাদীস নং ২৫৪ - রাজা ইবনে হাইওয়াহ হইতে বর্ণিত, তিনি বলেন, তাহারা একটি সেনা বাহিনীতে ছিলেন, তাহাদের সেনাপতি ছিলেন সামত বিন সাবেত বা সাবেত বিন সামত। ইত্যবসরে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হইলে তাহারা সকলে সওয়ার হইয়াই নামায পড়িলেন। অতঃপর তিনি তাহাদের প্রতি তাকাইয়া দেখিলেন, আশতার অবতরণ করিয়া নামায পড়িতেছে। তিনি বলিলেন, সে কেন অবতরণ করিল? বলা হইল, তিনি নামায পড়িবার জন্য অবতরণ করিয়াছেন। তিনি বলিলেন, তাহার কি হইয়াছে যে সে সকলের বিপরীত করিল! তাহার সহিতও বিপরীত আচরণ করা হইয়াছে।