📘 কিতাবুল জিহাদ 📄 রহিত আয়াত

📄 রহিত আয়াত


হাদীস নং ২৪৪ - কায়স ইবনে সাঈদ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আতা বিন আবী রাবাহকে আল্লাহতায়ালার বাণী- (ওয়ামান ইউওয়াল্লিহিম ইয়াওমায়িযিন দুবুরাহু) “যে কেহ সেই দিন তাহাদিগকে পৃষ্ঠপ্রদর্শন করিবে যদি না তারা লড়াইয়ের পুনঃ প্রস্তুতি কল্পে বা মূল বাহিনীতে আশ্রয় গ্রহণের উদ্দেশ্য হয় তবে।” সর্ম্পকে জিজ্ঞাসা করিলাম তিনি বলিলেন, ইহা সূরায়ে আনফালের আয়াত - (আলআনা খফফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফিকুম দ্বোয়া’ফান, ফায়িন ইয়াকুন মিনকুম মিয়াতান সবিরাতান ইয়াগলিবু মিয়াতাইন) [আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন তিনি তো অবগত আছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা আছে সুতরাং তোমাদের মধ্যে একশতজন ধৈর্য্যশীল থাকিলে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে। (আনফাল আয়াত : ৬৬)] (উপরোক্ত আয়াত) দ্বারা মানসুখ হইয়া গিয়াছে, এখন কোন দলের জন্য তাহাদের দ্বিগুণ সংখ্যকের মোকাবেলায় (কোন উদ্দেশ্যই) পলায়ন করার অবকাশ নেই। এই আয়াত এই সংখ্যাকে মানসূখ করিয়াছে।

📘 কিতাবুল জিহাদ 📄 ধৈর্য ক্ষমতাও হ্রাস হইলো

📄 ধৈর্য ক্ষমতাও হ্রাস হইলো


হাদীস নং ২৪৫ - ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, এই আয়াত (ইন ইয়াকুন মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন) [তোমাদের মধ্যে বিশজন ধৈর্য্যশীল থাকিলে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে। (আনফাল, আয়াত : ৬৫)] অবতীর্ণ হইলে তাহা মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন হইল যেহেতু তাহাদের প্রত্যেক ব্যক্তির উপর দশজনের মোকাবেলা পর্যন্ত পলায়ন করাকে হারাম করা হইয়াছে, তিনি বলেন, অতঃপর বিধান সহজ করা হইল। আল্লাহ বলিলেন, (আলআনা খফফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফিকুম দ্বোয়া’ফান ফায়িন ইয়াকুন মিনকুম মিয়াতান সবিরাতান ইয়াগলিবু মিয়াতাইন) [আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন। তিনি তো অবগত আছেন যে, তোমাদের মধ্যে দুর্বলতা রহিয়াছে। সুতরাং তোমাদের মধ্যে একশতজন ধৈর্য্যশীল থাকিলে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে। (আনফাল, ৬৬)] তিনি বলেন, আল্লাহতায়ালা যখন (শত্রুর) সংখ্যা হ্রাস করিলেন তখন ধৈর্যধারণের গুরুভারও তদনুপাতে লাঘব হইল।

📘 কিতাবুল জিহাদ 📄 ধৈর্যও হ্রাস

📄 ধৈর্যও হ্রাস


হাদীস নং ২৪৬ – হাসান হইতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি মদ্য পান করিয়া হদ্দের উপযুক্ত হইল। অথচ তাহার উপর “হদ” (শাস্তি) কার্যকর করা হইল না। কিছুকাল পরে তাহা কার্যকর করিয়া সিদ্ধান্ত হইলে সে ইহাতে বাধাপ্রদান করিল, তখন নবী সেনাবাহিনী প্রেরণ করিলেন। সেনা বাহিনী পরাভূত হইল। তখন তিনি ফরিয়াদ করিলেন, হে আমার পালনকর্তা! এক ব্যক্তি হদ কার্যকর করিতে বাঁধা প্রদান করিয়াছে এবং আমি তাহা কার্যকর করিবার জন্য তাহার বিরুদ্ধে সৈন্য পরিচালনা করিয়াছি অথচ তুমি আমার সেনাবাহিনীকে পরাস্ত করিতেছ। আল্লাহ বলিলেন, তুমি দেরী করিয়া ফেলিয়াছ। তবে এখন সৈন্য প্রেরণ কর তুমি সাহায্য প্রাপ্ত হইবে। অথবা এইরূপ বলিলেন।

ফন্ট সাইজ
15px
17px