📄 আশিটি হজ্জ হইতে উত্তম
হাদীস নং ২৩৫ - আব্দুর রহমান বিন গানাম আল আসআদী হইতে বর্ণিত, তিনি বলেন, যুদ্ধাভিযানের পূর্বের একটি হজ্জ দশটি অভিযান হইতে উত্তম এবং হজ্জের পরের যুদ্ধাভিযান আশিটি হজ্জ হইতেও উত্তম।
📄 জান্নাতের দরওয়াজাসমূহ তরবারীর ছায়াতলে
হাদীস নং ২৩৬ – আবু বকর বিন আব্দুল্লাহ বিন কায়স হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতাকে দুশমনের সম্মুখে বলিতে শুনিয়াছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, নিঃসন্দেহে জান্নাতের দরজাসমূহ তরবারীর ছায়াতলে অবস্থিত। ইহা শুনিয়া মলিন বেশের এক ব্যক্তি উঠিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, তুমিই কি ইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছ? তিনি বলিলেন, হ্যাঁ। বর্ণনাকারী বলেন, লোকটি তখন তাহার সঙ্গীদের নিকট গিয়া সালাম জানাইল অতঃপর তাহার তরবারীর খাপ ভাঙ্গিয়া ফেলিয়া দিল এবং খোলা তরবারী লইয়া আঘাত হানিতে হানিতে অগ্রসর হইল, অবশেষে নিহত হইল।
📄 অতঃপর তরবারীর নীচে লুটিয়া পড়িল
হাদীস নং ২৩৭ - আবু ইমরান আল জাওনী হইতে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা আশআরী ইস্পাহানে শত্রুর মুখোমুখি অবস্থান করিতেছিলেন হঠাৎ বলিয়া উঠিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, "নিঃসন্দেহে জান্নাতের দরজাসমূহ তরবারীর ছায়াতলে” তখন ইহা শুনিয়া এক যুবক দাঁড়াইল........ এবং বলিল, কি বলিলেন, হে আবু মুসা? তিনি তাহার সামনে হাদীসটি পুনরাবৃত্তি করিলেন। যুবকটি তখন তাহার সঙ্গীদের পানে তাকাইল এবং তাহাদিগকে সালাম জানাইল অতঃপর তরবারীসমূহের (উম্মত্ত ঢেউয়ের) নীচে ঢুকিয়া পড়িল।
📄 যুদ্ধের ময়দানে পৃষ্ঠ প্রদর্শন
হাদীস নং ২৩৮ - ইবনে আ'উন হইতে বর্ণিত, তিনি বলেন, আমি না'ফেকে আল্লাহ তাআলার বাণী- "সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে স্থান লওয়া ব্যতীত কেহ তাহাদিগকে পৃষ্ঠ প্রদর্শন করিলে সেতো আল্লাহর বিরাগভাজন হইবে এবং তাহার আশ্রয় জাহান্নামে আর উহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল”। (আনফাল, আয়াত: ১৬) সম্পর্কে প্রশ্ন করিয়া পত্র লিখিলে তিনি উত্তরে লিখিলেন, উহা বদরের যুদ্ধের কথা।