📘 কিতাবুল জিহাদ 📄 যাহার জিহাদ ব্যর্থ

📄 যাহার জিহাদ ব্যর্থ


হাদীস নং ২৩২ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি বলিলেন, ইয়া রাসূলুল্লাহ! এক ব্যক্তি দুনিয়ার কিছু সম্পদের আশায় আল্লাহর পথে জিহাদ করিতে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে কোন বিনিময় পাইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য মানুষের নিকটে কঠিন বোধ হইল তাহারা লোকটিকে বলিল, তুমি পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও সম্ভবত তুমি বুঝিতে পার নাই। লোকটি আসিয়া জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ! এক ব্যক্তি দুনিয়ার কিছু সম্পদের আশায় আল্লাহর পথে জিহাদ করিতে চায় (তাহার কি হইবে)? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে কোন বিনিময় পাইবে না। মানুষের নিকটে ইহা কঠিন বোধ হইল, তাহারা পুনরায় লোকটিকে বলিল, তুমি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাও, সে আসিয়া তৃতীয়বার জিজ্ঞাসা করিল, এক ব্যক্তি দুনিয়ার সম্পদের আশায় আল্লাহর পথে জিহাদ করিতে চায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে কোন বিনিময় পাইবে না।

📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহর পথে জিহাদে বাহির হও

📄 আল্লাহর পথে জিহাদে বাহির হও


হাদীস নং ২৩৩ - মাকহুল হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের কি ইহা পছন্দ নহে যে, আল্লাহ তোমাদিগকে ক্ষমা করিবেন এবং জান্নাতে দাখিল করিবেন? তাহারা বলিলেন, অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তাহা হইলে আল্লাহর পথে যুদ্ধাভিযানে বাহির হও।

📘 কিতাবুল জিহাদ 📄 জিহাদ ও কুরবানী কর

📄 জিহাদ ও কুরবানী কর


হাদীস নং ২৩৪ - মাকহুল হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা যুদ্ধাভিযানে বাহির হও অতঃপর কুরবানী কর।

📘 কিতাবুল জিহাদ 📄 আশিটি হজ্জ হইতে উত্তম

📄 আশিটি হজ্জ হইতে উত্তম


হাদীস নং ২৩৫ - আব্দুর রহমান বিন গানাম আল আসআদী হইতে বর্ণিত, তিনি বলেন, যুদ্ধাভিযানের পূর্বের একটি হজ্জ দশটি অভিযান হইতে উত্তম এবং হজ্জের পরের যুদ্ধাভিযান আশিটি হজ্জ হইতেও উত্তম।

ফন্ট সাইজ
15px
17px