📄 মুজাহিদের বার্ধক্য
হাদীস নং ২২৫ - আবু নাজীহ আসুলামী হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, যে ব্যক্তি আল্লাহর তায়ালার পথে বার্ধক্যে উপনীত হয় কিয়ামতের দিনে উহা তাহার জন্য আলো হইবে।
📄 মুসলমানদের আযাদ করার ফযীলত
হাদীস নং ২২৬ - আবু নাজীহ আসুলামী হইতে বর্ণিত, তিনি বলেন, যদি কোন মুসলমান পুরুষ অপর কোন মুসলমান পুরুষকে আযাদ করে তাহা হইলে আল্লাহ তাআলা তাহার প্রতিটি হাড্ডির জন্য আযাদকৃত ব্যক্তির প্রতিটি হাড্ডিকে জাহান্নামের আগুন হইতে রক্ষা করিবার অসীলা বানাইবেন এবং যদি কোন মুসলমান মহিলা অপর কোন মুসলমান মহিলাকে আযাদ করে তাহা হইলে আল্লাহ তাআলা তাহার প্রতিটি হাড্ডির জন্য আযাদকৃত মহিলার প্রতিটি হাড্ডিকে জাহান্নামের আগুন হইতে রক্ষা করিবার অসীলা বানাইবেন।
📄 তিনটি ফযীলতপূর্ণ বিষয়
হাদীস নং ২২৭ - উমর বিন খাত্তাব (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যদি তিনটি বিষয় না হইত, যদি আল্লাহর পথে ভ্রমণ না হইত বা সিজদায় কপাল ধূলি ধূসরিত করিবার সুযোগ না থাকিত বা এমন লোকদের সহিত বসিবার সুযোগ না থাকিত যাহারা পরিপক্ক ফলের ন্যায় উত্তম কথাকে বাছিয়া নেয় তাহা হইলে আমি আল্লাহ তাআলার সহিত মিলিত হওয়াই পছন্দ করিতাম।
📄 আল্লাহর পথে ভ্রমনের মূল্য
হাদীস নং ২২৮ - হাসান হইতে বর্ণিত, তিনি বলেন, প্রথম যুগের এক ব্যক্তি (মৃত্যুকালে) বেহুশ হইয়া পড়িয়াছিলেন অতঃপর হুঁশে আসিলে জার জার হইয়া কাঁদিতে লাগিলেন, পার্শ্বে উপবিষ্ট লোকেরা তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আল্লাহ তাআলা অতীব দয়ালু, তিনি অতিশয় ক্ষমাশীল, তিনি......। ব্যক্তিটি বলিলেন, শোন! আমি এমন কোন জিনিস ছাড়িয়া যাইতেছি না যাহার জন্য ক্রন্দন করিব, তবে তিনটি বিষয়, দূরবর্তী প্রান্ত বিশিষ্ট দিনে দ্বিপ্রহরের পানির পিপাসা বা ঐ রজনী যাহাতে ব্যক্তি তাহার পার্শ্বদ্বয় ও পদদ্বয়ের মধ্যখানে আসা যাওয়া করে বা আল্লাহর পথে দিনের প্রথমাংশের ভ্রমণ বা দিনের শেষাংশের ভ্রমণ।