📄 আল্লাহর নিকট সেই সর্বোত্তম যে তাহার সঙ্গীর জন্য সর্বোত্তম
হাদীস নং ২১৮ - আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সঙ্গীদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম সে যে তাহার সঙ্গীর পক্ষে সর্বোত্তম এবং প্রতিবেশীদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম সে যে তাহার প্রতিবেশীর পক্ষে সর্বোত্তম।
📄 আখেরাতের ভাবনা
হাদীস নং ২১৯ - আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলিতেন, আজ আমি একটি ভালো কাজ করিব ইহা আমার নিকটে গতদিনের দ্বিগুণ হইতে অধিক পছন্দনীয়। খোদার কসম! আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ছিলাম তখন আমাদের ভাবনার বিষয় ছিল আখেরাত, দুনিয়া আমাদিগকে চিন্তিত করিতনা এবং আজ আমাদের অবস্থা এই যে, দুনিয়া আমাদিগকে ঝুকাইয়া ফেলিয়াছে।
📄 অধঃপতনকালে যাহারা সৎ থাকে
হাদীস নং ২২০ - ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, طوبى للغرباء الذين هم صالحون عند فساد الناس - কল্যাণ ঐসব পরিচয়হীন লোকদের জন্য যাহারা মানুষের অধঃপতনের কালে সৎকর্মপরায়ণ থাকে।
হাদীস নং ২২১ - আবু বকর সিদ্দীক (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, আল্লাহর উদ্দেশ্যে মুহব্বত রাখে এমন ভাইয়ের দু'আ কবুল হইয়া থাকে।
📄 পার্থিব জীবন প্রতারণার সামগ্রী বৈ নয়!
হাদীস নং ২২২ যায়েদ বিন আসলাম তাহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, উমর বিন খাত্তাবের নিকট সংবাদ পৌঁছিল যে, আবু উবাইদা শামে অবরুদ্ধ হইয়া পড়িয়াছেন এবং দুশমন তাহার চারপাশে একত্রিত হইয়া গিয়াছে, তখন উমর তাহার নিকট পত্র লিখিলেন, "সালাম! পরসমাচার হইল, মুমিন বান্দার সামনে যখনই কোন কঠিন অবস্থা উপস্থিত হয়, এর পরই আল্লাহতায়ালা তাহাকে প্রশস্ততা দান করেন এবং নিঃসন্দেহে একটি দুঃখের তুলনায় দুইটি সুখ ভারী হইতে পারে না। হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য্যধারণ কর, ধৈর্য্যে প্রতিযোগিতা কর এবং সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাক। আল্লাহকে ভয় কর যাহাতে তোমরা সফলকাম হইতে পার" (আলে ইমরান, ২০০)
বর্ণনাকারী বলেন, আবু উবাইদা ইহার উত্তরে লিখিলেন, "সালাম! পরসমাচার এই যে, আল্লাহতায়ালা তাহার গ্রন্থে বলিয়াছেন: তোমরা জানিয়া রাখ পার্থিব জীবনতো ক্রীড়া কৌতুক, জাঁকজমক, পারস্পরিক শ্লাঘা, ধন-সম্পদ, সন্তান-সন্ততিতে প্রাচুর্য্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছু নয়। উহার উপমা বৃষ্টি, যদ্বারা উৎপন্ন শস্য-সম্ভার কৃষকদিগকে চমৎকৃত করে, অতঃপর উহা শুকাইয়া যায়, ফলে তুমি উহা পীতবর্ণ দেখিতে পাও, অবশেষে উহা খড়-কুটায় পরিণত হয়। পরকালে রহিয়াছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন, প্রতারণার সামগ্রী ব্যতীত কিছুই নয়। (হাদীদ, ২০)
বর্ণনাকারী বলেন, উমর এই পত্রটি লইয়া তাহার স্থান হইতে বাহির হইয়া আসিলেন এবং মিম্বরে বসিয়া মদীনাবাসীকে উহা পড়িয়া শুনাইলেন অতঃপর বলিলেন, হে মদীনাবাসী! আবু উবাইদা তোমাদিগকে খোঁচা দিতেছেন, যদি না তোমরা জিহাদের ব্যাপারে আগ্রহী হও।