📄 খেদমত নফল ইবাদাত অপেক্ষা উত্তম
হাদীস নং ২১৬ - আবু ক্বিলাবাহ হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তাহার সাহাবীগণকে বিভিন্ন ছোট ছোট দলে ভাগ করিয়া দিতেন। এমনই একটি দল তাহাদের এক ব্যক্তির ব্যাপারে উচ্চ প্রশংসা করিতে লাগিল। তাহারা বলিল, ইয়া রাসূলুল্লাহ! আমরা তাহার মত আর দেখি নাই, কোন স্থানে যাত্রা বিরতি হইলে নামায এবং ভ্রমণকালে তিলাওয়াত ও বিরামহীন রোযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তাহার অমুক কাজ কে করিয়া দিত? তাহারা বলিলেন, আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা প্রত্যেকে উহার চেয়ে উত্তম।
📄 খাদেমরূপে মৃত্যুবরণ করিবে
হাদীস নং ২১৭- রজা বিন হাইওয়াহ হইতে বর্ণিত, তিনি বলেন, সালমানকে তাহার সঙ্গীগণ বলিলেন, আমাদিগকে অসীয়্যত করুন। তিনি বলিলেন, তোমাদের মধ্যে যাহার এই সামর্থ আছে যে সে হজ্জ্বকারী, ওমরাকারী, যুদ্ধাভিযাত্রি বা যোদ্ধাদের মালামাল বহনকারী হিসেবে মৃত্যুবরণ করিবে সে যেন তাই করে এবং যেন কখনো ব্যবসায়ীরূপে বা খারাজ উসূলকারীরূপে মৃত্যুবরণ না করে।
📄 আল্লাহর নিকট সেই সর্বোত্তম যে তাহার সঙ্গীর জন্য সর্বোত্তম
হাদীস নং ২১৮ - আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, সঙ্গীদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম সে যে তাহার সঙ্গীর পক্ষে সর্বোত্তম এবং প্রতিবেশীদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম সে যে তাহার প্রতিবেশীর পক্ষে সর্বোত্তম।
📄 আখেরাতের ভাবনা
হাদীস নং ২১৯ - আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলিতেন, আজ আমি একটি ভালো কাজ করিব ইহা আমার নিকটে গতদিনের দ্বিগুণ হইতে অধিক পছন্দনীয়। খোদার কসম! আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত ছিলাম তখন আমাদের ভাবনার বিষয় ছিল আখেরাত, দুনিয়া আমাদিগকে চিন্তিত করিতনা এবং আজ আমাদের অবস্থা এই যে, দুনিয়া আমাদিগকে ঝুকাইয়া ফেলিয়াছে।