📘 কিতাবুল জিহাদ 📄 অপূর্ব তিনটি শর্ত

📄 অপূর্ব তিনটি শর্ত


হাদীস নং ২১৪ - বিলাল বিন সা'দ এক ব্যক্তি হইতে বর্ণনা করেন যিনি আমের বিন আব্দে কায়সকে রোমের ভূমিতে একটি খচ্চরের পিঠে সওয়ার দেখিয়াছেন। তিনি উহাতে পালাক্রমে আরোহণ করিতেন এবং মুহাজিরগণকে পালাক্রমে আরোহণ করাইতেন।

বিলাল বিন সা'দ বলেন, তিনি যখন কোন অভিযানে বাহির হইতেন তখন ছোট ছোট উপদলসমূহকে লক্ষ্য করিতেন। কোন দল তাহার পছন্দ হইলে তিনি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিতেন, ওহে! আমি তোমাদের সহিত শামিল হইতে চাই যদি তোমরা আমার তিনটি শর্তে সম্মত হও। তাহারা বলিত, শর্তগুলো কি কি? তিনি বলিতেন, আমি তোমাদের খাদেম হইব অতএব তোমাদের কেহ আমার সাথে খেদমতের ব্যাপারে প্রতিযোগিতা করিতে পারিবে না। আমি তোমাদের মুয়ায্যিন হইব অতএব তোমাদের কেহ আযানের ব্যাপারে আমার সহিত প্রতিযোগিতা করিবে না এবং আমি আমার সাধ্যানুসারে তোমাদের জন্য খরচ করিব। যদি তাহারা এইসব শর্তে সম্মত হইত তাহা হইলে তিনি তাহাদের সহিত শামিল হইয়া যাইতেন। আর যদি কেহ এইসব বিষয়ের কোন একটিতে আপত্তি করিত তাহা হইলে তিনি তাহাদিগকে ছাড়িয়া অন্য দল তালাশ করিতেন।

📘 কিতাবুল জিহাদ 📄 সফর সঙ্গী হওয়ার শর্ত

📄 সফর সঙ্গী হওয়ার শর্ত


হাদীস নং ২১৫ - সালেম হইতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ বিন উমরের সহিত কেহ সফর করিলে তিনি তাহার উপর এই শর্ত আরোপ করিতেন যে, সে তাহার সহিত কোন নাপাক ভক্ষণকারী পশু লইতে পারিবে না এবং যবেহের পশু ও আযানের ব্যাপারে তাহার সহিত প্রতিযোগিতা করিতে পারিবে না।

📘 কিতাবুল জিহাদ 📄 খেদমত নফল ইবাদাত অপেক্ষা উত্তম

📄 খেদমত নফল ইবাদাত অপেক্ষা উত্তম


হাদীস নং ২১৬ - আবু ক্বিলাবাহ হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তাহার সাহাবীগণকে বিভিন্ন ছোট ছোট দলে ভাগ করিয়া দিতেন। এমনই একটি দল তাহাদের এক ব্যক্তির ব্যাপারে উচ্চ প্রশংসা করিতে লাগিল। তাহারা বলিল, ইয়া রাসূলুল্লাহ! আমরা তাহার মত আর দেখি নাই, কোন স্থানে যাত্রা বিরতি হইলে নামায এবং ভ্রমণকালে তিলাওয়াত ও বিরামহীন রোযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তাহার অমুক কাজ কে করিয়া দিত? তাহারা বলিলেন, আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা প্রত্যেকে উহার চেয়ে উত্তম।

📘 কিতাবুল জিহাদ 📄 খাদেমরূপে মৃত্যুবরণ করিবে

📄 খাদেমরূপে মৃত্যুবরণ করিবে


হাদীস নং ২১৭- রজা বিন হাইওয়াহ হইতে বর্ণিত, তিনি বলেন, সালমানকে তাহার সঙ্গীগণ বলিলেন, আমাদিগকে অসীয়্যত করুন। তিনি বলিলেন, তোমাদের মধ্যে যাহার এই সামর্থ আছে যে সে হজ্জ্বকারী, ওমরাকারী, যুদ্ধাভিযাত্রি বা যোদ্ধাদের মালামাল বহনকারী হিসেবে মৃত্যুবরণ করিবে সে যেন তাই করে এবং যেন কখনো ব্যবসায়ীরূপে বা খারাজ উসূলকারীরূপে মৃত্যুবরণ না করে।

ফন্ট সাইজ
15px
17px