📄 প্রত্যেক মুমিন ব্যক্তি সিরিয়া চলিয়া যাইবে
হাদীস নং ১৯৫ - আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নিঃসন্দেহে মানুষের সামনে এমন একটি সময় আসিবে যখন প্রত্যেক মুমিন ব্যক্তিই শামে চলিয়া যাইবে।
📄 সাতশত গুণ সওয়াব
হাদীস নং ১৯৬- সায়ীদ বিন সুফিয়ান আলকারী হইতে বর্ণিত, তিনি বলেন, উসমান বলিয়াছেন, হিজরতের ভূমিতে খরচ করিলে তাহা সাতশত গুণ বৃদ্ধি পাইয়া থাকে। তোমরা হে শামবাসী মুহাজির বৃন্দ! যদি একজন ব্যক্তি বাজার হইতে এক দিরহাম দ্বারা (গোশত) খরীদ করে অতঃপর তা নিজে খায় এবং পরিবারবর্গকে খাওয়ায় তাহা হইলে সেও সাতশত গুণ লাভ করিবে।
📄 সাত জন বিশিষ্ট ব্যক্তি
হাদীস নং ১৯৭ - আবু ক্বিলাবাহ হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার উম্মতের মধ্যে সর্বদা সাতজন বিশিষ্ট ব্যক্তি থাকিবেন যাহারা আল্লাহতায়ালার নিকটে দু'আ করিলে তাহা কবুল হইয়াই থাকে। তাহাদের কারণেই তোমরা সাহায্য প্রাপ্ত হও, তাহাদের কারণে বৃষ্টি বর্ষিত হয়। বর্ণনাকারী বলেন, আমার ধারণা ইহাও বলিয়াছেন যে, তাহাদের কারণেই তোমাদের উপর হইতে (বালা মুসীবত) হটাইয়া দেওয়া হয়।
📄 নৌপথে অভিযানের ফযীলত
হাদীস নং ১৯৮ - আলকামাহ বিন শিহাব আল কুশাইরী হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমার সহিত যুদ্ধাভিযানে যাইবার সৌভাগ্য যাহার হয় নাই সে যেন নৌপথের অভিযানে অংশগ্রহণ করে, কেননা সমুদ্রের একদিনের লড়াই ডাঙ্গার দুই দিনের লড়াই অপেক্ষা উত্তম এবং সমুদ্রের একজন শহীদের বিনিময় ডাঙ্গার দুইজন শহীদের সমপরিমাণ হইবে এবং আল্লাহতায়ালার নিকটে সর্বোত্তম শহীদ হইল 'আসহাবুল কাফ্'। জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ! 'আসহাবুল কাফ্' কাহারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সমুদ্রে যাহাদের নৌযানসমূহ তাহাদের উপর উল্টিয়া যায়।