📄 সিরিয়ার ফযীলত
হাদীস নং ১৯২- আবু ইদরীস হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমরা বহু সেনাদলে বিন্যস্ত হইবে। একটি বাহিনী শামে (সিরিয়ায়) থাকিবে, আরেকটি ইরাকে থাকিবে এবং আরেকটি ইয়ামানে থাকিবে। ইবনুল খাওয়ালানী বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য কোথায় যাওয়া উত্তম হইবে তাহা বলিয়া দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি শামে চলিয়া যাইও। যাহার পক্ষে ইহা সম্ভব না হয় সে যেন ইয়ামানে চলিয়া যায় এবং তথাকার জলাশয় হইতে পানি গ্রহণ করে। কেননা আল্লাহতায়ালা আমার জন্য শাম ও তাহার অধিবাসীদের ব্যাপারে জিম্মাদার হইয়াছেন।
হাদীস নং ১৯৩ - রাবীয়া বিন ইয়াযীদ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে এইরূপ বর্ণনা করিয়াছেন।
📄 তাহাদের মধ্যে আবদাল রহিয়াছে
হাদীস নং ১৯৪ - ছফওয়ান বিন আব্দুল্লাহ বিন ছফওয়ান হইতে বর্ণিত, এক ব্যক্তি ছিফফীন যুদ্ধের দিন বলিলেন, আয় আল্লাহ! শামের অধিবাসীদিগকে আপনার রহমত হইতে দূরে সরাইয়া দিন। ইহা শুনিয়া আলী (রাযিঃ) বলিলেন, শামের বিশাল জনগোষ্ঠীকে মন্দ বলিওনা কেননা তাহাদের মধ্যে এমন অনেক লোক রহিয়াছে যাহারা তোমরা যাহা দেখিতেছ উহাকে অপছন্দ করে এবং তাহাদের মধ্যে আবদাল রহিয়াছে।
📄 প্রত্যেক মুমিন ব্যক্তি সিরিয়া চলিয়া যাইবে
হাদীস নং ১৯৫ - আব্দুল্লাহ বিন আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নিঃসন্দেহে মানুষের সামনে এমন একটি সময় আসিবে যখন প্রত্যেক মুমিন ব্যক্তিই শামে চলিয়া যাইবে।
📄 সাতশত গুণ সওয়াব
হাদীস নং ১৯৬- সায়ীদ বিন সুফিয়ান আলকারী হইতে বর্ণিত, তিনি বলেন, উসমান বলিয়াছেন, হিজরতের ভূমিতে খরচ করিলে তাহা সাতশত গুণ বৃদ্ধি পাইয়া থাকে। তোমরা হে শামবাসী মুহাজির বৃন্দ! যদি একজন ব্যক্তি বাজার হইতে এক দিরহাম দ্বারা (গোশত) খরীদ করে অতঃপর তা নিজে খায় এবং পরিবারবর্গকে খাওয়ায় তাহা হইলে সেও সাতশত গুণ লাভ করিবে।