📄 যে ব্যক্তি আল্লাহর পথে ঘোড়ার লাগাম ধারণ করে
হাদীস নং ১৮৫ - হযরত আবু হুরায়রা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, অচিরেই মানুষের সামনে এমন সময় উপস্থিত হইবে যখন সর্বোত্তম মর্যাদার অধিকারী সেই ব্যক্তি হইবে যে আল্লাহর পথে তাহার ঘোড়ার লাগাম ধারণ করিয়া আছে, যখনই কোন ভীতিপ্রদ আওয়াজ শোনে তখনই সে তাহার ঘোড়ার পিঠে সোজা হইয়া বসে এবং মৃত্যুর সম্ভাব্য স্থানসমূহে মৃত্যুকে খুঁজিয়া ফেরে এবং ঐ ব্যক্তি যে তাহার সামান্য কিছু বকরী লইয়া এইসব পাহাড়ী উপত্যকাসমূহের কোন একটিতে অবস্থান গ্রহণ করে। সুষ্ঠুরূপে নামায আদায় করে, যাকাত প্রদান করে এবং কল্যাণ ব্যতীত অন্য সকল ব্যাপারে নির্জনতা অবলম্বন করে। মৃত্যু পর্যন্ত সে এই অবস্থায় অবিচল থাকে।
📄 কল্যাণ ঐ বান্দার জন্য
হাদীস নং ১৮৬ - সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হারেস বিন জাঝ আযযাবীদী (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, তাহার নিকট দুইজন ব্যক্তি আসিলেন। তিনি উহাদিগকে দেখিয়া মারহাবা বলিলেন এবং তিনি যেই বালিশের উপর ঠেস দিয়া বসিয়াছিলেন উহা তাহাদের দিকে আগাইয়া দিলেন। তাহারা বলিলেন, আমরা এইজন্য আসি নাই। আমরা শুধু এই জন্য আসিয়াছি যে, আপনার নিকট হইতে কিছু শুনিব এবং উহা দ্বারা উপকৃত হইব। তিনি বলিলেন, যে ব্যক্তি তাহার মেহমানকে সম্মান করে না সে না মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে, না ইবরাহীম (আঃ) হইতে। কল্যাণ ঐ বান্দার জন্য যে আল্লাহর পথে ঘোড়ার মাথা জড়াইয়া ধরিয়া সাঁঝের বেলায় উপনীত হইল এবং এক টুকরা রুটি ও ঠাণ্ডা পানি দ্বারা ইফতার সারিল এবং ধ্বংস ঐ চর্বনকারীর জন্য যে গরুর মত চাবাইতে থাকে (এবং বলিতে থাকে) ওহে বৎস! ইহা লইয়া যাও, উহা লইয়া আস। এই বিপুল কর্মব্যস্ততায় আল্লাহর কথা তাহার স্মরণ হয় না।
📄 যাহাদের মাধ্যমে সীমান্ত দুর্ভেদ্য থাকিবে
হাদীস নং ১৮৭ - ইয়াযীদ আল উকলী হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, অদূর ভবিষ্যতে আমার উম্মতের মধ্যে এমন সব লোক হইবে যাহাদের মাধ্যমে সীমান্তসমূহ দুর্ভেদ্য থাকিবে। তাহাদের নিকট হইতে দায়িত্ব উসূল করা হইবে কিন্তু তাহাদের প্রাপ্য তাহাদিগকে প্রদান করা হইবে না। উহারা আমার এবং আমি উহাদের, উহারা আমার এবং আমি উহাদের।
📄 যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক রাত পাহারা দেয়
হাদীস নং ১৮৮ - ইবনে মুহাইরীয হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহতায়ালার পথে এক রাত পাহারা দেয় সে সকল মানুষ ও পশুর সমপরিমাণ কীরাত¹ ছাওয়াব লাভ করিবে।
টিকাঃ
১. এর অর্থ নিম্নোক্ত হাদীস হইতে বুঝা যায়-
(মান সাল্লা আ’লা জানাযাতিন ফালাহু ক্বিরাতুন ওয়ামান তাবিআ’হা হাত্তা ইয়ুক্বদ্বা দফনুহা ফালাহু ক্বিরাতানি, আহাদুহুমা আও আসগারুহুমা মিছলু উহুদ)
যে ব্যক্তি জানাযার নামায আদায় করে সে এক ক্বীরাত ছওয়াব পাইবে এবং যে মৃত্যের সহিত যাইবে এবং যাবৎ না তাহাকে সমাহিত করা হয় তাহার সঙ্গে থাকিবে তাহার জন্য দুই ক্বীরাত ছওয়াব হইবে। প্রতি ক্বীরাত বা বলিয়াছেন, ক্ষুদ্র ক্বীরাতটি "উহুদ" পাহাড় সমপরিমাণ হইবে। (জামে তিরমিযী, হাদাস নং ১০৪০)