📄 কিয়ামত পর্যন্ত ইবাদাতরত ব্যক্তির সমপরিমান সওয়াব
হাদীস নং ১৭৯ - উবাইদুল্লাহ বিন আবী হুসাইন হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি এমন কোন স্থানে অবতরণ করে যেখানে সে মুশরিকদিগকে ভীতি প্রদর্শন করে এবং মুশরিকরাও তাহাকে ভীতি প্রদর্শন করে অবশেষে সে মৃত্যুমুখে পতিত হয় তাহার জন্য কিয়ামত পর্যন্ত সিজদারত ব্যক্তির সমপরিমাণ ছওয়াব লিপিবদ্ধ হয়, কিয়ামত পর্যন্ত নামাযে দণ্ডায়মান ব্যক্তির সমপরিমাণ ছওয়াব লিপিবদ্ধ হয় এবং ঐ ব্যক্তির সমপরিমাণ ছওয়াব লিপিবদ্ধ হয় যে অবিরাম রোযা রাখে।
📄 মৃত্যুর পরও সওয়াব অব্যাহত থাকিবে
হাদীস নং ১৮০ - উবাদা ইবনে সামেত (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক মরণাপন্ন ব্যক্তি মৃত্যুর পূর্বে তাহার নির্ধারিত স্থান দেখিয়া ফেলে কিন্তু সীমান্ত প্রহরী এর ব্যতিক্রম, কেননা মৃত্যুর পরও তাহার সীমান্ত প্রহরারত অবস্থার বিনিময়- অথবা বলিয়াছেন তাহার জন্য তাহার রিযক- চলিতে থাকে।
📄 যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করে
হাদীস নং ১৮১ - উকবাহ ইবনে আমের (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, প্রত্যেক মৃত ব্যক্তির আমলের উপর মোহর করিয়া দেওয়া হয়, তবে যেই ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করে তাহার কর্মের বিনিময় পুনরুত্থিত হইবার পূর্ব পর্যন্ত চলিতে থাকে।
📄 কিয়ামতের চরম ভীতি হইতে নিরাপদ থাকিবে
হাদীস নং ১৮২ - আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি সীমান্ত প্রহরারত অবস্থায় মৃত্যুবরণকারীর ব্যাপারে বলিয়াছেন যে, সে কিয়ামত দিবসের চরমভীতি হইতে নিরাপদ থাকিবে।