📄 উত্তম মানুষ হইল মুজাহিদ
হাদীস নং ১৬৯ - আবু সাঈদ খুদরী হইতে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করিলেন এবং বলিলেন, নিঃসন্দেহে উত্তম মানুষ হইল জিহাদকারী পুরুষ। অতঃপর পূর্বোক্ত বর্ণনার সমার্থক বক্তব্য বর্ণনা করিলেন।
📄 যে মানুষের অকল্যাণ হইতে দূরে থাকে
হাদীস নং ১৭০ - ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকটে আসিলেন তখন তাহারা একটি মজলিসে বসিয়াছিলেন। তিনি আমাদিগকে বলিলেন, আমি কি তোমাদিগকে সর্বোত্তম মর্যাদার অধিকারী ব্যক্তির কথা বলিব না? আমরা বলিলাম, অবশ্যই বলিবেন ইয়া রসূলুল্লাহ! তিনি বলিলেন, যে পুরুষ আল্লাহর পথে তাহার ঘোড়ার মাথা ধরিয়া রাখে যাবৎ না সে মৃত্যুবরণ করে বা নিহত হয়, তিনি বলিলেন, আমি কি তোমাদিগকে তাহার পরবর্তীজনের কথা বলিবনা? আমরা বলিলাম, বলুন ইয়া রাসুলাল্লাহ! তিনি বলিলেন, যে ব্যক্তি কোন পাহাড়ের নির্জনস্থানে অবস্থান করে, সুষ্ঠুরূপে নামায আদায় করে, যাকাত প্রদান করে এবং মানুষের অকল্যাণ হইতে দূরে সরিয়া থাকে। তিনি বলিলেন, আমি কি তোমাদিগকে নিকৃষ্টতম মানুষের কথা বলিব না? আমরা বলিলাম, বলুন ইয়া রাসূলাল্লাহ! তিনি বলিলেন, যাহার নিকটে আল্লাহর নামে চাওয়া হয় এরপরও সে প্রদান করে না।
📄 তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত থাক
হাদীস নং ১৭১ - মুবারক বিন ফাযালাহ হইতে বর্ণিত, তিনি আল্লাহতায়ালার বাণী- (ইয়া আইয়্যুহাল্লাযিনা আমানুছবিরু ওয়া সাবিরু ওয়া রবিতু) [হে ঈমানদারগণ! তোমরা ধৈর্য্য ধারণ কর, ধৈর্য্যে প্রতিযোগিতা কর এবং সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাক। (আলে ইমরান, ২০০)] প্রসঙ্গে হাসানকে বলিতে শুনিয়াছেন, যে, (উক্ত আয়াতে আল্লাহতায়ালা) তাহাদিগকে দ্বীনের বিধি বিধান ধৈর্য্যের সাথে পালন করিতে আদেশ করিয়াছেন। তাহারা যেন সুখ-দুঃখ, সচ্ছলতা-অসচ্ছলতা কোন অবস্থাতেই উহাকে পরিত্যাগ না করে এবং তাহাদিগকে কাফেরদের মুকাবেলায় দৃঢ়পদ থাকিতে ও মুশরিকদের মোকাবেলায় সদা প্রস্তুত থাকিতে আদেশ করিয়াছেন।
📄 আল্লাহর পথে সদা প্রস্তুত থাক
হাদীস নং ১৭২ - মা'মার হইতে বর্ণিত ক্বাতাদাহ উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় বলিতেন, মুশরিকদের মুকাবেলায় দৃঢ়পদ থাক এবং আল্লাহর পথে সদা প্রস্তুত থাক।