📄 যে তাহার ঘোড়ার পিঠে উপবিষ্ট
হাদীস নং ১৬৭: মুজাহিদ হইতে বর্ণিত, তিনি বলেন, উম্মে মুবাশির বলিলেন, ইয়া রাসূলুল্লাহ! কোন ব্যক্তি আল্লাহতায়ালার নিকটে সর্বোত্তম মর্যাদার অধিকারী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন, ঐ ব্যক্তি যে তাহার ঘোড়ার পিঠে উপবিষ্ট, সেও শত্রুকে ভীতি প্রদর্শন করে এবং তাহারাও তাহাকে ভীতি প্রদর্শন করে। অতঃপর তিনি হাত দ্বারা হিজাজের দিকে ইঙ্গিত করিলেন। অতঃপর বলিলেন, এবং যে ব্যক্তি সুষ্ঠুরূপে নামায আদায় করে এবং তাহার সম্পদ হইতে আল্লাহতায়ালার হক্ব প্রদান করে।
📄 উত্তম মানুষ ও নিকৃষ্ট মানুষ
হাদীস নং ১৬৮- আবু সাঈদ (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, তবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বক্তৃতা করিলেন, তিনি তখন একটি খর্জুর বৃক্ষের সহিত হেলান দিয়া বসা ছিলেন। তিনি বলিলেন, আমি কি তোমাদিগকে উত্তম মানুষ ও নিকৃষ্টতম মানুষের সংবাদ দিবনা? উত্তম মানুষ হইল ঐ ব্যক্তি যে ঘোড়ার পিঠে বা উটের পিঠে অথবা পদাতিক অবস্থায় আল্লাহর পথে কাজ করিয়া যায় অবশেষে এই অবস্থায় তাহার মৃত্যু উপস্থিত হয়। এবং নিকৃষ্টতম লোকদের অন্যতম ঐ ব্যক্তি যে, পাপাচারে দুঃসাহসী, সে আল্লাহর কিতাব পাঠ করে অথচ উহার কোন কিছু হইতেই বিরত থাকেনা।
📄 উত্তম মানুষ হইল মুজাহিদ
হাদীস নং ১৬৯ - আবু সাঈদ খুদরী হইতে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা করিলেন এবং বলিলেন, নিঃসন্দেহে উত্তম মানুষ হইল জিহাদকারী পুরুষ। অতঃপর পূর্বোক্ত বর্ণনার সমার্থক বক্তব্য বর্ণনা করিলেন।
📄 যে মানুষের অকল্যাণ হইতে দূরে থাকে
হাদীস নং ১৭০ - ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের নিকটে আসিলেন তখন তাহারা একটি মজলিসে বসিয়াছিলেন। তিনি আমাদিগকে বলিলেন, আমি কি তোমাদিগকে সর্বোত্তম মর্যাদার অধিকারী ব্যক্তির কথা বলিব না? আমরা বলিলাম, অবশ্যই বলিবেন ইয়া রসূলুল্লাহ! তিনি বলিলেন, যে পুরুষ আল্লাহর পথে তাহার ঘোড়ার মাথা ধরিয়া রাখে যাবৎ না সে মৃত্যুবরণ করে বা নিহত হয়, তিনি বলিলেন, আমি কি তোমাদিগকে তাহার পরবর্তীজনের কথা বলিবনা? আমরা বলিলাম, বলুন ইয়া রাসুলাল্লাহ! তিনি বলিলেন, যে ব্যক্তি কোন পাহাড়ের নির্জনস্থানে অবস্থান করে, সুষ্ঠুরূপে নামায আদায় করে, যাকাত প্রদান করে এবং মানুষের অকল্যাণ হইতে দূরে সরিয়া থাকে। তিনি বলিলেন, আমি কি তোমাদিগকে নিকৃষ্টতম মানুষের কথা বলিব না? আমরা বলিলাম, বলুন ইয়া রাসূলাল্লাহ! তিনি বলিলেন, যাহার নিকটে আল্লাহর নামে চাওয়া হয় এরপরও সে প্রদান করে না।