📘 কিতাবুল জিহাদ 📄 অপূর্ব স্বপ্ন

📄 অপূর্ব স্বপ্ন


হাদীস নং ১৫২- সিলাহ হইতে বর্ণিত, তিনি বলেন, অমি স্বপ্নে দেখিলাম যেন আমি একদল মানুষের মধ্যে রহিয়াছি, আমাদের পিছনে এক ব্যক্তি রহিয়াছে যে কোষমুক্ত তরবারী উঁচু করিয়া রাখিয়াছে, সে আমাদের যাহার নিকটেই আসিতেছে তাহার মাথায় আঘাত করিতেছে কিন্তু কিছুক্ষণ পরেই তাহা পূর্বের মত হইয়া যাইতেছে। আমি অপেক্ষা করিতেছিলাম সে কখন আমার নিকটে আসে এবং আমার সহিতও এই আচরণ করে। ইতিমধ্যে সে আমার নিকটে আসিল এবং আমার মাথায় আঘাত করিল ফলে তাহা কর্তিত হইয়া পড়িয়া গেল। এখনও আমার চোখে সেই দৃশ্য ভাসিতেছে, যখন আমি আমার কর্তিত মস্তক হাতে লইয়া আমার ঠোঁট হইতে ধূলা ঝাড়িলাম এবং তাহা পূর্বের স্থানে স্থাপন করিলাম। উহাও পূর্বের মত জোড়া লাগিয়া গেল।

📘 কিতাবুল জিহাদ 📄 তিন শহীদ

📄 তিন শহীদ


হাদীস নং ১৫৩- হুমাইদ বিন হেলাল বর্ণনা করেন যে সিলাহ একটি সৈন্যদলের সহিত অভিযানে বাহির হইলেন। তাহার সহিত তাহার পুত্র এবং কবীলার একজন গ্রাম্য লোক ছিল। লোকটি বলিল, আমি দেখিলাম যেন তুমি একটি ছায়াদার বৃক্ষের নিকটে আসিলে এবং তাহার তলায় তিনটি শাহাদাত লাভ করিলে তন্মধ্যে দুইটি নিজের জন্য রাখিয়া একটি আমাকে দিলে। আমি মনে মনে ভাবিলাম কেন তুমি দ্বিতীয় শাহাদাতটি বন্টন করিলে না? কিছুক্ষণ পর তাহারা দুশমনের মুখোমুখি হইলেন। তিনি তাহার পুত্রকে বলিলেন, অগ্রসর হও। পুত্র অগ্রসর হইল এবং নিহত হইল এবং সিলাহও নিহত হইলেন কিছুক্ষণ পর গ্রাম্য লোকটি ও নিহত হইল।

📘 কিতাবুল জিহাদ 📄 দুই শহীদ

📄 দুই শহীদ


হাদীস নং ১৫৪- আলা বিন হিলাল আল বাহেলী হইতে বর্ণিত, সিলাহর গোত্রের এক লোক সিলাকে বলিল, হে আবুস সাহবা! আমি দেখিলাম যে আমি একটি শাহাদাত প্রাপ্ত হইয়াছি এবং তুমি দুইটি শাহাদাত প্রাপ্ত হইয়াছ। সিলাহ তাহাকে বলিলেন, তুমি উত্তম স্বপ্ন দেখিয়াছ যে তুমি শাহাদাত বরণ করিয়াছ এবং আমি ও আমার পুত্র শহীদ হইয়াছি। বর্ণনাকারী বলেন, ইয়াযীদ বিন যিয়াদের যুদ্ধের দিনে তুর্কীরা সিজিসতানে তাহাদের মুখোমুখি হইল এবং মুসলমান সেনা বাহিনীর প্রথম দল যাহারা পরাজিত হইয়াছিল এই দলটিই ছিল।

তখন সিলাহ তাহার পুত্রকে বলিলেন, বেটা! তোমার মার কাছে ফিরিয়া যাও। পুত্র বলিল, আব্বাজান! আপনি নিজের জন্য কল্যাণ কামনা করিতেছেন এবং আমাকে ফিরিয়া যাইবার আদেশ করিতেছেন। খোদার কসম! আপনি আমার মায়ের জন্য আমার চেয়ে উত্তম ছিলেন। পিতা বলিলেন, তাহা হইলে সামনে অগ্রসর হও। পুত্র অগ্রসর হইয়া লড়িতে লাগিলেন এবং এক পর্যায়ে যখমী হইলেন। তখন সিলাহ তীর নিক্ষেপ করিয়া তাহার দেহ হইতে শত্রু সেনাকে সরাইয়া দিলেন। তিনি ভালো তীরন্দাজ ছিলেন। অতঃপর অগ্রসর হইয়া তাহার নিকটে দাঁড়াইলেন এবং তাহার জন্য দু'আ করিলেন। অতঃপর লড়িতে লড়িতে নিহত হইয়া গেলেন।

📘 কিতাবুল জিহাদ 📄 শহীদ পিতা ও পুত্র

📄 শহীদ পিতা ও পুত্র


হাদীস নং ১৫৫- সাবেত হইতে বর্ণিত তিনি বলেন, যখন সিলাহর স্ত্রী মুয়াযার নিকটে এই সংবাদ আসিল যে পিতা পুত্রকে অগ্রগামী করিয়া বলিয়াছেন অগ্রসর হও এবং পুণ্যের আশা কর। সে নিহত হইল অতঃপর পিতাও নিহত হইলেন তখন মহিলাগণ তাহার নিকটে আসিল। তিনি বলিলেন, যদি তোমরা আমার নিকটে এই জন্য আসিয়া থাক যে আমাকে আল্লাহ যে সম্মান দান করিয়াছেন উহার জন্য মুবারকবাদ দিবে তাহা হইলে ভালো কথা অন্যথায় ফিরিয়া যাইতে পার।

ফন্ট সাইজ
15px
17px