📘 কিতাবুল জিহাদ 📄 নিঃসন্দেহে আমি মুসলমান

📄 নিঃসন্দেহে আমি মুসলমান


হাদীস নং ১৫০- কাসেম ইবনে আব্দুর রহমান আবু আব্দুর রহমান আল মাসউদী হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা ফাদালাহ ইবনে উবাইদ এর সহিত রোমের ভূখণ্ডে অভিযানে বাহির হইলাম। আমরা চলিতেছি হঠাৎ ফাদালাহ দ্রুতগামী হইলেন। তিনি একটি খোলা জায়গায় থামিলেন। সেখানে একটি ছোট টিলা ছিল, তাহার উপরে দুর্গ প্রাচীর এবং উহার বেষ্টনীর মধ্যে একটি দুর্গ ছিল। বর্ণনাকারী বলেনঃ আমাদের মধ্যে কেহ দণ্ডায়মান, কেহ বাহন হইত নামিতেছেন, ইত্যবসরে ফাদালাহ একজন বড় গোঁফ বিশিষ্ট লাল রংয়ের মানুষ লইয়া হাজির হইলেন। আমরা বলিলাম, এই ব্যক্তি কোন অঙ্গীকার বা চুক্তি ছাড়াই দুর্গ হইতে নামিয়া আসিয়াছে।

তখন তিনি তাহার বক্তব্য জিজ্ঞাসা করিলেন, সে বলিল, আমি গত রাতে শুকরের গোশত খাইয়াছি, মদ পান করিয়াছি এবং স্ত্রীর সহিত মিলিত হইয়াছি। যখন ঘুমাইয়া পড়িয়াছি তখন স্বপ্নে আমার নিকটে দুই ব্যক্তি আসিল, তাহারা আমার উদর ধুইয়া পরিষ্কার করিল এবং আমাকে দুইজন রমণীর সহিত বিবাহ করাইয়া দিল যাহারা একে অপরের প্রতি ঈর্ষান্বিত হয় না, এবং আমাকে বলিল ইসলাম গ্রহণ কর। অতঃপর নিঃসন্দেহে আমি মুসলমান। তাহার কথা শেষ হইতে না হইতে আমাদের প্রতি একটি .........¹ নিক্ষিপ্ত হইল এবং উহা আসিয়া সকল লোকের মধ্য হইতে নওমুসলিমটির ঘাড়ের উপরের অংশে বিদ্ধ হইল। তখন ফাদালাহ বলিয়া উঠিলেন আল্লাহ আকবার! সামান্য আমল করিয়াছে এবং বিরাট প্রতিদান পাইয়াছে। তোমরা তোমাদের ভাইয়ের জানাযার নামায আদায় কর। আমরা তাহার জানাযার নামায পড়িলাম অতঃপর তাহাকে আমাদের যাত্রা বিরতির স্থলেই দাফন করিলাম এবং সামনে অগ্রসর হইলাম।

টিকাঃ
১. মূল কিতাবে এ স্থলে অস্পষ্ট। অনুবাদক

📘 কিতাবুল জিহাদ 📄 বেহেশতী মানুষের দর্শন লাভ

📄 বেহেশতী মানুষের দর্শন লাভ


হাদীস নং ১৫১- সুহাইল ইবনে আবী সালেহ হইতে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বাহির হইলেন তখন বলিলেন, কে আজ রাত্রে এই গিরিপথটি পাহারা দিবার জন্য প্রস্তুত আছ? তখন আনসারের বনু যুরাইকি গোত্রের এক ব্যক্তি দণ্ডায়মান হইলেন যাহার নাম ছিল যাকওয়ান বিন আব্দে ক্বায়স, আবুস সাবু' এবং বলিলেন, আমি প্রস্তুত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কে? তিনি বলিলেন, ইবনে আব্দে কায়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, বস। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করিয়া পূর্বোক্ত কথাটিই বলিলেন। যাকওয়ান আবারও দাঁড়াইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন তুমি কে? তিনি বলিলেন, ইবনে আব্দে কায়স। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: বস, অতঃপর পুনরায় আহ্বান করিলে তিনিই দাঁড়াইলেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন তুমি কে? তিনি বলিলেন আবুস সাবু'। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন অমুক অমুক স্থানে থাকিবে। তখন যাকওয়ান বলিলেনঃ ইয়া রাসূলুল্লাহ! আমি তো সেই ব্যক্তিই। আমাদের আশংকা হইতেছিল যে, সে মুশরিকদের কোন গুপ্তচর হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কেহ যদি এমন কোন ব্যক্তিকে দেখিতে চায় যে আগামীকাল জান্নাতের সবুজ ঘাসে বিচরণ করিবে, সে যেন এই ব্যক্তিকে দেখে। অতঃপর যাকওয়ান তাহার স্ত্রীগণকে বিদায় জানাইতে গেলেন তখন তাহার স্ত্রীগণ তাহার কাপড়ের প্রান্ত ধরিয়া বলিতে লাগিলেন, ও আবুস সাবু'! আমাদিগকে ছাড়িয়া চলিয়া যাইতেছ? তিনি তাহার কাপড় টানিয়া ছাড়াইয়া লইলেন এবং তাহাদিগকে অতিক্রম করিয়া তাহাদের প্রতি ঘুরিয়া দাঁড়াইলেন এবং বলিলেন, তোমাদের সহিত কিয়ামতের দিবসে সাক্ষাৎ হইবে। অতঃপর তিনি শহীদ হইলেন।

📘 কিতাবুল জিহাদ 📄 অপূর্ব স্বপ্ন

📄 অপূর্ব স্বপ্ন


হাদীস নং ১৫২- সিলাহ হইতে বর্ণিত, তিনি বলেন, অমি স্বপ্নে দেখিলাম যেন আমি একদল মানুষের মধ্যে রহিয়াছি, আমাদের পিছনে এক ব্যক্তি রহিয়াছে যে কোষমুক্ত তরবারী উঁচু করিয়া রাখিয়াছে, সে আমাদের যাহার নিকটেই আসিতেছে তাহার মাথায় আঘাত করিতেছে কিন্তু কিছুক্ষণ পরেই তাহা পূর্বের মত হইয়া যাইতেছে। আমি অপেক্ষা করিতেছিলাম সে কখন আমার নিকটে আসে এবং আমার সহিতও এই আচরণ করে। ইতিমধ্যে সে আমার নিকটে আসিল এবং আমার মাথায় আঘাত করিল ফলে তাহা কর্তিত হইয়া পড়িয়া গেল। এখনও আমার চোখে সেই দৃশ্য ভাসিতেছে, যখন আমি আমার কর্তিত মস্তক হাতে লইয়া আমার ঠোঁট হইতে ধূলা ঝাড়িলাম এবং তাহা পূর্বের স্থানে স্থাপন করিলাম। উহাও পূর্বের মত জোড়া লাগিয়া গেল।

📘 কিতাবুল জিহাদ 📄 তিন শহীদ

📄 তিন শহীদ


হাদীস নং ১৫৩- হুমাইদ বিন হেলাল বর্ণনা করেন যে সিলাহ একটি সৈন্যদলের সহিত অভিযানে বাহির হইলেন। তাহার সহিত তাহার পুত্র এবং কবীলার একজন গ্রাম্য লোক ছিল। লোকটি বলিল, আমি দেখিলাম যেন তুমি একটি ছায়াদার বৃক্ষের নিকটে আসিলে এবং তাহার তলায় তিনটি শাহাদাত লাভ করিলে তন্মধ্যে দুইটি নিজের জন্য রাখিয়া একটি আমাকে দিলে। আমি মনে মনে ভাবিলাম কেন তুমি দ্বিতীয় শাহাদাতটি বন্টন করিলে না? কিছুক্ষণ পর তাহারা দুশমনের মুখোমুখি হইলেন। তিনি তাহার পুত্রকে বলিলেন, অগ্রসর হও। পুত্র অগ্রসর হইল এবং নিহত হইল এবং সিলাহও নিহত হইলেন কিছুক্ষণ পর গ্রাম্য লোকটি ও নিহত হইল।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية