📄 বেহেশতী হুর
হাদীস নং ১৪৫ - আবু ইদরীস হইতে বর্ণিত তিনি বলেনঃ আমাদের নিকটে যিয়াদ নামক একজন মদীনাবাসী ব্যক্তি আসিলেন। আমরা রোমের ছাকুলিয়া দ্বীপে অভিযান পরিচালনা করিলাম এবং সেখানে একটি শহর অবরোধ করিলাম। আমি, যিয়াদ এবং অপর একজন মদীনাবাসী, এই তিনজন এক সাথে ছিলাম। অবরোধ চলাকালে আমরা একজন সঙ্গীকে খাবার আনিবার জন্য পাঠাইলাম। ইতিমধ্যে মিনজানিকের (প্রস্তর নিক্ষেপণ অস্ত্র) একটি বিরাট পাথর আসিয়া যিয়াদের নিকটে পতিত হইল এবং পাথরটির একটি বড় টুকরা ছিটকাইয়া আসিয়া যিয়াদের হাঁটুতে আঘাত করিল। তিনি সঙ্গে সঙ্গে বেহুশ হইয়া গেলেন। আমি তাহাকে টানিয়া আনিতে লাগিলাম ইতিমধ্যে আমাদের সঙ্গী ফিরিয়া আসিলেন। আমি তাহাকে নিকটে ডাকিলাম এবং উভয়ে মিলিয়া তাহাকে অকুস্থল হইতে সরাইয়া ফেলিলাম যাহাতে অন্য কোন প্রস্তর আসিয়া তাহার প্রাণনাশ না করিতে পারে।
আমরা পূর্বাহ্নের দীর্ঘ সময় পর্যন্ত তাহাকে লইয়া বসিয়া রহিলাম, তাহার শরীরে কোনই নড়াচড়া নাই হঠাৎ তিনি অর্ধনিমিলিত চক্ষে হাসিয়া উঠিলেন এমনকি তাহার মাড়ির দাঁত পর্যন্ত প্রকাশিত হইয়া পড়িল অতঃপর নির্বাপিত হইয়া গেলেন অতঃপর পুনরায় হাসিয়া উঠিলেন। এর কিছুক্ষণ পর তাহার হুশ ফিরিল এবং তিনি সোজা হইয়া বসিলেন ও বলিলেনঃ আমি এখানে কেমন করিয়া আসিলাম? আমরা বলিলামঃ আপনি কি আপনার অবস্থা জানেন না? তিনি বলিলেন, না। এক ব্যক্তি জিজ্ঞাসা করিল আপনার কি ঐ নিক্ষিপ্ত পাথরটির কথা মনে পড়ে যাহা আপনার নিকটে আসিয়া পতিত হইয়াছিল? তিনি বলিলেন, হ্যাঁ। আমরা বলিলামঃ ঐ পাথরের একটি খণ্ড আসিয়া আপনাকে আঘাত করিয়াছিল ফলে আপনি বেহুশ হইয়া যান এবং এরপর আপনি এই এই করিয়াছেনঃ তিনি বলিলেন, হ্যাঁ আমি আপনাদিগকে বলিতেছি, আমাকে ইয়াকুত ও জবরজদ পাথরের নির্মিত একটি কক্ষে নিয়া যাওয়া হইল এবং সুন্দর ও মজবুত বুননকৃত একটি বিছানায় বসানো হইল। উহার সামনে দুই সারি বালিশ ছিল।
যখন আমি বিছানায় সোজা হইয়া বসিলাম, তখন আমার ডান পার্শ্বে অলংকারের রিনিঝিনিধ্বনি শ্রুতিগোচর হইল, এবং ইহার অব্যবহিত পরেই একজন রমণী বাহির হইয়া আসিলেন। আমি জানিনা তাহার পোষাক, অলংকার এবং সে নিজে, এই তিনটির মধ্যে কোনটি অধিক সুন্দর! সে এদিকেই আসিতে লাগিল, যখন সে আমার সামনে আসিল তখন মারহাবা ও আহলান সাহলান বলিয়া অভ্যর্থনা জানাইল। অতঃপর বলিল, যে নগ্ন পদ আল্লাহর নিকটে আমাদিগকে প্রার্থনা করিত না তাহাকে মারহাবা, অবশ্য আমরা তাহার স্ত্রী অমুকের মত নই। অতঃপর যখন সে তাহার রূপের বর্ণনা দিল তখন আমি হাসিয়া ফেলিলাম। সে আসিয়া আমার ডান পার্শ্বে বসিল। আমি জিজ্ঞাসা করিলাম, তুমি কে? সে বলিল, আমি তোমার স্ত্রীর একজন দাসী। অতঃপর যখন আমি আমার হস্ত প্রসারিত করিলাম, সে বলিল ধীরে! আপনি আমাদের নিকটে যোহরের সময় আসিবেন। তখন আমি কাঁদিয়া ফেলিলাম। সে যখন তাহার কথা শেষ করিল তখন আমি আমার বাম পার্শ্বে অলংকারের রিনিঝিনি শুনিতে পাইলাম। দেখিলাম তাহার মতই দ্বিতীয় আরেকজন রমণী দাঁড়াইয়া আছে। তিনি ইহার বিবরণও প্রথম রমণীর মতই দিলেন। সেও তাহার সঙ্গীনীর মতই আচরণ করিল। সে যখন সেই স্ত্রীলোকটির বর্ণনা দিল তখনও আমি হাসিয়া ফেলিলাম। সে আমার বাম পার্শে উপবেশন করিল। আমি হস্ত প্রসারিত করিলে সে বলিল, ধীরে! আপনি আমাদের নিকটে যোহরের সময় আসিবেন। আমি তখন কাঁদিয়া ফেলিলাম। বর্ণনাকারী বলেন এভাবে তিনি আমাদের নিকটে বসিয়া গল্প করিতেছিলেন। যখন মুয়াজ্জিন আযান দিল তখন তিনি একপাশে হেলিয়া পড়িলেন এবং মৃত্যুবরণ করিলেন।
📄 আমি আপনার স্ত্রী
হাদীস নং ১৪৬ - আব্দুর রহমান বিন ইয়াযীদ বিন জাবের হইতে বর্ণিত, তিনি বলেন ইবনে আবী যাকারিয়া আমাদিগকে বলিয়াছেন যে, বকর গোত্রের এক ব্যক্তি রোমের ভূখণ্ডে চলিতেছিলেন, এমতাবস্থায় তিনি তাহার গোলামকে বলিলেন, আমাকে আমার পাত্রটি দাও আমি এখান হইতে কিছু আঙুর নিয়া আসিব, পাত্রটি নিয়া তিনি ঘোড়া ছুটাইলেন। তিনি আঙ্গুর বাগানে আছেন হঠাৎ দেখলেন, একজন রমণী একটি সিংহাসনের উপর বসিয়া আছেন, তাহার মত রূপবতী নারী তিনি কখনও দেখেন নাই। তাহার প্রতি নজর পড়া মাত্রই তিনি তাহার দৃষ্টি সরাইয়া ফেলিলেন। রমণীটি বলিল, আমার দিক হইতে মুখ ফিরাইবার প্রয়োজন নাই আমি আপনার স্ত্রী। আপনি সামনে অগ্রসর হোন। আমার চেয়ে উত্তম রমণী দেখিতে পাইবেন। তিনি অগ্রসর হইলেন। দেখিলেন, তাহার মত আরেকজন রমণী রহিয়াছেন সেও তাঁহাকে পূর্বোক্ত রমণীর ন্যায় বলিল। বর্ণনাকারী বলেন, আমার ধারণা তিনি আবু মাহ্রামা ছিলেন।
📄 সকলে অসীয়তনামা লিখিলেন
হাদীস নং ১৪৭ - আতা ইবনে কুররাহ আসসালুলী হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা আবু মাহযূরার সহিত বসা ছিলাম। ইতিমধ্যে তিনি আমাদের জন্য আঙুর নিয়া আসিলেন এবং তাহা সামনে রাখিলেন, অতঃপর একটি কাগজ ও দোয়াত চাইলেন এবং তাহার ওসীয়তনামা লিখিলেন। যখন আবু কারব ইহা দেখিলেন, তিনিও তাহার অসীয়তনামা লিখিলেন। অতঃপর মুক্বাতিল আননাবাতী উঠিলেন এবং তাহার অসীয়তনামা লিখিলেন। অতঃপর আম্মার বিন আবী আইয়ূব উঠিলেন এবং তাহার অসীয়তনামা লিখিলেন। অতঃপর আমরা রুহান নামক স্থানে শত্রুর মুখোমুখী হইলাম। সেই পাঁচজনের প্রত্যেকেই নিহত হইলেন। বর্ণনাকারী বলেন, আমরা আমাদের অসীয়তনামা লিখি নাই ফলে আমরা নিহত হই নাই।
📄 তোমাদের পরিচয় কী?
হাদীস নং ১৪৮ - ইবনে আবী যাকারিয়া হইতে বর্ণিত, তিনি বলেন, আমাদের এক ভাই বর্ণনা করিয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত পর্যন্ত হুরে ঈন সচক্ষে দেখেন নাই, যখন ঊর্ধ্ব লোকে আরোহনের সেই রাত হইল তখন তিনি মসজিদের (বাইতুল মুকাদ্দাস) বারান্দায় হাটিতেছিলেন। ইত্যবসরে জিবরাঈল তাহার সহিত সাক্ষাত করিলেন এবং বলিলেন আপনি কি হুরে ঈন দেখিতে ইচ্ছুক? তিনি বলিলেন হ্যাঁ। জিবরাঈল বলিলেন তাহা হইলে আপনি প্রস্তরখণ্ডের নিকটবর্তী সুফফায় (আঙ্গিনায়) আসুন। তিনি সেখানে গিয়া দেখিলেন, কিছু রমণী বসিয়া আছেন। তিনি তাহাদিগকে সালাম দিলেন। তাহারা সালামের জবাবে বলিলঃ আপনার উপরও শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক! তিনি বলিলেন, আল্লাহ তোমাদিগকে রহম করুন! তোমরা কাহারা? তাহারা বলিল, রূপবতী কল্যাণময়ী, সৎকর্মপরায়ণ লোকদের স্ত্রী, যাহারা মৃত্যুবরণ করিয়াছে কিন্তু বার্ধক্যে উপনীত হয় নাই, যাহারা যুবক হইয়াছে, বৃদ্ধ হয় নাই, যাহারা অনাবিল, আবিল যুক্ত হয় নাই।