📄 আল্লাহর নিকট তিনটি জিনিষ চাহিয়াছি
হাদীস নং ১৩৮ - আমর ইবনে উতবাহ ইবনে ফারক্বাদ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহতায়ালার নিকটে তিনটি জিনিস চাহিয়াছি তন্মধ্যে তিনি (আমাকে) দুইটি দান করিয়াছেন এবং আমি তৃতীয়টির প্রতিক্ষায় রহিয়াছি। আমি তাহার নিকটে প্রার্থনা করিয়াছি, তিনি যেন আমাকে দুনিয়া হইতে অনাসক্ত করিয়া দেন (তিনি আমার প্রার্থনা মঞ্জুর করিয়াছেন) অতঃপর দুনিয়ার কী আসিল কী চলিয়া গেল ইহাতে আমার কোনই মাথা ব্যথা নেই। আমি প্রার্থনা করিয়াছি, তিনি যেন আমাকে নামাযের শক্তি প্রদান করেন, তিনি আমাকে উহা দান করিয়াছেন, এবং আমি তাহার নিকটে শাহাদাত কামনা করিয়াছি। আমি উহার আশাপোষন করি।
📄 হে খোদার সেনা দল আরোহন কর
হাদীস নং ১৩৯ - সুদ্দী বলেন, আমর বিন উতবার চাচাতো ভাই আমাকে বর্ণনা করিয়াছেন যে, আমরা একটি মনোরম চারণভূমিতে অবতরণ করিলাম। তখন আমর বিন উতবাহ বলিলেনঃ এই চারণভূমিটি কতো মনোরম! এবং এই মুহূর্তটি কত উত্তম যদি কোন মুনাদী এই হাঁক দিত, হে খোদার সেনাদল! আরোহণ কর। অতঃপর এক ব্যক্তি অগ্রগামী বাহিনীর সহিত বাহির হইয়া পড়িত এবং যখমী হইত অতঃপর তাহাকে সরাইয়া আনিয়া এই চারণভূমিতে দাফন করা হইত!
বর্ণনাকারী বলেন মুহূর্তের মধ্যেই একজন মুনাদী আহ্বান করিল, হে আল্লাহর বাহিনী! আরোহণ কর। একটি শহরের ব্যাপারে বলিল যাহারা ইতিপূর্বে সন্ধি করিয়াছিল শহরবাসী বিশ্বাসঘাতকতা করিয়াছে। সাথে সাথে আমর ও দ্রুতগামী লোকেরা ছুটিলেন। তাহার পিতাকে এই সংবাদ দেওয়া হইলে তিনি বলিলেনঃ আমরকে ফিরাইয়া আন এবং তাহার খোঁজে লোক পাঠাইলেন। তাহার নিকটে পৌছিবার পূর্বেই তিনি আঘাত প্রাপ্ত হইলেন। বর্ণনাকারী বলেন আমার ধারণা তাহাকে তাহার বর্শা পুতিবার স্থানেই দাফন করা হইয়াছে। সেদিন উতবাহ সেনাপতি ছিলেন। সুদ্দী ব্যতীত অন্য বর্ণনাকারী বলিয়াছেন, তিনি আহত হইলেন এবং বলিলেন খোদার কসম তুমি বয়সে নবীন এবং আল্লাহতায়ালা নবীনগণকে বরকত দান করিয়া থাকেন। তোমরা সন্ধ্যা পর্যন্ত আমাকে এখানেই থাকিতে দাও যদি এর পরও আমি বাঁচিয়া থাকি তাহা হইলে আমাকে উঠাইয়া নিয়া যাইও। অনন্তর তিনি তাহার সেই স্থানেই মৃত্যুবরণ করিলেন।
টিকাঃ
*১. মূল কিতাবে এ স্থলে অস্পষ্ট। অনুবাদক
📄 সাদার উপরে রক্তের লালিমার মত সুন্দর
হাদীস নং ১৪০ - সারী বিন ইয়াহয়া হইতে বর্ণিত তিনি বলেনঃ তাহারা একটি অভিযানে ছিলেন, যার সেনাপতি ছিলেন ইয়াহয়া। আমর বলিলেন; সাদার উপরে রক্তের লালিমা কত সুন্দর দেখাইবে! তাহার পিতা ইহা শুনিতে পাইয়া বলিলেনঃ আমি তোমাকে কুসম দিয়া বলিতেছি তুমি ঘোড়া হইতে নাম। বর্ণনাকারী বলেন সে অবতরণ করিল এবং কাতার হইতে পৃথক হইয়া নামাযে দাঁড়াইল অতঃপর দু'আ করিতে লাগিল। তখন উতবাহ তাহার প্রতি দৃষ্টিপাত করিলেন এবং তাহার সঙ্গীদিগকে বলিলেন, এই যে আমর তাহার পালনকর্তার নিকটে আমার বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করিতেছে। ঠিক আছে বেটা ইচ্ছা হইলে আরোহণ কর। অতঃপর সে আরোহণ করিল এবং শহীদ হইল। তখন উতবাহ এক ব্যক্তিকে বলিলেন, সারী বলেন আমার ধারণা তিনি মাসরুক ছিলেন— যাও তোমার ভ্রাতৃহন্তাকে হত্যা কর। তিনি (অগ্রসর হইয়া) তাহাকে হত্যা করিলেন।
📄 হামহামাহ শহীদ
হাদীস নং ১৪১ - হুমাইদ ইবনে আব্দুর রহমান হইতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, যাহার নাম ছিল হামহামাহ। তিনি হযরত উমর (রাযিঃ)-এর খেলাফতকালে ইস্পাহানের অভিযানে বাহির হইয়াছিলেন। বর্ণনাকারী বলেন "ইস্পাহান উমর (রাযিঃ) এর যুগে বিজিত হয়। তিনি দু'আ করিলেনঃ ইয়া আল্লাহ হামহামাহ দাবি করিতেছে যে, সে আপনার সাক্ষাতকামী। যদি হামহামাহ সত্যবাদী হয় তবে ইহা তাহার জন্য অবধারিত করিয়া দিন আর যদি সে মিথ্যাবাদী হয় তবে ইহা তাহার উপর আরোপ করুন। ইয়া আল্লাহ! হামহামাকে এই সফর হইতে ফিরাইয়া আনিবেন না। বর্ণনাকারী বলেনঃ তিনি পেটের পীড়ায় আক্রান্ত হইলেন এবং ইস্পাহানেই মৃত্যুবরণ করিলেন। বর্ণনাকারী বলেনঃ অতঃপর আবু মুসা (রাযিঃ) উঠিয়া দাঁড়াইলেন এবং বলিলেনঃ হে লোক সকল! খোদার কসম! আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হইতে যাহা শুনিয়াছি এবং যাহা জানিয়াছি তন্মধ্যে ইহাই শুনিয়াছি যে হামহামাহ শহীদ।