📄 চার হাজার দিরহাম অপেক্ষা প্রিয়
হাদীস নং ১৩৬ - আমর ইবনে উতবাহ ইবনে ফারক্বাদ এক অভিযানে বাহির হইলেন। তিনি চার হাজার দিরহাম দিয়া একটি ঘোড়া ক্রয় করিয়াছিলেন। লোকেরা ইহাকে অত্যন্ত চড়ামূল্য বলিয়া মত প্রকাশ করিতেছিল। তিনি বলিলেনঃ দুশমনের প্রতি ইহার প্রতিটি পদক্ষেপ আমার নিকটে চার হাজার দিরহামের চেয়ে অধিক পছন্দনীয়।
📄 রক্ত অপেক্ষা সুন্দর পোষাক আর নাই
হাদীস নং ১৩৭ - আমর বিন উতবাহ বিন ফারক্বাদ এক অভিযানে বাহির হইলেন, যাহাতে তাঁহার পিতাও ছিলেন। আমর কিহজের জুব্বা পরিধান করিলেন, কিহজ হইল (এক জাতীয়) সাদা কাপড়। অতঃপর বলিলেন এই শরীরে ইহার চেয়ে অধিক সুন্দর পোষাক আর কী হইতে পারে? মুতাররিফ বলিলেন, অমুক ধরনের রেশম মিশ্রিত কাপড়। তিনি বলিলেন, আমার মতে ইহার জন্য রক্ত অপেক্ষা অধিক সুন্দর পোষাক আর কিছুই নাই।
📄 আল্লাহর নিকট তিনটি জিনিষ চাহিয়াছি
হাদীস নং ১৩৮ - আমর ইবনে উতবাহ ইবনে ফারক্বাদ হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহতায়ালার নিকটে তিনটি জিনিস চাহিয়াছি তন্মধ্যে তিনি (আমাকে) দুইটি দান করিয়াছেন এবং আমি তৃতীয়টির প্রতিক্ষায় রহিয়াছি। আমি তাহার নিকটে প্রার্থনা করিয়াছি, তিনি যেন আমাকে দুনিয়া হইতে অনাসক্ত করিয়া দেন (তিনি আমার প্রার্থনা মঞ্জুর করিয়াছেন) অতঃপর দুনিয়ার কী আসিল কী চলিয়া গেল ইহাতে আমার কোনই মাথা ব্যথা নেই। আমি প্রার্থনা করিয়াছি, তিনি যেন আমাকে নামাযের শক্তি প্রদান করেন, তিনি আমাকে উহা দান করিয়াছেন, এবং আমি তাহার নিকটে শাহাদাত কামনা করিয়াছি। আমি উহার আশাপোষন করি।
📄 হে খোদার সেনা দল আরোহন কর
হাদীস নং ১৩৯ - সুদ্দী বলেন, আমর বিন উতবার চাচাতো ভাই আমাকে বর্ণনা করিয়াছেন যে, আমরা একটি মনোরম চারণভূমিতে অবতরণ করিলাম। তখন আমর বিন উতবাহ বলিলেনঃ এই চারণভূমিটি কতো মনোরম! এবং এই মুহূর্তটি কত উত্তম যদি কোন মুনাদী এই হাঁক দিত, হে খোদার সেনাদল! আরোহণ কর। অতঃপর এক ব্যক্তি অগ্রগামী বাহিনীর সহিত বাহির হইয়া পড়িত এবং যখমী হইত অতঃপর তাহাকে সরাইয়া আনিয়া এই চারণভূমিতে দাফন করা হইত!
বর্ণনাকারী বলেন মুহূর্তের মধ্যেই একজন মুনাদী আহ্বান করিল, হে আল্লাহর বাহিনী! আরোহণ কর। একটি শহরের ব্যাপারে বলিল যাহারা ইতিপূর্বে সন্ধি করিয়াছিল শহরবাসী বিশ্বাসঘাতকতা করিয়াছে। সাথে সাথে আমর ও দ্রুতগামী লোকেরা ছুটিলেন। তাহার পিতাকে এই সংবাদ দেওয়া হইলে তিনি বলিলেনঃ আমরকে ফিরাইয়া আন এবং তাহার খোঁজে লোক পাঠাইলেন। তাহার নিকটে পৌছিবার পূর্বেই তিনি আঘাত প্রাপ্ত হইলেন। বর্ণনাকারী বলেন আমার ধারণা তাহাকে তাহার বর্শা পুতিবার স্থানেই দাফন করা হইয়াছে। সেদিন উতবাহ সেনাপতি ছিলেন। সুদ্দী ব্যতীত অন্য বর্ণনাকারী বলিয়াছেন, তিনি আহত হইলেন এবং বলিলেন খোদার কসম তুমি বয়সে নবীন এবং আল্লাহতায়ালা নবীনগণকে বরকত দান করিয়া থাকেন। তোমরা সন্ধ্যা পর্যন্ত আমাকে এখানেই থাকিতে দাও যদি এর পরও আমি বাঁচিয়া থাকি তাহা হইলে আমাকে উঠাইয়া নিয়া যাইও। অনন্তর তিনি তাহার সেই স্থানেই মৃত্যুবরণ করিলেন।
টিকাঃ
*১. মূল কিতাবে এ স্থলে অস্পষ্ট। অনুবাদক