📘 কিতাবুল জিহাদ 📄 সাহাবায়ে কিরামের বৈশিষ্ট্য

📄 সাহাবায়ে কিরামের বৈশিষ্ট্য


হাদীস নং ১২৮ - আবু ই'নাবাহ আল খাওয়ালানী হইতে বর্ণিত, তিনি একদা খাওলানের এক মসজিদে বসা ছিলেন এমতাবস্থায় আব্দুল্লাহ বিন আব্দুল মালেক মহামারির ভয়ে জনপদ ত্যাগ করিয়া চলিয়া যাইতেছিলেন। তাহার ব্যাপারে জিজ্ঞাসা করিলে বলা হইলঃ সে মহামারির কারণে (এই জনপদ ছাড়িয়া) চলিয়া যাইতেছে। তখন তিনি ইন্নালিল্লাহ পড়িলেন এবং বলিলেন, আমার ধারণা ছিলনা যে, এই জাতীয় কথা শ্রুতিগোচর হওয়া পর্যন্ত বাঁচিয়া থাকিব! আমি কি তোমাদের নিকটে তোমাদের ভ্রাতৃবৃন্দের বৈশিষ্ট্যাবলী বর্ণনা করিব না? তাহাদের প্রথম বৈশিষ্ট্য হইল: আল্লাহতায়ালার সাক্ষাত লাভ তাহাদের নিকটে মধুর অপেক্ষা অধিক পছন্দনীয় ছিল। দ্বিতীয় বৈশিষ্ট্য হইলঃ তাহারা কোন দুশমনকে ভয় করিতেন না, তারা সংখ্যায় কম হোক বা বেশী হোক। তৃতীয় বৈশিষ্ট্য হইলঃ তাহারা দুনিয়ার অনটনকে ভয় করিতেন না। আল্লাহতায়ালার ব্যাপারে তাহাদের এই আস্থা ছিল যে, তিনি তাহাদিগকে রিযক প্রদান করিবেন। চতুর্থ বৈশিষ্ট্য হইলঃ তাহাদের জনপদে মহামারি দেখা দিলে তাহারা সেই স্থান ত্যাগ করিতেন না। অবশেষে আল্লাহতায়ালা তাঁহাদের ব্যাপারে যা ফয়সালা করিবার করিতেন।

📘 কিতাবুল জিহাদ 📄 শহীদকে মুবারকবাদ

📄 শহীদকে মুবারকবাদ


হাদীস নং ১২৯ - মাসরুক হইতে বর্ণিত, তিনি বলেন: আমরা উমর ইবনুল খাত্তাবের নিকটে বলিলাম, যাহাকে আল্লাহতায়ালা শাহাদাত নসীব করিয়াছেন তাহাকে মুবারকবাদ! উমর বলিলেনঃ তোমরা শাহাদাত বলিতে কি বুঝ? তাহারা বলিলেন: আল্লাহর পথে অভিযানে বাহির হওয়া। তিনি বলিলেনঃ ইহাতো অনেক! তাহারা বলিলেনঃ তাহা হইলে শহীদ কে? তিনি বলিলেনঃ যে আপন আত্মোৎসর্গের বিনিময়ে পুণ্যের আশা রাখে।

📘 কিতাবুল জিহাদ 📄 যদি উভয়ে একত্রে জান্নাতে প্রবেশ করিতাম

📄 যদি উভয়ে একত্রে জান্নাতে প্রবেশ করিতাম


হাদীস নং ১৩০ - আবু যুহাইফা হইতে বর্ণিত, তিনি বলেন: আমরা মিহরান নদীর দিকে এক অভিযানে যাইতেছিলাম। আমাদের সহিত আবু আসাবা নামীয় আযদ গোত্রের এক ব্যক্তি ছিল। সে কাঁদিতে লাগিল। আমরা বলিলাম লোকটি কি অস্থির হইয়া পড়িয়াছে? সে বলিল, না, ব্যাপার হইল আমি আসাবাকে (অর্থাৎ তাহার পুত্র) হাওদায় রাখিয়া আসিয়াছি। এখন আমার ইচ্ছা জাগিয়াছে যদি সে আমার সহিত থাকিত এবং উভয়ে একত্রে জান্নাতে প্রবেশ করিতাম!

📘 কিতাবুল জিহাদ 📄 আমি আল্লাহর পথে আরেকটু অগ্রসর হইবো

📄 আমি আল্লাহর পথে আরেকটু অগ্রসর হইবো


হাদীস নং ১৩১ - হযরত আওন ইবনে আব্দুল্লাহ হইতে বর্ণিত, তিনি বলেন, কাদেসিয়্যাহর যুদ্ধের দিন তিনি এক ব্যক্তির নিকট দিয়া গমন করিলেন, তাহার নাড়িভুঁড়ি বাহির হইয়া পড়িয়াছিল: তিনি তাহার নিকট দিয়া অতিক্রমকারী এক ব্যক্তিকে বলিলেন, আমার ইহা একটু সামলাইয়া দাও আমি হয়ত আল্লাহর পথে এক বর্শা বা দুই বর্শা পরিমাণ আরো অগ্রসর হইব। বর্ণনাকারী বলেন, তিনি তাহার নিকট দিয়া অতিক্রম করিলেন, তিনি তখন এক বর্শা বা দুই বর্শা পরিমাণ অগ্রসর হইয়াছেন।

ফন্ট সাইজ
15px
17px