📄 তিনি আমার চেয়ে উত্তম
হাদীস নং ১১৫ - মুহাম্মাদ ইবনুল আসওয়াদ ইবনে খালাফ ইবনে বায়াদাহ আল খুজায়ী হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা ও কুরাইশের কিছু লোক কাবাঘরের হাতীমে বসা ছিলাম, কেহ বলিল, গত রাত্রে আমর ইবনুল আস মিসর হইত আগমন করিয়াছেন। যখন তাহার তাওয়াফ শেষ হইল, তিনি হাতীমে আসিলেন এবং দুই রাকাত নামায পড়িলেন অতঃপর বলিলেন, মনে হইতেছে তোমরা আমার নিন্দা করিতেছিলে? লোকেরা বলিলঃ আমরা শুধু ভালো কথাই বলিয়াছি। আমরা আপনার ও হিশামের আলোচনা করিতেছিলাম, আমাদের কেহ বলিল, এ উত্তম, কেহ বলিল, ও উত্তম। আমর বলিলেন, আমি এব্যাপারে তোমাদিগকে বলিতেছি: আমরা উভয়ে ইসলাম গ্রহণ করিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিলাম ও তাঁহার জন্য কল্যাণকামী হইলাম। অতঃপর ইয়ারমুকের যুদ্ধের কথা বলিতে গিয়া বলিলেন, খিমার খুটি ধরা হইল, তিনি গোসল করিলেন, সুগন্ধি লাগাইলেন এবং কাফনের কাপড় পরিধান করিলেন। অতঃপর খিমার খুটি ধরা হইল এবং আমি গোসল করিলাম, সুগন্ধি লাগাইলাম এবং কাফনের কাপড় পরিধান করিলাম অতঃপর উভয়ে আল্লাহতায়ালার সামনে পেশ হইলাম। আল্লাহতায়ালা তাহাকে গ্রহণ করিলেন। অতএব তিনি আমার চেয়ে উত্তম।
আবু উমর বলেন, আমর ইবনে শুয়াইব বলিয়াছেন: আমর ইয়ারমুকের যুদ্ধের দিন তাহার তাবুর খুটির সাথে সত্তরটি তরবারী ঝুলাইয়াছিলেন। উহারা সকলেই বনু সাহমের নিহত লোক ছিল।
📄 সোনালী মানুষ
হাদীস নং ১১৬ - আবুল জাহম বিন হুযাইফা আল আদওয়ী হইতে বর্ণিত, তিনি বলেন, আমি ইয়ারমুকের যুদ্ধের দিন আমার চাচাতো ভাইয়ের সন্ধানে বাহির হইলাম। আমার নিকটে এক মশক পানি ও একটি পেয়ালা ছিল। ইচ্ছা ছিল, যদি তাহার কিছুমাত্র প্রাণ বাকী থাকে তাহা হইলে তাহাকে পানি পান করাইব এবং তাহার মুখমণ্ডল মুছিয়া দিব। হঠাৎ দেখিতে পাইলাম তিনি আমার নিকটেই ভূমি শয্যায় শায়িত, অন্তিম মুহুর্তের কিছুটা হুশ তাহার মধ্যে বিদ্যমান। আমি জিজ্ঞাসা করিলাম, পানি দিব? তিনি ইঙ্গিত করিলেন, হাঁ। ইত্যবসরে আরেক ব্যক্তি বলিলেনঃ আহ! চাচাত ভাই ইঙ্গিতে বলিলেন, উহার নিকটে যাও। দেখিলাম, তিনি হিশাম ইবনুল আস। আমি তাহার নিকটে আসিলাম এবং বলিলামঃ পানি দিব? এমতাবস্থায় অপর আরেক ব্যক্তির আহ ধ্বনি শ্রুতি গোচর হইল। তখন হিশামও তাহার নিকটে পানি নিয়া যাইবার ইঙ্গিত করিলেন। আমি তাহার নিকটে আসিয়া দেখিলাম তিনি মৃত্যুবরণ করিয়াছেন। অতঃপর হিশামের নিকটে আসিয়া দেখি তিনিও ইহধাম ত্যাগ করিয়াছেন। ভাইয়ের নিকটে আসিয়া দেখি তিনিও আর ইহ জগতে নাই।
📄 রোযাদার শহীদ
হাদীস নং ১১৭ - হযরত ইবনে উমর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি, আব্দুল্লাহ বিন মাখরামা ও আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালেম ইয়ামামার যুদ্ধে একসাথে বাহির হইলাম। আমাদের প্রত্যেকের উপর একদিন করিয়া দেখাশোনা ও পাহারাদারীর দায়িত্ব নির্ধারিত ছিল। যেই দিন যুদ্ধ আরম্ভ হইল সেই দিনের দায়িত্ব ছিল আমার ভাগে। আমি অগ্রসর হইয়া দেখিলাম আব্দুল্লাহ ইবনে মাখরামাহ ভূপাতিত হইয়া আছেন। আমি তাহার উপর ঝুকিলাম, তিনি বলিলেন, রোযাদার ব্যাক্তির জন্য কি ইফতারের সময় হইয়াছে? আমি বলিলাম জ্বি না। তিনি বলিলেনঃ আমার জন্য এই ঢালের মধ্যে কিছু রাখ যাহাতে আমি ইফতার করিতে পারি। আমি ইহাই করিলাম অতঃপর তাহার নিকটে ফিরিয়া আসিয়া দেখি তিনি ইন্তেকাল করিয়াছেন।
📄 দ্বীনের পতাকাবাহী
হাদীস নং ১১৮ - ইবরাহীম ইবনে হানযালাহ তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, আবু হুযাইফার আযাদকৃত গোলাম সালেমকে সেইদিন পতাকার ব্যাপারে বলা হইল অর্থাৎ আপনি ইহা বহন করিবেন। অপর একজন বলিলেন, আপনি কি নিজের ব্যাপারে ভয় করিতেছেন তাহা হইলে অন্য কেহ পতাকার দায়িত্ব গ্রহণ করুক? তিনি বলিলেনঃ তাহা হইলে তো আমি একজন নিকৃষ্ট কোরআন বহনকারী হইব। তাহার ডান হাত কাটিয়া ফেলা হইল তিনি বাম হাতে পতাকা সামলাইলেন। বাম হাত কাটিয়া ফেলা হইল তিনি পতাকাটিকে বুকের সাথে চাপিয়া ধরিয়া রাখিলেন। তিনি তখন বলিতেছিলেন- (অমা মুহাম্মাদুন ইল্লা রাসূল) মুহাম্মাদ একজন রাসূল মাত্র। এবং (অক্বায়্যিম মিন নাবিয়্যিন ক্বাতালা মাআহু রিব্বিয়্যূনা কাছীর) এবং কত নবী যুদ্ধ করিয়াছে তাহাদের সাথে বহু আল্লাহ ওয়ালা ছিল। যখন তিনি ভূপাতিত হইয়া গেলেন তখন তাহার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করিলেন আবু হুযাইফার কি অবস্থা? বলা হইল, তিনি নিহত হইয়াছেন। তখন তিনি বলিলেনঃ তাহা হইলে আমাকে ঐ দুইজনের মধ্যখানে শোয়াইয়া দাও।