📄 আমার পছন্দের বিষয়
হাদীস নং ১০৮ - সামুরাহ ইবনে ফাতেক হইতে বর্ণিত, তিনি বলেন, আমার ইহা পছন্দ নয় যে আমার স্ত্রী একটি পুত্র সন্তান প্রসব করিবে বা ইহাও পছন্দ নয় যে, আমার ঘোড়া তাহার (সদ্য প্রসূত) শাবকের প্রতি মমতাময়ী হইবে। আমার পছন্দের বিষয় হইল, আমার প্রতিটি দিবস এমন হইবে যে, আমার সমবয়স্ক, লৌহবর্ম পরিহিত কোন মুশরিক আমার উপর আক্রমণ করিবে। যদি সে আমাকে হত্যা করিতে পারে তো হত্যা করিবে আর যদি আমি তাহাকে হত্যা করিয়া ফেলি তবে তাহার মত আরেকজন আসিয়া আমার মৃত্যু পর্যন্ত আক্রমন শানাইবে।
📄 উত্তম যুবক
হাদীস নং ১০৯ - সামুরাহ হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, উত্তম যুবক সামুরা যদি সে তাহার চুল খাটো করিত এবং লুঙ্গি গুটাইত! তখন তিনি এরূপই করিলেন, চুল খাটো করিলেন এবং লুঙ্গি গুটাইয়া লইলেন।
📄 অন্ধ মুজাহিদ
হাদীস নং ১১০ - আতিয়্যাহ বিন আবী আতিয়্যাহ হইতে বর্ণিত, তিনি ইবনে উম্মে মাকতুম (একজন অন্ধ সাহাবী) কে কুফার যুদ্ধসংকুল দিনসমূহের একদিনে দেখিয়াছেন যে, তিনি পূর্ণ বর্ম পরিহিত অবস্থায় কাতারের মধ্যে হাটিতেছেন।
📄 সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি
হাদীস নং ১১১ - হযরত আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ব্যক্তির সর্বাপেক্ষা নিকৃষ্ট বৈশিষ্ট্য হইল অস্থিরকারী লালসা এবং হৃদপিণ্ড উৎপাটনকারী ভীরুতা।