📄 আমাকে অনুমতি দিন
হাদীস নং ১০২- হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যাব বলেন, যখন হযরত আবু বকর (রাযিঃ) খলীফা হইলেন তখন বেলাল শামে যাইবার প্রস্তুতি গ্রহণ করিলেন। আবু বকর (রাযিঃ) বলিলেন, ওহে বেলাল! তোমার ব্যাপারেতো আমার এই ধারনা ছিলনা যে, তুমি আমাদিগকে এই অবস্থায় ছাড়িয়া যাইবে। তুমি যদি আমাদের সহিত অবস্থান করিতে এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করিতে! বিলাল বলিলেনঃ আপনি যদি আমাকে আল্লাহর জন্য আযাদ করিয়া থাকেন তাহা হইলে আমাকে ছাড়িয়া দিন, আমি আল্লাহর নিকটে চলিয়া যাই আর যদি আপনার জন্য আযাদ করিয়া থাকেন তাহা হইলে আমাকে আপনার নিকটেই আবদ্ধ রাখুন। ইহা শুনিয়া আবু বকর তাহাকে অনুমতি দিলেন এবং তিনি শামে চলিয়া গেলেন ও সেখানেই মৃত্যুবরণ করিলেন।
📄 অভিযানে বাহির হইয়া পড়
হাদীস নং ১০৩ - আব্দুর রহমান বিন যুবাইর বিন নুফাইর তাহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন, আমরা দামেস্কে মিকদাদ বিন আসওয়াদের নিকটে বসিলাম। তিনি আমাদিগকে একটি কাঠের সিন্দুকের উপর বসিয়া হাদীস শুনাইতেন। তিনি বসিলে উহাতে কোন বাড়তি স্থান থাকিত না। এক ব্যক্তি তাহাকে বলিল, আপনি যদি এই বছর যুদ্ধাভিযান হইতে বিরত থাকিতেন! তিনি বলিলেন, "বুহুছ" অর্থাৎ সুরায়ে তাওবা এই প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছে। আল্লাহতায়ালা বলিয়াছেন (ইনফিরু খিফাফান ওয়া ছিক্বালা) অভিযানে বাহির হইয়া পড় হালকা অবস্থায় হউক অথবা ভারি অবস্থায়। আবু উসমান বলেন, সূরাটিকে সূরায়ে বুহুছ এই জন্য বলা হয় যে ইহাতে মুনাফিক সম্পর্কে বহছ বা আলোচনা রহিয়াছে।
📄 সর্বাবস্থায় জিহাদ কর
হাদীস নং ১০৪ - আনাস ইবনে মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন আবু তালহা, এই আয়াত তেলাওয়াত করিলেন (ইনফিরু খিফাফান ওয়া ছিক্বালা) অভিযানে বাহির হইয়া পড় হালকা অবস্থায় হউক অথবা ভারি অবস্থায়। অতঃপর বলিলেন, আল্লাহতায়ালা আমাদিগকে আদেশ করিয়াছেন এবং যৌবন ও বার্ধক্য উভয় অবস্থাতেই বাহির হইতে বলিয়াছেন। তোমরা আমার যুদ্ধযাত্রার সরঞ্জামাদী প্রস্তুত করিয়া দাও। তাহার পুত্রগণ বলিলেন: আল্লাহ আপনার উপর রহম করুন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুবকর ও উমর এর সময়ে যুদ্ধে গিয়াছেন। এখন আমরা আপনার পক্ষ হইতে যুদ্ধে যাইব। (এরপরও) তিনি সমূদ্রের এক অভিযানে বাহির হইলেন এবং মৃত্যুবরণ করিলেন। তাহাকে দাফন করিবার জন্য লোকেরা একটি দ্বীপের সন্ধান করিতেছিলেন কিন্তু সাত দিন অতিবাহিত হওয়ার পূর্বে তাহারা উহার সন্ধান পাইলেন না। অথচ এতদিন পর্যন্ত তাহার মৃতদেহে কোনই পরিবর্তন সাধিত হয় নাই।
📄 আমাকে তরবারী দিয়া প্রেরণ করিয়াছেন
হাদীস নং ১০৫ - তাউস ইয়ামানী হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আল্লাহতায়ালা কিয়ামতের নিকটবর্তী সময়ে আমাকে তরবারী দিয়া প্রেরণ করিয়াছেন এবং আমার রিযিক আমার বর্শার ছায়াতলে রাখিয়াছেন। আমার পথ পরিত্যাগকারীদের জন্য লাঞ্ছনা ও অপমান রাখিয়াছেন এবং যে যেই জাতির সহিত সামঞ্জস্য রাখিবে সে তাহাদেরই অর্ন্তভূক্ত বলিয়া বিবেচিত হইবে।