📘 কিতাবুল জিহাদ 📄 তাহারাই ছিলেন রাসূলের সঙ্গী

📄 তাহারাই ছিলেন রাসূলের সঙ্গী


হাদীস নং ৯৭ - উমাই আল মুরাদী হইতে বর্ণিত, তিনি বলেন, আবুল উবাইদাইন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলিলেন, হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীবৃন্দ! তোমরা পরস্পর মতানৈক্য করিয়া আমাদিগকে কষ্টের সম্মুখীন করিওনা। আব্দুল্লাহ বলিলেন, হে আবুল উবাইদাইন! আল্লাহ তোমাকে রহম করুন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীতো তাহারাই ছিলেন যাহারা তাঁহার সহিত নিজ (পরিধেয়) চাদরসমূহের মধ্যেই সমাহিত হইয়াছেন।

📘 কিতাবুল জিহাদ 📄 জীবন্ত শহীদ

📄 জীবন্ত শহীদ


হাদীস নং ৯৮ - জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন মুয়াবিয়া "কানাত” খনন করিতে চাইলেন তখন ঘোষণা করা হইল, (এখানে) যাহার কোন মৃত আত্মীয়ের লাশ রহিয়াছে সে যেন তাহার নিকটে উপস্থিত হয় অর্থাৎ উহুদের মৃতগণ। বর্ণনাকারী বলেন অতঃপর আমরা তাহাদিগকে একদম তরুতাজা বাহির করিলাম। তিনি বলেন: তাহাদের মধ্যে এক ব্যক্তির আঙ্গুলে কোদালের আঘাত লাগিয়াছিল সঙ্গে সঙ্গে উহা হইতে গল গল করিয়া রক্ত প্রবাহিত হইতে লাগিল। আবু সাঈদ খুদরী বলেন, ইহার পর কোন অস্বীকারকারী কখনো অস্বীকার করিবে না।

📘 কিতাবুল জিহাদ 📄 শহীদের আবাসস্থল

📄 শহীদের আবাসস্থল


হাদীস নং ৯৯ - ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত, যখন উহুদ প্রান্তরে শহীদগণ শাহাদাত বরণ করিলেন এবং স্ব স্ব আবাসস্থলে উপনীত হইলেন তখন তাহারা তাহারা তাহাদের এমন কিছু বন্ধুবর্গের আবাসস্থল ও দেখিলেন যাহারা এখনও শহীদ হন নাই, ভবিষ্যতে শহীদ হইবেন। তখন তাহারা বলিয়া উঠিলেন, আমরা আল্লাহর নিকটে যেই কল্যাণ লাভ করিয়াছি আমাদের সঙ্গীগণ উহা কিভাবে অবগত হইতে পারেন? তখন (ওলা তাহসাবান্নাল্লাজিনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়ায়ুন ইনদা রাব্বিহিম ইউরজাকুন) [যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছেন তাহাদিগকে মৃত মনে করিওনা বরং তাহারা জীবিত তাহাদের পালনকর্তার নিকটে রিযিক লাভ করিতেছে।] এই আয়াতের শেষ পর্যন্ত অবতীর্ণ হইল।

📘 কিতাবুল জিহাদ 📄 বদরী সাহাবীগণের মর্যাদা

📄 বদরী সাহাবীগণের মর্যাদা


হাদীস নং ১০০ - হাসান বলিয়াছেন, যখন লোকেরা উমরের দরজায় উপস্থিত হইল যাহাদের মধ্যে সুহাইল বিন আমর, আবু সুফিয়ান ইবনে হারব এবং কুরাইশের ঐসব বৃদ্ধগণ ও ছিলেন। তখন অনুমতিদানকারী বাহিরে আসিলেন এবং বদর যুদ্ধে অংশগ্রহণকারীগণকে অনুমতি দিতে লাগিলেন, সুহাইব, বিলাল এবং অন্যান্য বদরীগণকে। খোদার কসম তিনি (উমর) নিজেও বদরী ছিলেন এবং বদরী সাহাবীগণকে ভালোবাসিতেন এবং তিনি উহাদের ব্যাপারে বিশেষভাবে আদিষ্ট ছিলেন। তখন আবু সুফিয়ান বলিলেন, অদ্যকার মততো আর কখনও দেখি নাই এই সব দাসদিগকে অনুমতি দেওয়া হইতেছে অথচ, আমরা বসিয়া আছি। সুহাইল বিন আমর উত্তরে বলিলেন, তাহার মত পুরুষই হয়না! তাহার মত সুবিবেচকও আর নাই। হে জনমণ্ডলী! খোদার কসম আমি তোমাদের মুখমণ্ডলে পরিস্ফুট অপ্রসন্নতা অবলোকন করিতেছি। যদি তোমাদের মনে ক্রোধের উদ্রেক হইয়া থাকে তাহা হইলে নিজেদের উপরই ক্রোধান্বিত হও। তাহাদিগকেও আহবান করা হইয়াছিল তোমাদিগকেও আহবান করা হইয়াছিল। তাহারা দ্রুত আহবানে সাড়া দিয়াছে এবং তোমরা বিলম্ব করিয়া ফেলিয়াছ। খোদার কসম অদৃশ্য জগতের যেই মর্যাদায় তাহারা তোমাদের চেয়ে অগ্রগামী হইয়া গিয়াছে তাহা হারাইবার বেদনা তোমাদের জন্য এই দরজা (দৃশ্যমান মর্যাদা) হইতেও অধিক মর্মান্তিক হইবে যাহার ব্যাপারে তোমরা তাহাদের প্রতি ঈর্ষান্বিত হইয়া পড়িয়াছ। অতঃপর তিনি বলিলেন, হে জন মন্ডলী! ইহারা তোমাদের চেয়ে ঐ বিষয়ে অগ্রগামী হইয়াগিয়াছে যাহা তোমরা দেখিতেছ। অতএব এই ব্যাপারে তোমাদের কিছুই করিবার নেই। এখন এই জিহাদের প্রতি মনোনিবেশ কর এবং উহাতে অংশগ্রহন কর হয়তবা আল্লাহ তোমাদিগকে শাহাদাত নসীব করিবেন অতঃপর তিনি তাহার কাপড় ঝাড়িলেন এবং শামে চলিয়া গেলেন। হাসান বলেন, খোদার কসম। তিনি সত্যই বলিয়াছেন। আল্লাহতায়ালা তাহার প্রতি দ্রুত ধাবিত বান্দাকে কখনো বিলম্বকারী বান্দার সমপর্যায়ভূক্ত করেন না।

ফন্ট সাইজ
15px
17px