📄 রাসূলের পতাকাবাহী
হাদীস নং ৯৫ - উবাইদ বিন উমাইর হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে কিছুক্ষণ থামিলেন। তিনি উহুদের দিন শহীদ হইবার পর উপুড় হইয়া পড়িয়াছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকাবাহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا
মুমিনদের মধ্যে কতক আল্লাহর সহিত তাহাদের কৃত অঙ্গীকারকে পূর্ণ করিয়াছে। উহাদের কেহ কেহ শাহাদাত বরণ করিয়াছে এবং কেহ কেহ প্রতীক্ষায় রহিয়াছে। উহারা তাহাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করে নাই। (আহযাব, আয়াতঃ২৩)
অতঃপর আল্লাহর রাসূল তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিতেছেন যে, তোমরা কিয়ামতের দিন আল্লাহতায়ালার নিকটে শহীদ হিসেবে বিবেচিত হইবে। অতঃপর মানুষের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, হে লোক সকল তোমরা তাহাদের নিকটে আসিবে এবং তাহাদের যিয়ারত করিবে এবং তাহাদিগকে সালাম দিবে। ঐ সত্তার কসম যাহার হাতে আমার প্রান! কিয়ামত পর্যন্ত যে-ই তাহাদিগকে সালাম করিবে তাহারা উহার জওয়াব দিবে।
📄 নিঃস্ব শহীদ
হাদীস নং ৯৬ - সা'দ ইবনে ইবরাহীম তাহার পিতা হইতে বর্ণনা করেন যে আব্দুর রহমান ইবনে আউফ দিনভর রোযা রাখিয়াছিলেন। তাঁহার সামনে খাবার উপস্থিত করা হইলে তিনি বলিলেন, মুস'আব ইবনে উমাইর আমার চেয়ে উত্তম ব্যক্তি ছিলেন অথচ তাঁহাকে এমন একটি চাদর দ্বারা কাফন দেওয়া হইল যে তাঁহার মাথা ঢাকিলে পদদ্বয় বাহির হইয়া পড়িত এবং পদদ্বয় ঢাকিলে মাথা বাহির হইয়া পড়িত। বর্ণনাকারী বলেন আমার যতদুর মনে পড়ে তিনি বলিয়াছেন, এবং হামযা নিহত হইলেন তিনি ও আমার চেয়ে উত্তম ব্যক্তি ছিলেন। অতঃপর আমাদের জন্য দুনিয়া প্রশস্ত হইয়া গেল অথবা তিনি বলিয়াছেন, আমাদিগকে দুনিয়া প্রদান করা হইল। আমার আশংকা হইতেছে আমাদের পূণ্য কর্মের বিনিময় আমাদিগকে সময়ের পূর্বেই প্রদান করা হইতেছে। অতঃপর তিনি ক্রন্দন করিতে লাগিলেন এবং খাবার পরিত্যাগ করিলেন।
📄 তাহারাই ছিলেন রাসূলের সঙ্গী
হাদীস নং ৯৭ - উমাই আল মুরাদী হইতে বর্ণিত, তিনি বলেন, আবুল উবাইদাইন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলিলেন, হে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীবৃন্দ! তোমরা পরস্পর মতানৈক্য করিয়া আমাদিগকে কষ্টের সম্মুখীন করিওনা। আব্দুল্লাহ বলিলেন, হে আবুল উবাইদাইন! আল্লাহ তোমাকে রহম করুন, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীতো তাহারাই ছিলেন যাহারা তাঁহার সহিত নিজ (পরিধেয়) চাদরসমূহের মধ্যেই সমাহিত হইয়াছেন।
📄 জীবন্ত শহীদ
হাদীস নং ৯৮ - জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন মুয়াবিয়া "কানাত” খনন করিতে চাইলেন তখন ঘোষণা করা হইল, (এখানে) যাহার কোন মৃত আত্মীয়ের লাশ রহিয়াছে সে যেন তাহার নিকটে উপস্থিত হয় অর্থাৎ উহুদের মৃতগণ। বর্ণনাকারী বলেন অতঃপর আমরা তাহাদিগকে একদম তরুতাজা বাহির করিলাম। তিনি বলেন: তাহাদের মধ্যে এক ব্যক্তির আঙ্গুলে কোদালের আঘাত লাগিয়াছিল সঙ্গে সঙ্গে উহা হইতে গল গল করিয়া রক্ত প্রবাহিত হইতে লাগিল। আবু সাঈদ খুদরী বলেন, ইহার পর কোন অস্বীকারকারী কখনো অস্বীকার করিবে না।