📘 কিতাবুল জিহাদ 📄 সঙ্গীর প্রতি মনোযোগ দাও

📄 সঙ্গীর প্রতি মনোযোগ দাও


হাদীস নং ৯১ - হযরত আয়েশা (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে বলিয়াছেন, উহুদ যুদ্ধের দিন সর্ব প্রথম প্রত্যাবর্তনকারীদের মধ্যে আমিও ছিলাম। আমি যাহা হারাইবার তাহা হারানোর পর দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একজন ব্যক্তি রহিয়াছেন যিনি তাঁহার সামনে লড়িতেছেন। বর্ণনাকারী বলেন: আমার ধারণা তিনি বলিয়াছেন "এবং তাঁহাকে রক্ষা করিতেছেন" আমি মনে মনে বলিলাম, তিনি ছিলেন তালহা। আমার ও মুশরিকদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। আমি রাসূলের অধিক নিকটবর্তী ছিলাম আর তিনি খুব দ্রুতগতিতে দৌড়াইয়া আসিতেছিলেন। আমি বুঝিতে পারিতেছিলাম না তিনি কে? অবশেষে আমি খুব দ্রুত রাসূলের নিকট পৌঁছিলাম। দেখিলাম, শিরস্ত্রানের দুইটি আংটা তাঁহার মুখমণ্ডলে গাঁথিয়া গিয়াছে। এদিকে লোকটিকে চিনিতে পারিলাম তিনি হইলেন আবু উবাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা তোমাদের এই সঙ্গীর প্রতি মনোযোগ দাও। অর্থাৎ ত্বালহার প্রতি। তাহার প্রচুর রক্তক্ষরণ হইয়াছিল। কিন্তু তিনি তাহার দিকে লক্ষ্য করিলেন না। আমরা উভয়ে রাসূলের প্রতি মনোযোগী হইলাম। আবু উবাইদা চাহিতেছিলেন আমি যেন তাহাকে সুযোগ দেই। তিনি নাছোড় বান্দা হইয়া রহিলেন অবশেষে আমি তাহাকে সুযোগ দিলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝুঁকিলেন এবং একটি আংটা (কামড়াইয়া) ধরিলেন যাহা রাসূলের চেহারায় গাঁথিয়া গিয়াছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইবেন এই ভয়ে আংটাটি হেলাইলেন না বরং শক্ত করিয়া কামড়াইয়া ধরিয়া সোজা হইয়া গেলেন ফলে তাঁহার সামনের একটি দাঁত পড়িয়া গেল এবং আংটাটি বাহির হইয়া আসিল। তখন আমি বলিলাম এবার আমাকে সুযোগ দিন কিন্তু তিনি পুনরায় আসিয়া আমার নিকটে আবেদন করিলেন। অতঃপর দ্বিতীয় আংটাটির উপর ঝুঁকিলেন এবং ইহাকেও প্রথমটার মত বাহির করিলেন এবং তাঁহার দ্বিতীয় আরেকটি দাঁত ও পড়িয়া গেল। সেই দিন হইতে আবু উবাইদার সামনের দুইটি দাঁত ছিলনা।

📘 কিতাবুল জিহাদ 📄 পঁচাত্তরটি আঘাত

📄 পঁচাত্তরটি আঘাত


হাদীস নং ৯২ - মুসা ইবনে তালহা বলিয়াছেন, যখন ত্বালহা ফিরিলেন তখন তাহার দেহে তীর বর্শা ও তরবারীর পঁয়ত্রিশটি অথবা পঁচাত্তরটি আঘাত ছিল। তাহার কপালের পার্শ্বসমূহ ক্ষত বিক্ষত হইয়া গিয়াছিল, একটি ধমনী কাটিয়া গিয়াছিল এবং বৃদ্ধাঙ্গুলির পাশের এই আঙ্গুলটি অবশ হইয়া গিয়াছিল।

📘 কিতাবুল জিহাদ 📄 অবধারিত করিয়া ফেলিয়াছে

📄 অবধারিত করিয়া ফেলিয়াছে


হাদীস নং ৯৩- যুবাইর বলেন, আমি সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, ত্বালহা অবধারিত করিয়া ফেলিয়াছে।

হাদীস নং ৯৪ - আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবী সা'সাআহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কে আছ যে সা'দ বিন রাবীর অবস্থা জানিয়া আমাকে তাহা জানাইবে? তখন আনসারগণের মধ্যে একব্যক্তি বলিলেন, আমি, ইয়া রাসূলুল্লাহ! বর্ণনাকারী বলেনঃ অতঃপর তিনি মৃত ব্যক্তিদের মধ্যে খুজিতে লাগিলেন অবশেষে সা'দ কে আহত ও মুমুর্ষ অবস্থায় পাইলেন। তখন তিনি তাহাকে বলিলেন, হে সা'দ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখিতে বলিয়াছেন, তুমি কি জীবিতদের মধ্যে আছ নাকি মৃতদের মধ্যে? তিনি বলিলেন, আমি মৃতদের মধ্যে। আমার পক্ষ হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানাইবে এবং বলিবে সা'দ আপনাকে বলিয়াছেঃ আল্লাহতায়ালা আপনাকে আমাদের পক্ষ হইতে সর্বোত্তম বিনিময় দান করুন যা একজন নবীকে তাঁহার উম্মতের পক্ষ হইতে দান করিবেন। এবং আমার স্বজাতিকে আমার পক্ষ হইতে সালাম দিবে এবং তাহাদিগকে বলিবে সা'দ তোমাদিগকে বলিয়াছে, তোমাদের মধ্যে চোখের পলক ফেলিবার শক্তি বিদ্যমান থাকা অবস্থায় যদি (দুশমনের পক্ষে) তোমাদের নবী পর্যন্ত পৌঁছার সুযোগ হয় তাহা হইলে আল্লাহতায়ালার নিকটে তোমাদের কোন ওযরই চলিবে না।

📘 কিতাবুল জিহাদ 📄 রাসূলের পতাকাবাহী

📄 রাসূলের পতাকাবাহী


হাদীস নং ৯৫ - উবাইদ বিন উমাইর হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের সামনে কিছুক্ষণ থামিলেন। তিনি উহুদের দিন শহীদ হইবার পর উপুড় হইয়া পড়িয়াছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পতাকাবাহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا

মুমিনদের মধ্যে কতক আল্লাহর সহিত তাহাদের কৃত অঙ্গীকারকে পূর্ণ করিয়াছে। উহাদের কেহ কেহ শাহাদাত বরণ করিয়াছে এবং কেহ কেহ প্রতীক্ষায় রহিয়াছে। উহারা তাহাদের অঙ্গীকারে কোন পরিবর্তন করে নাই। (আহযাব, আয়াতঃ২৩)

অতঃপর আল্লাহর রাসূল তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিতেছেন যে, তোমরা কিয়ামতের দিন আল্লাহতায়ালার নিকটে শহীদ হিসেবে বিবেচিত হইবে। অতঃপর মানুষের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, হে লোক সকল তোমরা তাহাদের নিকটে আসিবে এবং তাহাদের যিয়ারত করিবে এবং তাহাদিগকে সালাম দিবে। ঐ সত্তার কসম যাহার হাতে আমার প্রান! কিয়ামত পর্যন্ত যে-ই তাহাদিগকে সালাম করিবে তাহারা উহার জওয়াব দিবে।

ফন্ট সাইজ
15px
17px