📄 সৌভাগ্যবান মুজাহিদ
হাদীস নং ৮৮ - ইয়াযীদ ইবনে সাকান হইতে বর্ণিত, তিনি বলেন সেদিন-উহুদের দিন- যখন লড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়া গেল, তিনি সেদিন দুইটি বর্ম পরিধান করিয়াছিলেন এবং যখন শত্রু তাহার নিকটবর্তী হইয়া গেল তখন মুসআব বিন উমাইর এবং আবু দাজানাহ সিমাক বিন খারাশাহ (রাযিঃ) শত্রুর আক্রমন প্রতিহত করিতেছিলেন। শেষ পর্যায়ে মুসআব নিহত হইলেন ও আবু দাজানাহ প্রচুর আঘাতে ক্ষত বিক্ষত হইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমন্ডল আঘাতপ্রাপ্ত হইল, দাঁত ভাঙ্গিয়া গেল, ঠোঁট কাটিয়া গেল এবং কপালে আঘাত লাগিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোন পুরুষ আমাদের জন্য নিজ সত্ত্বাকে বিক্রি করিয়া দিবে? তৎক্ষনাৎ আনসারদের পাঁচজন যুবক লাফাইয়া আসিল তাঁহাদের মধ্যে যিয়াদ বিন সাকান ছিলেন। তাঁহারা সকলেই নিহত হইলেন। তাঁহাদের সর্বশেষ ব্যক্তি ছিলেন যিয়াদ ইবনে সাকান। তিনি নিশ্চল হইয়া যাইবার পূর্ব মুহুর্ত পর্যন্ত লড়াই করিয়াছিলেন অতঃপর মুসলমানদের আরেকটি দল আগাইয়া আসিল এবং লড়াই করিয়া তাঁহার নিকট হইতে শত্রু সেনাদের হটাইয়া দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যিয়াদ বিন সাকানকে) বলিলেন, আমার নিকটে আস, তিনি তখন আঘাতে আঘাতে নিশ্চল হইয়া গিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার কদম বিছাইয়া দিলেন এবং তিনি তাহার উপরই শেষনিঃশ্বাস ত্যাগ করিলেন। তিনি হইলেন যিয়াদ বিন সাকান।
📄 আপনার জন্য আমার প্রাণ উৎসর্গিত
হাদীস নং ৮৯ - হযরত সুফিয়ান ইবনে উয়াইনা হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রায় ত্রিশ জন ব্যক্তি আঘাত প্রাপ্ত হন, প্রত্যেকে আসিয়া তাঁহার সামনে হাঁটু গাড়িয়া বসিতেন অথবা তিনি (বর্ণনাকারী) বলিয়াছেন তাহার সামনে আসিতেন এবং বলিতেন:
وَجْهِي لِوَجْهِكَ الْوِقَاءُ وَنَفْسِي لِنَفْسِكَ الْفِدَاء وَعَلَيْكَ سَلَامُ اللَّهِ غَيْرَ مُوَدَّعٍ
আমার মুখমন্ডল আপনার মুখমণ্ডলের জন্য আবরন এবং আমার সত্ত্বা আপনার সত্ত্বার জন্য উৎসর্গিত। আপনার উপর শান্তি বর্ষিত হউক এবং আপনি দীর্ঘজীবি হউন।
📄 দ্বীনের পক্ষে লড়াই কর
হাদীস নং ৯০-ইবনে আবী নাজীহ তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, এক ব্যক্তি এক আনসারী ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলেন তিনি তখন রক্তেরঞ্জিত ছিলেন। লোকটি বলিলেন ওহে তুমি কি বুঝিতে পারিয়াছ যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হইয়াছেন? আনসারী বলিলেন, মুহাম্মাদ যদি নিহতও হইয়া থাকেন তিনি তো (দ্বীনের সবকিছু) পৌঁছাইয়া দিয়াছেন অতএব তোমরা তোমাদের দ্বীনের পক্ষে লড়াই কর।
📄 সঙ্গীর প্রতি মনোযোগ দাও
হাদীস নং ৯১ - হযরত আয়েশা (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা আমাকে বলিয়াছেন, উহুদ যুদ্ধের দিন সর্ব প্রথম প্রত্যাবর্তনকারীদের মধ্যে আমিও ছিলাম। আমি যাহা হারাইবার তাহা হারানোর পর দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত একজন ব্যক্তি রহিয়াছেন যিনি তাঁহার সামনে লড়িতেছেন। বর্ণনাকারী বলেন: আমার ধারণা তিনি বলিয়াছেন "এবং তাঁহাকে রক্ষা করিতেছেন" আমি মনে মনে বলিলাম, তিনি ছিলেন তালহা। আমার ও মুশরিকদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। আমি রাসূলের অধিক নিকটবর্তী ছিলাম আর তিনি খুব দ্রুতগতিতে দৌড়াইয়া আসিতেছিলেন। আমি বুঝিতে পারিতেছিলাম না তিনি কে? অবশেষে আমি খুব দ্রুত রাসূলের নিকট পৌঁছিলাম। দেখিলাম, শিরস্ত্রানের দুইটি আংটা তাঁহার মুখমণ্ডলে গাঁথিয়া গিয়াছে। এদিকে লোকটিকে চিনিতে পারিলাম তিনি হইলেন আবু উবাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা তোমাদের এই সঙ্গীর প্রতি মনোযোগ দাও। অর্থাৎ ত্বালহার প্রতি। তাহার প্রচুর রক্তক্ষরণ হইয়াছিল। কিন্তু তিনি তাহার দিকে লক্ষ্য করিলেন না। আমরা উভয়ে রাসূলের প্রতি মনোযোগী হইলাম। আবু উবাইদা চাহিতেছিলেন আমি যেন তাহাকে সুযোগ দেই। তিনি নাছোড় বান্দা হইয়া রহিলেন অবশেষে আমি তাহাকে সুযোগ দিলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝুঁকিলেন এবং একটি আংটা (কামড়াইয়া) ধরিলেন যাহা রাসূলের চেহারায় গাঁথিয়া গিয়াছিল কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইবেন এই ভয়ে আংটাটি হেলাইলেন না বরং শক্ত করিয়া কামড়াইয়া ধরিয়া সোজা হইয়া গেলেন ফলে তাঁহার সামনের একটি দাঁত পড়িয়া গেল এবং আংটাটি বাহির হইয়া আসিল। তখন আমি বলিলাম এবার আমাকে সুযোগ দিন কিন্তু তিনি পুনরায় আসিয়া আমার নিকটে আবেদন করিলেন। অতঃপর দ্বিতীয় আংটাটির উপর ঝুঁকিলেন এবং ইহাকেও প্রথমটার মত বাহির করিলেন এবং তাঁহার দ্বিতীয় আরেকটি দাঁত ও পড়িয়া গেল। সেই দিন হইতে আবু উবাইদার সামনের দুইটি দাঁত ছিলনা।