📄 পিতার বীরত্বে পুত্র মর্যাদাবান হইলেন
হাদীস নং ৮৭- আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম তাহার পিতা হইতে বর্ণনা করেন, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব যখন লোকদের জন্য ভাতা নির্ধারণ করিতেছিলেন তখন আব্দুল্লাহ বিন হানযালার জন্য দুই হাজার দিরহাম নির্ধারণ করিলেন। অতঃপর ত্বালহা তাহার ভাতুষ্পুত্রকে লইয়া তাহার নিকটে আসিলেন। উমর তাহার জন্য উহার চেয়ে কম নির্ধারণ করিলেন। ত্বালহা বলিলেন, হে আমীরুল মুমিনীন! এই আনসারী ব্যক্তিকে আমার ভ্রাতুষ্পুত্রের উপর প্রাধান্য দিলেন! তিনি বলিলেন, হ্যাঁ, কেননা আমি উহুদের দিন তাহার পিতাকে তরবারী লইয়া এমন উদ্ধতভাবে বিচরণ করিতে দেখিয়াছি যেমন উট বিচরণ করিয়া থাকে।
📄 সৌভাগ্যবান মুজাহিদ
হাদীস নং ৮৮ - ইয়াযীদ ইবনে সাকান হইতে বর্ণিত, তিনি বলেন সেদিন-উহুদের দিন- যখন লড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়া গেল, তিনি সেদিন দুইটি বর্ম পরিধান করিয়াছিলেন এবং যখন শত্রু তাহার নিকটবর্তী হইয়া গেল তখন মুসআব বিন উমাইর এবং আবু দাজানাহ সিমাক বিন খারাশাহ (রাযিঃ) শত্রুর আক্রমন প্রতিহত করিতেছিলেন। শেষ পর্যায়ে মুসআব নিহত হইলেন ও আবু দাজানাহ প্রচুর আঘাতে ক্ষত বিক্ষত হইয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমন্ডল আঘাতপ্রাপ্ত হইল, দাঁত ভাঙ্গিয়া গেল, ঠোঁট কাটিয়া গেল এবং কপালে আঘাত লাগিল। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোন পুরুষ আমাদের জন্য নিজ সত্ত্বাকে বিক্রি করিয়া দিবে? তৎক্ষনাৎ আনসারদের পাঁচজন যুবক লাফাইয়া আসিল তাঁহাদের মধ্যে যিয়াদ বিন সাকান ছিলেন। তাঁহারা সকলেই নিহত হইলেন। তাঁহাদের সর্বশেষ ব্যক্তি ছিলেন যিয়াদ ইবনে সাকান। তিনি নিশ্চল হইয়া যাইবার পূর্ব মুহুর্ত পর্যন্ত লড়াই করিয়াছিলেন অতঃপর মুসলমানদের আরেকটি দল আগাইয়া আসিল এবং লড়াই করিয়া তাঁহার নিকট হইতে শত্রু সেনাদের হটাইয়া দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (যিয়াদ বিন সাকানকে) বলিলেন, আমার নিকটে আস, তিনি তখন আঘাতে আঘাতে নিশ্চল হইয়া গিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁহার কদম বিছাইয়া দিলেন এবং তিনি তাহার উপরই শেষনিঃশ্বাস ত্যাগ করিলেন। তিনি হইলেন যিয়াদ বিন সাকান।
📄 আপনার জন্য আমার প্রাণ উৎসর্গিত
হাদীস নং ৮৯ - হযরত সুফিয়ান ইবনে উয়াইনা হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, উহুদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত প্রায় ত্রিশ জন ব্যক্তি আঘাত প্রাপ্ত হন, প্রত্যেকে আসিয়া তাঁহার সামনে হাঁটু গাড়িয়া বসিতেন অথবা তিনি (বর্ণনাকারী) বলিয়াছেন তাহার সামনে আসিতেন এবং বলিতেন:
وَجْهِي لِوَجْهِكَ الْوِقَاءُ وَنَفْسِي لِنَفْسِكَ الْفِدَاء وَعَلَيْكَ سَلَامُ اللَّهِ غَيْرَ مُوَدَّعٍ
আমার মুখমন্ডল আপনার মুখমণ্ডলের জন্য আবরন এবং আমার সত্ত্বা আপনার সত্ত্বার জন্য উৎসর্গিত। আপনার উপর শান্তি বর্ষিত হউক এবং আপনি দীর্ঘজীবি হউন।
📄 দ্বীনের পক্ষে লড়াই কর
হাদীস নং ৯০-ইবনে আবী নাজীহ তাঁহার পিতা হইতে বর্ণনা করেন, এক ব্যক্তি এক আনসারী ব্যক্তির নিকট দিয়া অতিক্রম করিলেন তিনি তখন রক্তেরঞ্জিত ছিলেন। লোকটি বলিলেন ওহে তুমি কি বুঝিতে পারিয়াছ যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হইয়াছেন? আনসারী বলিলেন, মুহাম্মাদ যদি নিহতও হইয়া থাকেন তিনি তো (দ্বীনের সবকিছু) পৌঁছাইয়া দিয়াছেন অতএব তোমরা তোমাদের দ্বীনের পক্ষে লড়াই কর।