📄 জান্নাতুল ফিরদাউসে স্থান লাভ করিয়াছে
হাদীস নং ৮৩ - হযরত আনাস (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমার ফুফাত ভাই হারেসা বদরের যুদ্ধের দিন যুদ্ধ দেখিবার জন্য গিয়াছিল, যুদ্ধ করিবার জন্য নহে। হঠাৎ একটি তীর আসিয়া তাহাকে বিদ্ধ করিল এবং সে নিহত হইল। অতঃপর তাঁহার মাতা, আমার ফুফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিলেন এবং বলিলেন, ইয়া রাসূলুল্লাহ! যদি আমার পুত্র হারেসা জান্নাতে থাকে তাহা হইলে আমি ধৈর্য্যধারণ করিব ও পুণ্যের আশা করিব অন্যথায় আমি কি কাণ্ড করি আপনি তাহা এখনই দেখিতে পাইবেন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে হারেসার মাতা! সেখানে বহু বেহেস্ত রহিয়াছে এবং হারেসা তো সুউচ্চ ফেরদাউস বেহেশতে স্থান লাভ করিয়াছে।
📄 আমার বক্ষ আপনার বক্ষদেশের সম্মুখে থাকিবে
হাদীস নং ৮৪ - হযরত আনাস (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইয়া তীর নিক্ষেপ করিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পিছন হইতে মাথা উঁচু করিয়া দেখিতেন তাহার তীর কোথায় পৌছিতেছে, তখন আবু তালহা তাহার বক্ষ দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আড়াল করিয়া দাঁড়াইতেন এবং বলিতেন, ইয়া রাসূলাল্লাহ! এভাবেই আল্লাহতায়ালা আমাকে আপনার জন্য উৎসর্গ করিয়াছেন, আমার বক্ষ আপনার বক্ষদেশের সম্মুখে থাকিবে।
📄 আল্লাহর জন্য নির্যাতিত হওয়া
হাদীস নং ৮৫ - হযরত সাঈদ ইবনে মুসাইয়্যাব হইতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে জাহ্শ উহুদের দিন বলিলেনঃ ইয়া আল্লাহ! আমি আপনাকে কুসম দিয়া বলিতেছি যে, আমরা যেন শত্রু সেনার মুখোমুখি হই। যখন তাহাদের মুখোমুখি হইব তখন যেন তাহারা আমাকে হত্যা করিয়া ফেলে অতঃপর তাহারা আমার উদর ফাড়িয়া ফেলে এবং আমার হস্তপদ কর্তন করিয়া ফেলে অতঃপর যখন আমি আপনার সহিত মিলিত হইব তখন আপনি আমাকে জিজ্ঞাসা করিবেন কিসে তোমার এই অবস্থা হইয়াছে? আমি বলিব, আপনাতে। অতঃপর তিনি শত্রুর মুখোমুখি হইলেন ও নিহত হইলেন এবং তাহার সহিত উপরোক্ত আচরণই করা হইল। ইবনুল মুসাইয়্যাব বলেনঃ আমি আশা করি, আল্লাহতায়ালা যখন তাঁহার কুসমের প্রথমাংশ পূর্ণ করিয়াছেন তখন কুসমের শেষ অংশও পূর্ণ করিবেন।
📄 শাহাদাতের তীব্র আকাঙ্খা
হাদীস নং ৮৬ - মুসলিম বিন সাবীহ হইতে বর্ণিত, তিনি বলেন, আমর ইবনুল জামূহ তাহার সন্তানদিগকে বলিলেন, তোমরা বদর প্রান্তরে আমাকে জান্নাত হইতে বঞ্চিত রাখিয়াছ খোদার কসম আমি যদি জীবিত থাকি......। তাঁহার এই বক্তব্য উমর (রাযিঃ) জানিতে পারিলেন, তিনি তাঁহাকে বলিলেন তুমি কি এরূপ বলিয়াছ? তিনি বলিলেন: জী হাঁ। বর্ণনাকারী বলেন, অতঃপর যখন উহুদ যুদ্ধের দিন আসিল, উমর বলেন, সেই আমার মনোযোগের কেন্দ্রবিন্দু ছিল। আমি তাহাঁকে তালাশ করিলাম, হঠাৎ দেখি তিনি অগ্রগামী বাহিনীর মধ্যেই রহিয়াছেন।