📄 ইহাতেই জান্নাত
হাদীস নং ৭৯ - সুলাইমান ইবনে আবান বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরের উদ্দেশ্যে বাহির হইলেন তখন সা'দ বিন খাইছামাহ ও তাহার পিতা খাইছামাহ উভয়ে যাইতে চাহিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ইহা উপস্থাপন করা হইলে তিনি একজনকে যাইতে বলিলেন। তখন উভয়ের নামে লটারী হইলে সা'দের নাম আসিল তখন পিতা বলিলেন, প্রিয় বৎস! ইহা আমার জন্য ছাড়িয়া দাও। পুত্র বলিলেন আব্বাজান! ইহাতো জান্নাত! যদি অন্য কিছু হইত তবে অবশ্যই আমি আপনার জন্য ছাড়িয়া দিতাম। অতঃপর সা'দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত বাহির হইলেন এবং নিহত হইলেন। পরের বছর উহুদ যুদ্ধে খাইছামা নিহত হইলেন।
📄 আমি সফলতা লাভ করিয়াছি
হাদীস নং ৮০ - আনাস ইবনে মালেক (রাযিঃ) বলেন, বিরে মাউনার যুদ্ধের দিন হারাম বিন মালহান-যিনি তার মামা ছিলেন- বর্শার আঘাতে আহত হওয়া মাত্রই এভাবে, রক্ত নিয়ে তাহার মাথায় ও মুখ মন্ডলে মাখিলেন অতঃপর বললেন, কাবার রবের শপথ আমি সফলতা লাভ করিয়াছি।
📄 যাহাকে ফেরেশতাগণ দাফন করিল
হাদীস নং ৮১- যুহরী বলেন, উরওয়া ইবনে যুবায়ের বলিয়াছেন, আমের বিন ফুহাইরা সেদিন নিহত হন কিন্তু তাহারা যখন তাহাকে দাফন করিতে চাহিলেন তখন তাঁহার দেহ খুঁজিয়া পাইলেন না। তাহাদের ধারনা যে, ফেরেশতাগণ তাঁহাকে দাফন করিয়াছেন।
📄 তিনি আমাদের প্রতি ও আমরা তাহার প্রতি সন্তুষ্ট হইয়াছি
হাদীস নং ৮২ - আনাস ইবনে মালেক (রাযিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিশদিন পর্যন্ত বিরে মাউনার সাহাবীগণের হত্যাকারীদের উপর বদদু'আ করিয়াছেন। তিনি রি'ল, যাকওয়ান ও উছাইয়া এই কবিলাত্রয়ের উপর, যাহারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্যচারণ করিয়াছিল, বদদু'আ করিয়াছেন। তিনি বলেন, অপর দিকে যাহারা বীরে মাউনাতে শহীদ হইয়াছেন তাহাদের ব্যাপারে কুরআনের আয়াত অবতীর্ণ হইয়াছিল যাহা আমরা তেলাওয়াত করিয়াছি অতঃপর তাহা মানসূখ হইয়া গিয়াছে আয়াতটি হইল- (বাল্লিগু ক্বাওমানা আন্না ক্বাদ লাক্বীনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া রাদীয়না আনহু) [আমাদের স্বজাতির লোকদিগকে জানাইয়া দাও যে আমরা আমাদের পালনকর্তার সাক্ষাত লাভ করিয়াছি, তিনিও আমাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন, আমরাও তাহার প্রতি সন্তুষ্ট হইয়াছি।]