📘 কিতাবুল জিহাদ 📄 একটি রহিত আয়াত

📄 একটি রহিত আয়াত


হাদীস নং ৬৪ - আনাস ইবনে মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যারা মাউনা কুপের যুদ্ধে শহীদ হন তাঁহাদের ব্যাপারে কুরআনের নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ হইয়াছিল অতঃপর উহা রহিত হইয়া যায়।

بَلِّغُوا قَوْمَنَا أَنَّا لَقِيْنَا رَبَّنَا ، فَرَضِيَ عَنَّا ، وَرَضِيْنَا عَنْهُ -

(অর্থ,) আমাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকদিগকে (এই সংবাদ) পৌঁছাইয়া দাও যে, আমরা আমাদের পালনকর্তার সাক্ষাত লাভ করিয়াছি। তিনিও আমাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন আমরাও তাঁহার প্রতি সন্তুষ্ট হইয়াছি।

📘 কিতাবুল জিহাদ 📄 যাদের রিযিক জান্নাতে আল্লাহর জিম্মায়

📄 যাদের রিযিক জান্নাতে আল্লাহর জিম্মায়


হাদীস নং ৬৫: ক্বাসেম ও হাকাম বর্ণনা করেন, হারেছা ইবনে নু'মান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিলেন তখন তিনি জিব্রাঈলের সাথে চুপে চুপে আলাপ করিতেছিলেন। হারেছা সালাম না দিয়াই (চুপ করিয়া) বসিয়া গেলেন। তখন জিব্রাঈল বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি এই ব্যক্তি সালাম করিতেন তাহা হইলে আমি তাহার সালামের জওয়াব দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আপনি কি তাহাকে চিনেন? (জিব্রাঈল) বলিলেন, জ্বি হাঁ। সে ঐ আশি জন ব্যক্তির অন্যতম যাহারা হুনাইন যুদ্ধের দিন আপনার সহিত ধৈর্য্যধারণ করিয়াছিল। তাহাদের ও তাহাদের সন্তানদের রিযিক জান্নাতে আল্লাহর জিম্মায় রহিয়াছে।

📘 কিতাবুল জিহাদ 📄 আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা

📄 আল্লাহ সর্বোত্তম রিযিকদাতা


হাদীস নং ৬৬: আব্দুর রহমান ইবনে জাহদাম আল খাওয়ালানী বলেন, তিনি সমুদ্রের সফরে ফাদালাহ ইবনে উবাইদের নিকটে দুইটি মৃতদেহ লইয়া উপস্থিত হইলেন। উহাদের একজন মিনজানীকের আঘাতে এবং অপর জন সাধারণভাবে মৃত্যুবরণ করিয়াছিলেন। ফাদালাহ সাধারণভাবে মৃত্যুবরণকারী ব্যক্তির কবরের পাশে বসিলেন। তখন তাহাকে প্রশ্ন করা হইল আপনি শহীদকে পরিত্যাগ করিলেন! তাহার নিকটে বসিলেন না! তখন তিনি উত্তরে বলিলেন। আমি এতদুভয়ের কাহার কবর হইতে উত্থিত হইব তাহার কোন পরোয়া আমার নাই (অর্থাৎ এতদুভয়ের কাহার মত অবস্থা আমার হইবে আল্লাহর পথে শহীদ হইয়া কবরস্থ হইব বা আল্লাহর পথে সাধারণভাবে মৃত্যুবরণ করিয়া কবরস্থ হইব উভয়টাই আমার নিকটে সমান) কেননা আল্লাহতায়ালা বলিতেছেন-

( وَالَّذِينَ هَاجَرُوا فِي سَبِيلِ اللَّهِ ، ثُمَّ قُتِلُوا أَوْ مَاتُوا لَيَرْزُقَنَّهُمُ اللَّهُ رِزْقًا حَسَنًا ، إِنَّ اللهَ لَهُوَ خَيْرُ الرَّازِقِينَ، لَيُدْخِلَنَّهُمْ مَدْخَلًا يَرْضَوْنَهُ )

যারা আল্লাহর পথে হিজরত করে অতঃপর নিহত হয় বা মৃত্যুবরণ করে অবশ্যই আল্লাহতায়ালা তাহাদিগকে মনোরম রিযিক দান করিবেন। নিঃসন্দেহে আল্লাহতায়ালাই সর্বোত্তম রিযিকদাতা। অবশ্যই তাহাদিগকে তাহাদের পছন্দনীয় প্রবেশস্থলে প্রবেশ করাইবেন। (সূরা হজ্জ, ৫৮,৫৯)

অতএব হে ভৃত্য! যখন তুমি তোমার পছন্দনীয় আবাস পাইলে এবং মনোরম রিযিক লাভ করিলে তখন তোমার আর কিসের প্রত্যাশা! খোদার কসম এতদুভয়ের কাহার কবর হইতে আমি উত্থিত হইব তাহার কোন পরোয়া আমার নাই!

📘 কিতাবুল জিহাদ 📄 সেও শহীদ

📄 সেও শহীদ


হাদীস নং ৬৭ - ইয়াহয়া ইবনে আবী কাছীর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর পথে বাহির হইবার জন্য পাদানিতে পা রাখিল এমতাবস্থায় কোন বিষাক্ত কীট তাহাকে দংশন করিল বা তাহার সওয়ারী পশু তাহাকে পিঠ হইতে নিক্ষেপ করিয়া ঘাড় ভাংগিয়া দিল বা অন্য কোন ভাবে সে মৃত্যুবরণ করিল, সে শহীদ হইবে।

ফন্ট সাইজ
15px
17px