📄 বেহেশতের পাখি
হাদীস নং ৬২ - ইবনে আব্বাস (রাযিঃ) হইতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন উহুদ প্রান্তরে তোমাদের ভাতৃবৃন্দ নিহত হইল তখন আল্লাহতায়ালা তাহাদের রুহসমূহকে সবুজ পাখির দেহে প্রবিষ্ট করাইলেন। তাহারা জান্নাতের নহরসমূহে অবতরণ করে, উহার ফল ফলাদি ভক্ষণ করে এবং আরশের ছায়ায় ঝুলন্ত স্বর্ণের ফানুসে (ঝাড়বাতি) অবস্থান করে। যখন তাহারা তাহাদের খাদ্যের সুঘ্রাণ পাইল, তাহাদের ঘরের সৌন্দর্য অবলোকন করিল তখন তাহারা বলিল, হায়! যদি আমাদের ভাতৃবৃন্দ জানিত আল্লাহ কী দিয়া আমাদিগকে সম্মানিত করিয়াছেন! এবং আমরা কী সব (নেয়ামতরাজীর) মধ্যে অবস্থান করিতেছি!! যাতে তাহারা জিহাদের ব্যাপারে অনাসক্ত না হয় এবং যুদ্ধের সময় ভীরু না হইয়া যায়। তখন আল্লাহতায়ালা বলিলেন, আমি তোমাদের পক্ষ হইতে তাহাদিগকে পৌঁছাইয়া দিতেছি অতঃপর মহামহিম আল্লাহ্ অবতীর্ণ করিলেন- وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا [যাহারা আল্লাহর পথে নিহত হইয়াছে তাহাদিগকে কখনই মৃত মনে করিওনা .... (আলে ইমরান, ১৬৯)]
📄 শহীদের দেহ
হাদীস নং ৬৩ - হায়্যান ইবনে আবী হাবালাহ হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন শহীদ শাহাদাত বরণ করে তখন আল্লাহতায়ালা তাহার জন্য অতি সুন্দর একটি দেহ বাহির করেন এবং উহাতে তাহাকে প্রবিষ্ট করেন। তখন সে তাহার পরিত্যক্ত দেহের প্রতি তাকাইয়া দেখে উহার সাথে কেমন আচরণ করা হইতেছে। এবং উহার চার পাশে সমবেত শোক প্রকাশ কারীদের প্রতি ও তাকাইয়া দেখে, তখন তাহার ধারণা হয় যে তাহারা তাহাকে দেখিতেছে বা শুনিতেছে অতঃপর সে তাহার (জান্নাতী) স্ত্রীগণের নিকটে চলিয়া যায়।
📄 একটি রহিত আয়াত
হাদীস নং ৬৪ - আনাস ইবনে মালেক (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যারা মাউনা কুপের যুদ্ধে শহীদ হন তাঁহাদের ব্যাপারে কুরআনের নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ হইয়াছিল অতঃপর উহা রহিত হইয়া যায়।
بَلِّغُوا قَوْمَنَا أَنَّا لَقِيْنَا رَبَّنَا ، فَرَضِيَ عَنَّا ، وَرَضِيْنَا عَنْهُ -
(অর্থ,) আমাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকদিগকে (এই সংবাদ) পৌঁছাইয়া দাও যে, আমরা আমাদের পালনকর্তার সাক্ষাত লাভ করিয়াছি। তিনিও আমাদের প্রতি সন্তুষ্ট হইয়াছেন আমরাও তাঁহার প্রতি সন্তুষ্ট হইয়াছি।
📄 যাদের রিযিক জান্নাতে আল্লাহর জিম্মায়
হাদীস নং ৬৫: ক্বাসেম ও হাকাম বর্ণনা করেন, হারেছা ইবনে নু'মান রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসিলেন তখন তিনি জিব্রাঈলের সাথে চুপে চুপে আলাপ করিতেছিলেন। হারেছা সালাম না দিয়াই (চুপ করিয়া) বসিয়া গেলেন। তখন জিব্রাঈল বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! যদি এই ব্যক্তি সালাম করিতেন তাহা হইলে আমি তাহার সালামের জওয়াব দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আপনি কি তাহাকে চিনেন? (জিব্রাঈল) বলিলেন, জ্বি হাঁ। সে ঐ আশি জন ব্যক্তির অন্যতম যাহারা হুনাইন যুদ্ধের দিন আপনার সহিত ধৈর্য্যধারণ করিয়াছিল। তাহাদের ও তাহাদের সন্তানদের রিযিক জান্নাতে আল্লাহর জিম্মায় রহিয়াছে।