📄 হযরত খালেদ ইবনে ওয়ালিদের মৃত্যু
হাদীস নং ৫৩ - আবু ওয়াইল হইতে বর্ণিত: তিনি বলেন, যখন খালেদ বিন ওয়ালিদের মৃত্যু সমাসন্ন হইল তখন তিনি বলিলেন: আমি মৃত্যুকে উহার সম্ভাব্য স্থানসমূহে সন্ধান করিয়াছি কিন্তু আমার জন্য ইহাই নির্ধারিত ছিল যে, আমি বিছানায় মরিব। লা ইলাহা ইল্লাল্লাহর (বিশ্বাসের) পর ঐ রাত্রের আমলের চাইতে অধিক আশাপ্রদ আর কোন আমল আমার নাই যেই রাত্রে আকাশ আমার উপর অঝোর ধারায় বর্ষিত হচ্ছিল এবং আমি আমার ঘোড়ার সাহায্যে (বৃষ্টি হইতে) আত্মরক্ষার চেষ্টা করিতেছিলাম এবং দুশমনের উপর আক্রমণ করিবার ইচ্ছায় ভোর হইবার অপেক্ষায় ছিলাম। অতঃপর তিনি বলিলেন, যখন আমি মৃত্যুবরণ করিব তখন আমার ঘোড়া ও অস্ত্রশস্ত্র আল্লাহর রাহে জিহাদের নিমিত্তে দান করিয়া দিবে।
অতঃপর তিনি যখন ইন্তেকাল করিলেন উমর তাঁহার জানাযায় বাহির হইলেন। এস্থানে বর্ণনাকারী উমরের এই বাক্যটি উদ্ধৃত করেনঃ আবুল ওয়ালিদের রমনীগণ খালেদের জন্য কিছু অশ্রু বিসর্জন দিতে পারে তবে মস্তকে ধূলা নিক্ষেপ ও চিৎকার করিতে পারিবে না।
📄 হযরত ইকরামার শাহাদাত
হাদীস নং ৫৪ - সাবেত আল বুনানী হইতে বর্ণিত, তিনি বলেন, ইকরামা ইবনে আবি জাহল এক যুদ্ধের দিন পৌরুষদীপ্ত হইয়া উঠিলেন। তখন খালেদ ইবনে ওয়ালিদ তাহাকে বলিলেন, আপনি এরূপ করিবেন না কেননা আপনার প্রাণ বিসর্জন মুসলমানদের জন্য কঠিন ব্যাপার হইবে। তিনি উত্তরে বলিলেন: আমাকে ছাড়িয়া দাও হে খালেদ! কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার (বহু) কীর্তি রহিয়াছে, অথচ আমি ও আমার পিতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কঠিনতম ব্যক্তিদের অর্ন্তভূক্ত ছিলাম। অতঃপর তিনি অগ্রসর হইলেন ও নিহত হইলেন।
📄 রাসূলুল্লাহর (স.) স্বপ্ন
হাদীস নং ৫৫- আবু বকর বিন আব্দুর রহমান বিন হারেস হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি স্বপ্নে দেখিলাম, যেন আবু জাহল আমার নিকটে আসিল ও আমার হাতে বাইয়াত হইল। (কিছু কাল পর) যখন খালেদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করিলেন তখন কেহ বলিল ইয়া রাসূলুল্লাহ! আল্লাহ আপনার স্বপ্নকে সত্যে পরিণত করিয়াছেন, উহা খালেদের ইসলাম গ্রহণের ব্যাপারে ছিল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সে অন্য কেউ হইবে। এক পর্যায়ে আবু জাহল তনয় ইকরামা ইসলাম গ্রহণ করিলেন। বস্তুত ইহাই তাঁর স্বপ্নের বাস্তব রূপ ছিলো।
📄 ইকরামা ও কুরআন
হাদীস নং ৫৬ - ইবনে আবি মুলাইকা বলিয়াছেন, আবু জাহ্ল তনয় ইকরামা কুরআন লইয়া তাঁহার মুখমন্ডলের উপর রাখিতেন এবং ক্রন্দন করিতে করিতে বলিতেন, আমার রবের কিতাব! আমার রবের কালাম!