📄 আল্লাহ তিন ব্যক্তিকে পছন্দ করেন
হাদীস নং ৪৭ - আবুল আহমাছ বলেন, আমি জানিতে পারিলাম যে আবুযর বলিয়াছেন, 'তিন ব্যক্তিকে আল্লাহতায়ালা পছন্দ করেন এবং তিন ব্যক্তিকে অপছন্দ করেন।' ইহা জানিয়া আমি তাহার সহিত সাক্ষাত করিলাম এবং বলিলাম হে আবুযর! আপনার বর্ণনাটি কী? আমি জানিয়াছি আপনি উহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করিয়া থাকেন। আমি উহা আপনার নিকট হইতে শুনিতে চাই। তিনি বলিলেন কোন হাদীসটি? আমি বলিলাম, 'তিন ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন এবং তিন ব্যক্তিকে অপছন্দ করেন।' তিনি বলিলেন, (হাঁ) আমি ইহা বর্ণনা করিয়াছি এবং (রাসূল হইতে) শুনিয়াছি।
আমি জিজ্ঞাসা করিলাম, কাহাদিগকে আল্লাহতায়ালা পছন্দ করেন? তিনি বলিলেন, যে সিপাহী কোন বাহিনী বা ক্ষুদ্র সেনা দলে ছিল, তাহার সঙ্গীগণ সকলেই পলায়ন করিল কিন্তু সে বুক চিতাইয়া দাঁড়াইয়া রহিল অবশেষে নিহত হইল বা বিজয়ী হইল। (দ্বিতীয়ত) যে ব্যক্তি কোন সফরে একটি যাত্রীদলের সহিত ছিল যাহারা রাত্রি বেলায় দীর্ঘক্ষণ যাবৎ পথ চলিল অবশেষে সকলেই বিশ্রামগ্রহী হইলে সে এক পার্শে (জাগিয়া) রহিল এবং সকলকে (সময়মত) ভ্রমণের জন্য জাগাইয়া দিল। (তৃতীয়ত) ঐ ব্যক্তি যাহার কোন দুর্জন প্রতিবেশী রহিয়াছে এবং মৃত্যু বা স্থান পরিবর্তন তাহাদিগকে বিচ্ছিন্ন করিয়া দেওয়া পর্যন্ত সে তাহার উপদ্রব সহ্য করিয়াছে।
আমি বলিলাম, ইহাদিগকে আল্লাহতায়ালা ভালোবাসেন, কাহাদিগকে অপছন্দ করেন? তিনি বলিলেন যে ব্যবসায়ী যে অধিক কসম করে, যে কৃপণ খোটা দেয় এবং যে ফকীর অহংকার করে।
📄 সর্বোত্তম শহীদ
হাদীস নং ৪৮ - ইয়াহয়া ইবনে আবী কাছীর হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহতায়ালার নিকটে সর্বোত্তম শহীদ তাহারা যাহারা যুদ্ধের কাতারে শত্রুর মুখোমুখি হয় অতঃপর নিহত হওয়া পর্যন্ত অন্য কোন দিকে দৃষ্টিপাত করেনা। ইহারা জান্নাতে সুউচ্চ বালাখানাসমূহে শয়ন করিয়া গড়াগড়ি দিবে। তোমার পালনকর্তা উহাদের প্রতি তাকাইয়া হাসিবেন। নিঃসন্দেহে তোমার পালন কর্তা যখন কোন সম্প্রদায়ের প্রতি তাকাইয়া হাসেন তখন তাহাদের কোন হিসাব হয় না।
📄 যে শহীদ সুউচ্চ প্রাসাদে থাকিবে
হাদীস নং ৪৯ - যুহাইর আবুল মুখারিক আল আবসী হইতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, কিয়ামতের দিন আল্লাহতায়ালার নিকট সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন শহীদের কথা কি তোমাদেরে বলিবনা? তাঁহারা হইল ঐ সব ব্যক্তি যাহারা লড়াইয়ের সারিতে শত্রুর সাক্ষাত লাভ করে অতঃপর যখন শত্রুর মুখোমুখি হয় তখন ডান বাম কোন দিকেই দৃষ্টিপাত করে না এবং তাঁহাদের তরবারী থাকে তাদের কাঁধে, তাহারা বলেন ইয়া আল্লাহ! আমি গত দিনগুলোতে যাহা করিয়াছি তাহার জন্য আজ আমার প্রাণ বিসর্জন দিতেছি। অতঃপর সে নিহত হয়। ইহারাই ঐসব শহীদ যাহারা জান্নাতে সুউচ্চ বালাখানাসমূহের যেখানে ইচ্ছা শয়ন করিবে।
📄 যে সমূদ্রে নিমজ্জিত হয়
হাদীস নং ৫০- হায্যায ইবনে মালেক হইতে বর্ণিত তিনি বলেন, আমাকে কা'ব বলিলেন, হে মালেকের পুত্র হায্যায! আমি কি কিয়ামতের দিনে সর্বোচ্চ মর্যাদার অধিকারী শহীদের কথা তোমাকে বলিবনা? আমি বলিলাম অবশ্যই বলুন। তিনি বলিলেন, যে সমূদ্রে নিমজ্জিত হয়। অতঃপর তিনি বলিলেন হে মালেক পুত্র হায্যায! আমি কি তোমাকে জুমুআয় আগত ব্যক্তিবর্গের মধ্যে সর্ব নিম্ন বিনিময়ের অধিকারী ব্যক্তির কথা বলিবনা? আমি বলিলাম: অবশ্যই বলুন, তিনি বলিলেন: যে ব্যক্তি শুধু মাত্র শেষ রাকাত বা শেষ সেজদাটি পাইল। অতঃপর তিনি বলিলেন খোদার কসম! কিয়ামতের দিন লোকেরা শহীদগণের প্রতি এভাবে দৃষ্টিপাত করিবে, অতঃপর তিনি আকাশের দিকে দৃষ্টিপাত করিলেন।