📄 আল্লাহর পথে মুসীবতগ্রস্ত ব্যক্তির সম্মান
হাদীস নং ৪৩ - মালেক ইবনে যুখামির হইতে বর্ণিত, মুয়ায ইবনে জাবাল (রাযিঃ) বলিয়াছেন, একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আল্লাহর পথে মুসীবতগ্রস্ত ব্যক্তিরা কোথায়? তখন শুধু মাত্র মুজাহিদগণই দণ্ডায়মান হইবেন।
📄 অধিক সওয়াবের অধিকারী
হাদীস নং ৪৪ - আবু ইমরান আল জাওনী হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন সাহসী ও ভীতু উভয়ে লড়াইয়ে অংশগ্রহণ করে তখন ভীতু ব্যক্তি অধিক সওয়াবের অধিকারী হয় এবং যখন দানশীল ও কৃপণ উভয়ে দান করে তখন কৃপণ ব্যক্তি অধিক সওয়াবের অধিকারী হয়।
টিকাঃ
১. কারণ ভীতু ব্যক্তির লড়াইয়ে কষ্ট অধিক হয়। তদ্রূপ বখীল ব্যক্তির দান করিতে কষ্ট বেশী হয়। সম্পাদক
📄 গলায় তরবারী ঝুলাইয়া আরশের পাশে অবস্থান
হাদীস নং ৪৫ - সাঈদ ইবনে জুবাইর (রহঃ) আল্লাহতায়ালার فَصَعِقَ مَنْ فِي السَّمَوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ - বাণী- যাহাদিগকে আল্লাহ ইচ্ছা করেন তাহারা ব্যতীত আকাশমন্ডলী ও পৃথিবীর সকলে মূর্ছিত হইয়া পড়িবে। (যুমার, ৬৮) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইহারা হইলেন শহীদ। ইহাদিগকেই আল্লাহতায়ালা ব্যতিক্রম করিয়াছেন। ইহারা গলায় তরবারী ঝুলন্ত অবস্থায় আরশের পাশে অবস্থান গ্রহণ করিবে।
📄 জান্নাতে প্রবেশকারী প্রথম তিন ব্যক্তি
হাদীস নং ৪৬ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম তিন ব্যক্তিকে এবং জাহান্নামে গমনকারী প্রথম তিন ব্যক্তিকে আমার সামনে পেশ করা হইয়াছে। জান্নাতে প্রবেশকারী প্রথম তিন ব্যক্তি হইল (প্রথমত) শহীদ, (দ্বিতীয়ত) ঐ কৃতদাস যে উত্তমরূপে নিজ পালনকর্তার ইবাদত করিয়াছে এবং আপন মনিবের জন্য কল্যাণকামী থাকিয়াছে, (তৃতীয়ত) ঐ হারাম পরিত্যাগকারী ব্যক্তি যাহার (বহু) পোষ্য রহিয়াছে। এবং জাহান্নামে গমনকারী প্রথম তিন ব্যক্তি হইল জোরপূর্বক ক্ষমতা গ্রহণকারী, যে সম্পদশালী তাহার সম্পদের প্রদেয় আদায় করেনা এবং অহংকারী ফকীর।