📄 উঁচু জায়গায় উঠিতে আল্লাহু আকবার বলা
হাদীস নং ১৭- উমারা ইবনে গাযিয়্যাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দুনিয়া ছাড়িয়া বনে জঙ্গলে বিচরণের কথা আলোচিত হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, 'আল্লাহ তায়ালা ইহার পরিবর্তে আমাদেরকে আল্লাহর পথে জিহাদ এবং প্রত্যেক উঁচু স্থানে তাকবীরের বিধান দান করিয়াছেন।'
📄 দুনিয়া ও দুনিয়ার সবকিছু হইতে উত্তম
হাদীস নং ১৮ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনের প্রথমার্ধে বা শেষার্ধে আল্লাহর পথে বাহির হওয়া দুনিয়া ও দুনিয়াস্থ সব কিছু হইতে উত্তম।
হাদীস নং ১৯-হাসান (রাযিঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অনুরূপ বর্ণনা করিয়াছেন।
📄 রক্তরঞ্জিত ভূমি শুকাইবার আগেই
হাদীস নং ২০- আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের নিকটে শহীদদের আলোচনা হইল। তিনি বলিলেন, শহীদের রক্তে রঞ্জিত ভূমি শুকাইবার আগেই তাহার দুইজন (জান্নাতী) স্ত্রী তাহার প্রতি এমন আকুল হইয়া ছুটিয়া আসে যেমন ধূ ধূ প্রান্তরে হারাইয়া যাওয়া উট শাবকের প্রতি তাহার মা ছুটিয়া আসে। তাঁহাদের প্রত্যেকের হাতে এক প্রস্থ করিয়া কাপড় থাকে যাহা দুনিয়া ও দুনিয়াস্থ সকল কিছু হইতে উত্তম।
📄 যখন দুই সারি মুখোমুখী হয়
হাদীস নং ২১- আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমাইর (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, যখন দুই সারি মুখোমুখি হয় তখন আল্লাহ তায়ালা জান্নাতের সুনয়না রমনীগণকে দুনিয়ার আকাশে অবতীর্ণ করেন। যখন তাহারা কোন যোদ্ধার অগ্রগতি দেখেন তখন বলেন, ইয়া আল্লাহ! ইহাকে দৃঢ়পদ রাখুন। অতঃপর যখন সে পশ্চাদপসরন করে তখন তাহারা সেই দিক হইতে সরিয়া যান। যদি সেই যোদ্ধা নিহত হন তবে দুইজন জান্নাতী রমনী তাহার নিকটে অবতরন করেন এবং তাহার মুখমন্ডল হইতে ধূলা মুছিয়া দেন এবং বলেন ইয়া আল্লাহ! যে ইহাকে ধূলি মলিন করিয়াছে আপনি তাহাকে ধূলায় ধূসরিত করুন।