📄 প্রকৃত শহীদ
হাদীস নং ১০- জুহরী হইতে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) মসজিদে নববীর একটি মজলিসে উপস্থিত হইলেন। তাহারা একটি ছোট দলের ব্যাপারে আলোচনা করিতেছিলেন যে দলটি আল্লাহর পথে নিহত হইয়াছে। উমর বলিলেন, খোদার কসম! কিছু লোক আছে যাহারা দুনিয়া লাভের জন্য লড়াই করে, কিছু লোক এমন আছে যাহারা লোক দেখানোর জন্য এবং সুখ্যাতি লাভের জন্য লড়াই করে, আর কিছু লোক এমন আছে যাহাদের কাজই হইল লড়াই করা, ইহারা এই সব ছাড়া আর কিছুই পাইবেনা। আর কিছু লোক এমন আছে যাহারা আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের জন্য লড়াই করে ইহারাই হইলেন শহীদ এবং তাহাদের প্রত্যেক ব্যক্তি ঐ অবস্থাতেই উত্থিত হইবে যেই অবস্থায় সে মৃত্যুবরণ করিয়াছে।
📄 মুজাহিদের দৃষ্টান্ত
হাদীস নং ১১- আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি যে, আল্লাহর পথে জিহাদকারী-এবং আল্লাহই ভাল জানেন কে তাহার পথে জিহাদ করে- ঐ রোযাদার ব্যক্তির ন্যায় যে বিনয় ও নম্রতার সহিত দণ্ডায়মান, রুকুকারী ও সিজদাকারী।
📄 ইবাদাতে কাহাকেও শরীক করিবে না
হাদীস নং ১২ - ত্বাউস বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিল, ইয়া রাসূলাল্লাহ! আমি বহু যুদ্ধক্ষেত্রে উপস্থিত হই যাহাতে আমার উদ্দেশ্য থাকে আল্লাহর সন্তুষ্টি এবং আমি ইহাও পছন্দ করি যে, লোকে আমার অবস্থান দেখুক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কোন উত্তর দিলেন না অবশেষে এ আয়াত অবতীর্ণ হইল। সুতরাং যে তাহার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎ কর্ম করে ও তাহার প্রতি পালকের ইবাদতে কাহাকেও শরীক না করে। (কাহফ, ১১০)
📄 মুজাহিদের ফযীলত
হাদীস নং ১৩ - আবু হুরাইরা (রাযিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আল্লাহর পথে জিহাদকারী ঐ ব্যক্তির ন্যায় যে রোযা রাখে এবং দিন রাতের মুহূর্তগুলিতে আল্লাহ তায়ালার আয়াতসমূহ নিয়া এই খুঁটির মত দণ্ডায়মান থাকে।