📄 সাহাবীগণ ও পরবর্তীদের রুচিবোধ
এমন অন্তরে সুস্থ রুচিবোধ কী করে আসবে, যে ব্যক্তি সুন্নাতের পথ অর্থাৎ, যে পথ ও মতের ওপর সাহাবী ও তাবেয়ীগণ প্রতিষ্ঠিত ছিলেন তা থেকে বিচ্যুত হয়ে গেছে।
সাহাবী ও তাবেয়ীগণ সর্বদা আল্লাহ্র রাসূলের দেখানো পথেই চলেছেন। নববী আদর্শে জীবন সাজিয়েছেন। ফলে সিয়ামে, হজে, সালাতে, তিলাওয়াতে, কুর'আনের মর্ম ও গভীরতা অনুধাবনে, 'ইলমের জন্য দূর-দূরান্তে সফরে, জিহাদে জীবন বিলিয়ে দিতে, সৎকাজে আদেশ ও অসৎকাজে বাধা প্রদানে, কাউকে আল্লাহর জন্য ভালোবাসায়, আবার তাঁর জন্যই ঘৃণা করার মাধ্যমে তৃপ্তি লাভ করতেন; কিন্তু পরবর্তীদের আনন্দ ও তৃপ্তির মাধ্যম হয়ে উঠল ঢোল-তবলা, গান-বাজনা, নর্তকীদের নৃত্য, শোরগোল ও করতালি, আল্লাহর অবাধ্যতা এবং নাফসের দাসত্ব। ফলে উভয় রুচিবোধ বা স্বাদের মাঝে আকাশ-পাতাল ব্যবধান গড়ে উঠেছে।
বস্তুত, আবৃত্তি এবং তিলাওয়াতের স্বাদ; গানের আওয়াজ এবং সূরা মু'মিন, সূরা নূরের স্বাদ; বাঁশির সুর এবং সূরা যুমারের স্বাদ; রাখালের উদাসী বাঁশির টান এবং সূরা কমারের স্বাদ; শিস দেওয়া এবং সূরা ইয়াসীন ও সাফফাতের স্বাদ; তুড়ি-করতালি এবং সূরা আম্বিয়ার স্বাদ; আবেদনময়ী রসালো কোনো গল্প-উপন্যাস এবং সূরা ইউনুস ও হূদের ঘটনাবলির স্বাদ; শাইতানের আনুগত্য এবং রাহমানের আনুগত্যের স্বাদ; একই গান বার বার শোনার তিক্ততা এবং বার বার সূরা ফাতিহাপাঠ ও কুর'আনের মনোযোগী শ্রোতার স্বাদ; ইবলীসের তরঙ্গে নিমজ্জিত হওয়া এবং দয়াময়ের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর স্বাদ; এসব একটা অপরটার সম্পূর্ণ বিপরীত আর কখনোই এগুলো এক হতে পারে না।
এভাবে আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'আলা স্বাদ আস্বাদনকারীদের মাঝে ভাগ করে দিয়েছেন। সুস্থরুচি থেকে অসুস্থ রুচিকে আলাদা করেছেন। তবে আল্লাহ্ বড় দয়াময়, তিনি কাউকে তৎক্ষণাৎ পাকড়াও করেন না। সুযোগ দেন। অবকাশ দেন। এদেরকেও নি'য়ামাত দেন, ওদেরকেও দেন; তবে কিয়ামাত দিবসে উভয় দলকে পৃথক করে দিবেন।
আল্লাহর কসম! গানের প্রতি অনুরাগ এবং কুর'আনের প্রতি ভালোবাসা কখনো এক অন্তরে একত্র হতে পারে না। যেমনিভাবে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর কন্যা এবং আল্লাহ্র দুশমনের কন্যা এক পুরুষের অধীনে একত্র হতে পারে না। কবির ভাষায়-
أنت القتيل بكل من احببته
فاختر لنفسك في الهوى من تصطفى
ভালোবাসায় তুমি তো মরবেই, তো বেছে নাও নিজের জন্য, কাকে তুমি ভালোবাসবে?
📄 সাহাবীগণের শ্রবণ
সাহাবীগণ যখন একত্র হতেন এবং তাদের অন্তরকে প্রশমিত করতে চাইতেন, তাদের মধ্য থেকে একজনকে কুর'আন তিলাওয়াত করার আহ্বান জানাতেন, আর অন্যরা গভীর মনোযোগ দিয়ে তা শ্রবণ করতেন। এভাবে তারা প্রশান্তিতে বিমোহিত হতেন। তাদের চক্ষু হতে অশ্রু প্রবাহিত হতো এবং তাদের হৃদয় 'ঈমানের মিষ্টতা উপভোগ করত। এটা এমন এক অভিজ্ঞতা যা গান শ্রবণকারীরা কখনো তাদের কল্পনায়ও উপলব্ধি করতে পারবে না।
'উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু 'আনহুর নিকট যখন আবু মুসা আশ'আরী রাযিয়াল্লাহু 'আনহু আসতেন, তখন তিনি বলতেন-
ভাই আবূ মূসা, আল্লাহর আলোচনা করো।' আবূ মূসা আশ'আরী রাযিয়াল্লাহু 'আনহু তখন কুর আন পাঠ শুরু করতেন। এতই মধুর ছিল তার তিলাওয়াত যে, তা প্রত্যেকের অন্তর ছুঁয়ে যেত।
তিলাওয়াত শুনে উসমান ইবনু 'আফফান রাযিয়াল্লাহু 'আনহু বলেন-
যদি আমাদের অন্তর পবিত্র হতো, তাহলে কুর'আনের স্বাদ কখনো নিঃশেষ হতো না।
হ্যাঁ, আল্লাহ্র কসম! যে সত্তার নিকট বান্দার স্বপ্ন, ভালোবাসা ও আকাঙ্ক্ষার আবাসস্থল, তাঁর কথামালার স্বাদ কীভাবে নিঃশেষ হতে পারে! এ তো এমন বাক্যমালা, যার সাথে কোনো সুর-লহরী ও গানের তুলনা চলে না।
কবি বলেন-
واذا مرضنا تداوينا بذكركم
فان تركناه زاد السقم والمرض
আমি অসুস্থ হলে তোমার যিক্র দ্বারা চিকিৎসা গ্রহণ করি। এখন তোমার যিক্রই যদি ছেড়ে দিই, তবে তো অসুস্থতা বেড়ে যাবে!
গানে আসক্ত ব্যক্তিরা এসব থেকে বঞ্চিত। তাদের বসতি এক উপত্যকায় হলে, অন্যদের বসতি আরেক উপত্যকায়।
কবির ভাষায়-
والضب والنون قد يرجى التقائه
وليس يرجى التقاء الوحى والقصب
ডাঙার গুঁইসাপ ও জলের মাছ একসাথে মিলতে পারে, কিন্তু ওহীর সুর ও বাঁশির সুর কখনো একত্র হতে পারে না।
টিকাঃ
৪৮ মুসান্নাফে আব্দির রাজ্জাক, ৪১৭৯
৪৯ ফাযাইলুস সাহাবা