📘 খুশূ-খুযূ > 📄 সালাত এবং গান-বাজনার মাঝে পার্থক্য

📄 সালাত এবং গান-বাজনার মাঝে পার্থক্য


মানুষ সালাত ছেড়ে গান-বাদ্য-বাজনা নিয়ে পড়ে থাকে। তাতেই রাতদিন বিভোর থাকে। সালাত-সিয়ামের কোনো খবর তার থাকে না। আচ্ছা, তাদের কাছে আমার প্রশ্ন, এই যে সালাতের সুখ ও স্বাদের কথা উল্লেখ করা হলো, তার সামান্য কিছুও কি তারা গান-বাজনার মধ্যে পায়? আল্লাহ্র শপথ দিয়ে জিজ্ঞেস করছি, তাদের গান-বাদ্য কি এতটুকু ফুরসত কখনো দিয়েছে যে, প্রকৃত সালাতের একটু স্বাদ তারা গ্রহণ করবে? আদতে সালাতে যে খুশবু ও স্বাদ রয়েছে এরা তার এতটুকুও আঁচ করতে পারে না।
আমি দৃঢ়চিত্তে বলতে পারি, অলসতার সাথে তাদের সালাত আদায় করা অথবা গান শোনা-ই প্রকৃত সালাতের স্বাদের প্রতিবন্ধক। তাদের কর্মগুলোই সালাতের মরমে পৌঁছতে বাধা দেয়। যদি আলোচনা দীর্ঘ হওয়ার আশঙ্কা না থাকত, তাহলে এসবের তিক্ত স্বাদের বর্ণনা কিছুটা তুলে ধরতাম।
তবু যারা বুদ্ধিমান, সচেতন কিংবা সামান্য বিবেক-বুদ্ধি রাখে, তাদের কাছে এর পরিণাম অস্পষ্ট নয়। স্রষ্টার দরবারে দাঁড়ানো এবং গানের মঞ্চে দাঁড়ানো; কুর'আন তিলাওয়াতের স্বাদ এবং কবিতা আবৃত্তির স্বাদ; কল্যাণের দিকে উৎসাহ দানকারী এবং গুনাহর কাজে উদ্বুদ্ধকারীর মাঝে পার্থক্যগুলো সুস্পষ্ট। এক অন্তরে বিপরীতমুখী এই দুই বস্তু উপস্থিত থাকবে, তা হতে পারে না। যেমন একই ব্যক্তির অধীনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর মেয়ে এবং আল্লাহ্ দুশমনের মেয়ে একত্র হতে পারে না।

টিকাঃ
৪৭ মিসওয়ার ইবনু মাখরামাহ্ রাযিয়াল্লাহু 'আনহু থেকে বণির্ত, 'আলী ইবন আবী তালিব রাযিয়াল্লাহু 'আনহু নাবী-তনয়া ফাতিমা রাযিয়াল্লাহু 'আনহা-কে ঘরে রেখেই আবু জাহলের কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। ফাতিমা রাযিয়াল্লাহু 'আনহা যখন এ খবর শুনলেন তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট এসে বললেন, লোকেরা বলাবলি করে, আপনি আপনার কন্যাদের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যাপারে রাগ প্রকাশ করেন না। অথচ 'আলী রাযিয়াল্লাহ 'আনহু আবু জাহেলের কন্যাকে বিবাহ করতে যাচ্ছেন। মিসওয়ার রাযিয়াল্লাহু 'আনহু বলেন, তখন নাবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম দাঁড়ালেন। আমি শুনলাম, তিনি তাশাহহুদ পাঠ করে বললেন, আমি তো আবুল 'আস ইবন রাবী'র নিকটও আমার মেয়েকে বিয়ে দিয়েছি, সে আমাকে যা বলেছে তা বাস্তবে পরিণত করেছে। আর ফাতিমা আমারই একটি টুকরা, আমি অপছন্দ করি যে, কেউ তাকে ফিতনায় ফেলুক। আল্লাহর শপথ! আল্লাহর রাসূলের মেয়ে ও আল্লাহর শত্রুর মেয়ে কোনো লোকের নিকট কক্ষনো একত্র হতে পারে না। মিসওয়ার রাযিয়াল্লাহ 'আনহু বলেন, এরপর 'আলী রাযিয়াল্লাহু 'আনহু তার প্রস্তাব প্রত্যাহার করেন। সহীহ মুসলিম, ৬২০৪

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00