📄 আলীকে নিয়ে ভালো ব্যতীত কোনো কথা বলবে না
মসজিদে নববীতে এক লোক আমীরুল মুমিনীন ওমর বিন খাত্তাব রদিয়াল্লাহু আনহু-এর পাশে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। কথা বলতে গিয়ে সে আলী রদিয়াল্লাহু আনহু-এর বিরুদ্ধে কিছু কথা বলে ফেলল।
তখন ওমর রদিয়াল্লাহু আনহু খুব রেগে গেলেন। তিনি লোকটিকে ধমক দিয়ে বললেন, তুমি কী এ কবরের অধিবাসীকে চিন?
লোকটি হেসে বলল, হ্যাঁ, তিনি তো নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওমর রদিয়াল্লাহু আনহু বললেন, আর আলী, যাঁর ব্যাপারে তুমি কথা বলছিলে। সে হচ্ছে আলী বিন আবু তালিব বিন আব্দুল মুত্তালিব। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাই। সুতরাং তুমি তাকে নিয়ে ভালো ব্যতীত কোনো কথা বলবে না। কেননা তা এ কবরের অধিবাসীকে কষ্ট দিবে (অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কষ্ট দিবে)。
টিকাঃ
৪১৯ আল কাযম, ৫২ খণ্ড, ৪৬ পৃঃ。
📄 আইন শুধু আল্লাহর
বিশিষ্ট আলেমদের মতো করে জা’দা বিন হুবাইরা আমীরুল মুমিনীন আলী রদিয়াল্লাহু আনহু-এর কাছে বসলেন।
তিনি তাঁকে বললেন, আমীরুল মুমিনীন, আপনার কাছে দুইজন লোক এসেছে। তাদের একজন আপনাকে তার জান, মাল ও পরিবার থেকেও বেশি ভালোবাসে। আর অপরজন, সে যদি পারত তবে আপনাকে জবাই করে দিত। অথচ আপনি ওই লোকের মধ্যে বিচার করতে গিয়ে তার পক্ষে রায় দিলেন, যে আপনাকে ঘৃণা করে। আর ওই ব্যক্তির বিপক্ষে রায় দিলেন, যে আপনাকে ভালোবাসে।
তখন আলী রদিয়াল্লাহু আনহু বললেন, বিচার যদি আমার মতে হতো তবে আমি আমার পছন্দমতো করতাম, কিন্তু বিচার তো শুধু আল্লাহ তা’আলার আইন চলবে。
টিকাঃ
৪২০ আল কাযম, ৫২ খণ্ড, ৪৭৪ পৃঃ。
📄 মাওয়ালী মহিলা ও আরবী মহিলা
এক মাওয়ালী মহিলা ও এক আরবী মহিলা আলী রদিয়াল্লাহু আনহু-এর কাছে আসল। তখন আলী রদিয়াল্লাহু আনহু তাদের উভয়কে এক মিছকাল খনিজ ও ছাব্বিশ দিরহাম করে দিলেন। মাওয়ালী মহিলা খুশি হয়ে তার অংশ নিয়ে চলে গেল, কিন্তু আরবী মহিলা তার অংশ গ্রহণ করল না।
সে তিরস্কার করে বলল, আমীরুল মুমিনীন, আপনি একে যা দিয়েছেন আমাকেও তা দিলেন! অথচ আমি আরবী মহিলা আর সে মাওয়ালী মহিলা।
তাঁর কথার জবাবে আলী রদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কিতাব দেখে কোথাও ইসমাইল (আ) ও ইসহাক (আ)-এর সন্তানদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি。
টিকাঃ
৪২১ বায়হাকী শরীফ, ৬ষ্ঠ খণ্ড, ৩৫৫, ৩৫৬ পৃঃ。
📄 প্রহরী হিসেবে আল্লাহই যথেষ্ট
মেয়াদ উত্তীর্ণ একটি দেয়ালের নিচে বসে আলী রদিয়াল্লাহু আনহু দুই লোকের মাঝে বিচার করছিলেন।
তখন এক লোক বলল, হে সর্দার, কিছুক্ষণের মধ্যে দেয়ালটি ভেঙে আপনার উপর পড়বে।
তখন আলী রদিয়াল্লাহু আনহু পূর্ব ঈমানের সাথে বললেন, প্রহরী হিসেবে আল্লাহই যথেষ্ট। এই বলে তিনি সেখানে ওই দুই লোকের বিচার করতে লাগলেন।
আলী রদিয়াল্লাহু আনহু তাদের মাঝে বিচার শেষ করে ওই স্থান থেকে উঠে রওনা দেওয়ার পর দেয়ালটি ভেঙে পড়ল。
টিকাঃ
৪২২ তারীখুল কুলাফা, ২৯৪ পৃঃ.