📘 কেন এ জীবন 📄 ইবাদতের প্রকারভেদ

📄 ইবাদতের প্রকারভেদ


জীবনের সকল ক্ষেত্রে রয়েছে ইবাদত। আর সেই দিক দিয়ে ইবাদতকে নানাভাবে ভাগ করেছেন উলামাগণ। যেমনঃ- একঃ ইবাদত দুই প্রকার
(ক) আচরণ ও ব্যবহারগত ইবাদত। আর তা হল মানুষের সাথে সচ্চরিত্রতা, সত্যবাদিতা ও সদ্ব্যবহারের মাধ্যমে যা করা হয়।
(খ) প্রতীকী ইবাদত। আর তা হল নির্দিষ্ট পদ্ধতিতে যে সকল ফরয ও নফল নামায, যাকাত, রোযা, হজ্জ ইত্যাদি পালনের মাধ্যমে যা করা হয়। দুইঃ ইবাদতের উপকারিতার দিক থেকে ইবাদত দুই প্রকার:
(ক) আত্মকেন্দ্রিক উপকারী ইবাদত। যেমন নামায, কুরআন পাঠ, যিক্র ইত্যাদি।
(খ) পরকেন্দ্রিক উপকারী ইবাদত। যেমন যাকাত, দান-খয়রাত, পরোপকার ইত্যাদি। তিনঃ ইবাদতের উপকরণের দিক দিয়ে তা ৪ প্রকারঃ
(ক) আন্তরিক ইবাদত। যেমন তওহীদ, ইখলাস, ইহসান ইত্যাদি।
(খ) শারীরিক ইবাদত। যেমন নামায, রোযা ইত্যাদি।
(গ) আর্থিক ইবাদত। যেমন যাকাত, দান-খয়রাত ইত্যাদি।
(ঘ) শারীরিক-আর্থিক ইবাদত। যেমন হজ্জ, জিহাদ ইত্যাদি। চারঃ করা না করার ইচ্ছা-অনিচ্ছার ক্ষেত্রে ইবাদত ২ প্রকার:
(ক) সৃষ্টিগত ইবাদত। অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যে ইবাদত করতে মানুষ বাধ্য। স্রষ্টার যে দাসত্ব না ক'রে মানুষের কোন উপায় থাকে না। আর এমন ইবাদত আস্তিক-নাস্তিক এবং মু'মিন-কাফের সকলেই করে, করতে বাধ্য। সুমহান স্রষ্টার প্রকৃতি ও তকদীরের বাইরে কারো যাবার ক্ষমতা নেই। যেমন মহান আল্লাহ বলেছেন,
إِن كُلُّ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَنِ عَبْدًا} (۹۳) سورة مريم "আকাশমন্ডলী ও পৃথিবীতে এমন কেউ নেই, যে পরম দয়াময়ের নিকট দাসরূপে উপস্থিত হবে না।” (মারয়‍্যামঃ৯৩)
(খ) শরীয়তগত ইবাদত। এ ইবাদতে মানুষের এখতিয়ার আছে। তা না ক'রে তাঁর অবাধ্য হতে পারে। আবার ইচ্ছা করলে মহান স্রষ্টার প্রতি ঈমান এনে তাঁর শরীয়তের প্রতি বিশ্বাস রেখে তাঁর যথা নিয়মে ইবাদত ও দাসত্ব করার সৌভাগ্য লাভ করতে পারে। আর সে ক্ষেত্রে সে মহান প্রতিপালকের শরীয়তের বিধান পালন ক'রে থাকে। যেমন মহান আল্লাহ সূরা ফুরক্বানের শেষের দিকে তাঁর দাসদের গুণ-বর্ণনায় বলেছেন,
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا} (٦٣)
“তারাই পরম দয়াময়ের দাস, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ ব্যক্তিরা সম্বোধন করে, তখন তারা বলে, 'সালাম'।” (ফুরক্বানঃ ৬৩)
রহমানের বান্দাগণের আরো গুণের কথা রয়েছে সূরাটির ৭৪নং আয়াত পর্যন্ত।

📘 কেন এ জীবন 📄 ইসলামে ইবাদতের বৈশিষ্ট্যবলী

📄 ইসলামে ইবাদতের বৈশিষ্ট্যবলী


ইসলামী শরীয়তে ইবাদতের নানা বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য আছে। তার কতিপয় এখানে উল্লেখ করা হচ্ছে。
১। ইসলামের ইবাদত মুসলিমের সারা জীবনে পরিব্যপ্ত। ইসলামের ইবাদত যেমন তার পরকালের জীবন সুখী করে, তেমনই তার ইহকালের জীবনও সুন্দর ক'রে তোলে। মহান আল্লাহ বলেছেন, {مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ} (৯৭) সূরা নাহল "পুরুষ ও নারী যে কেউই বিশ্বাসী হয়ে সৎকর্ম করবে, তাকে আমি নিশ্চয়ই সুখী জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব।" (নাহল: ৯৭)
ইসলামের ইবাদত কিছু আছে যা সুমহান মা'বুদের সাথে সম্পৃক্ত। আর কিছু আছে সৃষ্টির সাথে সম্পৃক্ত।
ইসলামের ইবাদত আবেদের হৃদয়ে হয়, জিহ্বায় হয়, অঙ্গে-প্রত্যঙ্গে হয়, উপার্জিত অর্থে হয়। তা কেবল বাহ্যিক প্রতীকে বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়।
ইসলামের ইবাদত সমাজের সকল শ্রেণী ও সকল স্তরের মানুষের মাঝে পরিব্যপ্ত। এমন নয় যে, কোন এক প্রকার ইবাদত বিশেষ কোন সম্প্রদায় করতে পারবে না। লক্ষণীয় যে, ইসলামের ইবাদতে রয়েছে মা'বুদের সাথে খাস সম্পর্ক, রয়েছে মানুষের নিজের সাথে সম্পর্ক; যেমন ব্যক্তিগত পবিত্রতা, পরিচ্ছন্নতা, জীবন-যাপনের নানা পদ্ধতি, ক্ষুৎপিপাসা নিবারণ, যৌনক্ষুধা নিবারণ, প্রস্রাব-পায়খানা করা ও লেবাস-পোশাক ব্যবহার ও সাজসজ্জা গ্রহণ করার নানা পদ্ধতি। ইবাদতে রয়েছে ঘর-সংসার ও সমাজের সাথে সম্পৃক্ত নানা বিধি-বিধান। রয়েছে অর্থনীতি ও রাজনীতির নানা রীতি-নীতি। রয়েছে অবিশ্বাসীদের সাথে ব্যবহারের নানা পদ্ধতি এবং জীবজগতের অন্যান্য প্রাণী ইত্যাদির সাথে ব্যবহারের নানা আচার-আচরণ।
ইসলামের ইবাদত মূল থেকে শাখা-প্রশাখায় বিস্তৃত। যেমন মহানবী বলেছেন, الإِيمَانُ بِضْعُ وَسَبْعُونَ أَوْ بِضْعُ وَسِتُونَ شُعْبَةً فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَدْنَاهَا إِمَاطَةُ الأَذَى عَنِ الطَّرِيقِ وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ .. “ঈমান সত্তর বা ষাটের অধিক শাখাবিশিষ্ট; যার উত্তম (ও প্রধান) শাখা ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই) বলা এবং সবচেয়ে ক্ষুদ্র শাখা পথ হতে কষ্টদায়ক বস্তু অপসারণ করা। আর লজ্জাশীলতা ঈমানের অন্যতম শাখা।” (মুসলিম ১৬২নং)
ইসলামের ইবাদত জীবনের একাংশকে অন্য অংশের সাথে জুড়ে রাখে। জীবনের সকল ক্ষেত্রে ইবাদত জুড়ে আছে, তখন কোন ক্ষেত্রে কোন অংশকে বাদ দেওয়ার উপায় নেই কারো। কিছু পালন করব, আর কিছু করব না---এমন স্বেচ্ছাচারিতা ও এখতিয়ার কারো নেই।
মহান আল্লাহ পূর্ববর্তী জাতি সম্বন্ধে বলেছেন, {أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاء مَن يَفْعَلُ ذَلِكَ مِنكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدَّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ (৮৫) أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالآخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنصَرُونَ} (৮৬) البقرة “তবে কি তোমরা ধর্মগ্রন্থের কিছু অংশে বিশ্বাস আর কিছু অংশকে অবিশ্বাস কর? অতএব তোমাদের যেসব লোক এমন কাজ করে, তাদের প্রতিফল পার্থিক জীবনে লাঞ্ছনাভোগ ছাড়া আর কি হতে পারে? আর কিয়ামতের (শেষ বিচারের) দিন কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। তারা যা করে, সে সম্বন্ধে আল্লাহ অনবহিত নন। তারাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, সুতরাং তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তারা কোন সাহায্যও পাবে না।” (বাক্বারাহঃ ৮৫-৮৬)
পক্ষান্তরে মুসলিমদেরকে উক্ত বিষয়ে সতর্ক করেছেন এবং দ্বীনের মূল ও শাখাবিশিষ্ট সকল বিষয়কে মেনে নিয়ে তাঁর আনুগত্য ও দাসত্ব করতে আদেশ দিয়েছেন। পরন্ত কোন বিষয়ে তাঁর দাসত্ব করা এবং কোন বিষয়ে না করা তথা দ্বীনকে পুরোপুরিরূপে গ্রহণ না করাকে চির শত্রু শয়তানের অনুসরণ করা বলে আখ্যায়ন করেছেন। সুতরাং তিনি বলেছেন, {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السَّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ) (২০৮) سورة البقرة “হে বিশ্বাসিগণ! তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।” (বাক্বারাহঃ ২০৮)
ইসলামের ইবাদত রয়েছে দ্বীন ও দুনিয়ার সকল বিষয়ে পরিব্যাপ্ত। ইসলামের ইবাদত দেহ ও আত্মা, দুনিয়া ও আখেরাত, ব্যক্তি ও সমাজ, সংসার ও পরিবেশ, জাতি ও দেশ ইত্যাদি সকল বিষয়ে জড়িত রয়েছে। যেমন মহান আল্লাহ বলেছেন,
{لَيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاء والضَّرَّاء وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ} (۱۷۷) سورة البقرة
"পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোন পুণ্য নেই; কিন্তু পুণ্য আছে আল্লাহ, পরকাল, ফিরিস্তাগণ, সমস্ত কিতাব এবং নবীগণকে বিশ্বাস করলে এবং অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, (এতীম-মিসকীন) মুসাফির, সাহায্যপ্রার্থী (ভিক্ষুক)গণকে এবং দাস মুক্তির জন্য দান করলে, নামায যথাযথভাবে পড়লে ও যাকাত প্রদান করলে, প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখ-দৈন্য, রোগ-বালা ও যুদ্ধের সময় ধৈর্যধারণ করলে। এরাই তারা যারা সত্যপরায়ণ এবং ধর্মভীরু।” (বাক্বারাহঃ ১৭৭)
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لا يُحِبُّ مَن كَانَ مُخْتَالاً فَخُورًا} (٣٦) سورة النساء
"তোমরা আল্লাহর উপাসনা কর ও কোন কিছুকে তাঁর অংশী করো না এবং পিতা-মাতা, আত্মীয়-স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, আত্মীয় ও অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী-সাথী, পথচারী এবং তোমাদের অধিকারভুক্ত দাস-দাসীদের প্রতি সদ্ব্যবহার কর। নিশ্চয় আল্লাহ আত্মম্ভরী দাম্ভিককে ভালবাসেন না।” (নিসাঃ ৩৬)
ইবাদতের সুফল কেবল আবেদের মাঝে সীমাবদ্ধ নয়। বরং পরার্থপরতা, পরহিতৈষণা, পরোপকারিতা ইত্যাদি সৃষ্টির সেবাও ইসলামে ইবাদতরূপে গণ্য হয়। ঘর-পর সকল অধিকারীর অধিকার আদায় করলে মহান স্রষ্টার দাসত্ব হয়। যেমন মহানবী বলেছেন,
تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَة، وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنْ الْمُنْكَرِ صَدَقَةٌ، وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلَالَ لَكَ صَدَقَةٌ، وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ، وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنْ الطَّرِيق لَكَ صَدَقَةٌ، وَإِفْرَاغُكَ مِنْ دَلُّوكَ فِي دَلْو أَخِيكَ لَكَ صَدَقَةٌ)).
"তোমার ভাইয়ের সামনে তোমার মুচকি হাসি তোমার জন্য সাদকা স্বরূপ। তোমার সৎকাজে আদেশ ও মন্দকাজে বাধা দেওয়া তোমার জন্য সাদকা স্বরূপ। তোমার লোককে হারিয়ে যাওয়ার জায়গাতে পথ বাতলে দেওয়া তোমার জন্য সাদকা স্বরূপ। তোমার ভালো দেখতে পায় না এমন ব্যক্তির (পথ ইত্যাদি) দেখে দেওয়া তোমার জন্য সাদকা স্বরূপ। তোমার পথ থেকে পাথর, কাঁটা ও হাড্ডি সরিয়ে ফেলা তোমার জন্য সাদকা স্বরূপ। তোমার বালতি দিয়ে তোমার ভাইয়ের বালতি ভরে দেওয়া তোমার জন্য সাদকা স্বরূপ।” (তিরমিযী ১৯৫৬, সিঃ সহীহাহ ৫৭২নং)
বরং পরোপকার হল মহান প্রতিপালকের সবচেয়ে বেশি পছন্দনীয় কর্ম। আর যা তিনি পছন্দ করেন, তা হল ইবাদত। মহানবী বলেছেন,
أَحَبُّ النَّاسِ إِلَى اللَّهِ تَعَالَى أَنْفَعُهُمْ لِلنَّاسِ ، وَأَحَبُّ الأَعْمَالَ إِلَى اللَّهِ تَعَالَى سُرُورٌ تُدْخِلُهُ عَلَى مُسْلِمٍ ، أَوْ تَكَشِفُ عَنْهُ كُرْبَةً ، أَوْ تَقْضِي عَنْهُ دَيْنَا ، أَوْ تَطْرُدُ عَنْهُ جُوعًا، وَلَأَنْ أَمْشِيَ مَعَ أَحْ فِي حَاجَةٍ أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَعْتَكِفَ فِي هَذَا الْمَسْجِدِ - يَعْنِي مَسْجِدَ الْمَدِينَةِ - شَهْرًا ، وَمَن كَفَّ غَضَبَهُ سَتَرَ اللَّهُ عَوْرَتَهُ ، وَمَنْ كَظَمَ غَيْظَهُ وَلَوْ شَاءَ أَنْ يُمْضِيَهُ أَمْضَاهُ مَلأَ اللَّهُ قَلْبَهُ رَجَاءُ يَوْمَ الْقِيَامَةِ ، وَمَنْ مَشَى مَعَ أَخِيهِ فِي حَاجَةٍ حَتَّى يُثْبِتَهَا لَهُ أَثْبَتَ اللَّهُ قَدَمَهُ يَوْمَ تَزُولُ الأَقْدَامِ وَإِنَّ سُوء الْخُلُقِ لَيُفْسِدُ الْعَمَلَ كَمَا يُفْسِدُ الْخَلَ الْعَسَلَ].
"আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম লোক হল সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশী উপকারী। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম আমল হল, একজন মুসলিমের হৃদয়কে খুশীতে পরিপূর্ণ করা অথবা তার কোন কষ্ট দূর করে দেওয়া অথবা তার তরফ থেকে তার ঋণ আদায় করে দেওয়া অথবা (কাপড় দান করে তার ইজ্জত ঢেকে দেওয়া অথবা) তার নিকট থেকে তার ক্ষুধা দূর করে দেওয়া। মসজিদে একমাস ধরে ই'তিকাফ করার চাইতে আমার মুসলিম ভাইয়ের কোন প্রয়োজন মিটাতে যাওয়া আমার নিকট অধিক পছন্দনীয়। যে ব্যক্তি নিজ ক্রোধ সংবরণ করে নেবে, আল্লাহ তার দোষ গোপন করে নেবেন। যে ব্যক্তি নিজ রাগ সামলে নেবে; অথচ সে ইচ্ছা করলে তা প্রয়োগ করতে পারত, সে ব্যক্তির হৃদয়কে আল্লাহ কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য যাবে এবং তা পূরণ করে দেবে, আল্লাহ সেদিন তার পদযুগলকে সুদৃঢ় রাখবেন, যেদিন পদযুগল পিছল কাটবে। আর মন্দ চরিত্র আমলকে নষ্ট করে, যেমন সির্কা মধুকে নষ্ট ক'রে ফেলে।” (ত্বাবারানী ১৩৪৬৮, ইবনে আবিদ দুনয়া, সহীহ তারগীব ২০৯০, সিলসিলাহ সহীহাহ ৯০৬নং, সহীহুল জামে' ১৭৬নং)
তামীম বিন আওস দারী বলেন, একদা নবী বললেন, "দ্বীন হল কল্যাণ কামনা করার নাম।” আমরা বললাম, 'কার জন্য?' তিনি বললেন,
لِلهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلِأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ)).
"আল্লাহর জন্য, তাঁর কিতাবের জন্য, তাঁর রসূলের জন্য, মুসলিমদের শাসকদের জন্য এবং মুসলিম জনসাধারণের জন্য। (মুসলিম ২০৫নং)
আবেদের ইবাদতের সুফল পশু-পক্ষীও ভোগ করতে পারে। পশু-পক্ষীর প্রতি দায় প্রদর্শন করলেও ইবাদত হয়, তাতে সওয়াব হয়। মহানবী বলেছেন,
(( لَا يَغْرِسُ مُسْلِمٌ غَرْساً ، وَلَا يَزْرَعُ زَرعاً ، فَيَأْكُلَ مِنْهُ إِنْسَانُ وَلَا دَابَةٌ وَلَا شَيْءٌ ، إِلَّا كَانَتْ لَهُ صَدَقَةٌ )).
"মুসলিম যে গাছ লাগায় এবং ফসল বোনে অতঃপর তা থেকে কোন মানুষ, কোন জন্তু অথবা অন্য কিছু খায়, তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়।” (মুসলিম ৪০৫০-৪০৫৩নং)
আবু হুরাইরা হতে বর্ণিত, একদা আল্লাহর রসূল বললেন,
بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بطريق اشْتَدَّ عَلَيْهِ الْعَطَشِ فَوَجَدَ بِثْرًا فَنَزَلَ فِيهَا فَشَرِبَ ثُمَّ خَرَجَ فَإِذَا كَلْبٌ يَلْهَثْ يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشَ فَقَالَ الرَّجُلُ لَقَدْ بَلَغَ هَذَا الْكَلْبَ مِنَ الْعَطَشِ مِثْلُ الَّذِي كَانَ بَلَغَ مِنِّي، فَنَزَلَ الْبِئْرَ فَمَلأَ خُفَّهُ مَاءً ثُمَّ أَمْسَكَهُ بِفِيهِ حَتَّى رَقِيَ فَسَقَى الْكَلْبَ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ . .
"এক ব্যক্তি এক কুয়ার নিকটবর্তী হয়ে তাতে অবতরণ করে পানি পান করল। অতঃপর উঠে দেখল, কুয়ার পাশে একটি কুকুর (পিপাসায়) জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তার প্রতি লোকটির দয়া হল। সে তার পায়ের একটি (চর্মনির্মিত) মোজা খুলে (কুয়াতে নেমে তাতে পানি ভরে এনে) কুকুরটিকে পান করাল। ফলে আল্লাহ তার এই কাজের প্রতিদান স্বরূপ তাকে জান্নাতে প্রবেশ করালেন।" তখন লোকেরা বলল, 'হে আল্লাহর রসূল! জীব-জন্তুর প্রতি দয়াপ্রদর্শনেও কি আমাদের সওয়াব আছে? তিনি বললেন,
في كُلِّ كَبَدٍ رَطْبَةٍ أَجْرٌ .. "প্রত্যেক সজীব প্রাণবিশিষ্ট জীবের (প্রতি দয়াপ্রদর্শনে) সওয়াব বিদ্যমান।” (বুখারী ২৩৬৩, ২৪৬৬, মুসলিম ৫৯৯৬নং)
২। ইসলামের ইবাদতের অন্য এক বৈশিষ্ট্য হল ইখলাস। অর্থাৎ, এই ইবাদত হতে হবে খাঁটি ও বিশুদ্ধভাবে সুমহান প্রতিপালকের জন্য। কেবল তাঁরই সন্তুষ্টি কামনা ক'রে ইবাদত করতে হবে。
তাতে অন্য কোন সৃষ্টির তুষ্টিবিধান উদ্দেশ্য হলে হবে না। কাউকে দেখাবার উদ্দেশ্যে ইবাদত করলে তা শুদ্ধ হবে না। কাউকে শোনাবার উদ্দেশ্যে ইবাদত করলে তা শুদ্ধ হবে না। সুনাম বা প্রশংসা নেওয়ার উদ্দেশ্যে ইবাদত করলে তা গ্রহণযোগ্য হবে না। অর্থ, পদ ইত্যাদি পার্থিব কোন স্বার্থ উদ্ধারের জন্য ইবাদত করলে তা কবুল হবে না।
মহান আল্লাহ বলেন, {وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاء وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ } (৫) سورة البيئة "তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাঁর ইবাদত করতে এবং নামায কায়েম করতে ও যাকাত প্রদান করতে। আর এটাই সঠিক ধর্ম।” (বাইয়িনাহঃ ৫)
৩। ইসলামে ইবাদতের অন্যতম বৈশিষ্ট্য হল, তার প্রত্যেকটি প্রমাণসাপেক্ষ্য। অর্থাৎ, মানুষ মনগড়াভাবে কোন ইবাদত করতে পারে না। বরং ইসলামী শরীয়াতে (কুরআন ও সহীহ সুন্নাহতে) যা প্রমাণিত, তাই করতে হবে। যে স্থান, কাল, পদ্ধতি ও সংখ্যা নির্ধারিত আছে, কেবল সেই অনুযায়ী তা করতে হবে। নচেৎ ইবাদত বিদআতে পরিগণিত হবে。
মহানবী বলেছেন, (( مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدُّ)). "যে ব্যক্তি আমার এই দ্বীনে (নিজের পক্ষ থেকে) কোন নতুন কথা উদ্ভাবন করল---যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যানযোগ্য।” (বুখারী ২৬৯৭, মুসলিম ৪৫৮৯নং)
অন্য এক বর্ণনায় আছে, (( مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدُّ)). "যে ব্যক্তি এমন কাজ করল, যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই তা বর্জনীয়।” (মুসলিম ৪৫৯০নং)
৪। ইসলামের ইবাদতে কোন অসীলা বা মাধ্যম লাগে না। বরং প্রত্যেক স্তরের মানুষ সরাসরি সুমহান স্রষ্টার ইবাদত করতে পারে। তিনি সরাসরি সকলের ইবাদত কবুল করেন, সকলের প্রার্থনা শ্রবণ করেন。
মহান আল্লাহ বলেন, {وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ} (১৮৬) سورة البقرة "আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে, তখন তুমি বল, আমি তো কাছেই আছি। যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। অতএব তারাও আমার ডাকে সাড়া দিক এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক, যাতে তারা ঠিক পথে চলতে পারে।” (বাক্বারাহঃ ১৮৬)
যারা আল্লাহ ও নিজেদের মাঝে মাধ্যম বা সুপারিশকারী আছে ধারণা ক'রে তার পূজা করে, তাদের ধারণা কুরআন খন্ডন করেছে। মহান আল্লাহ বলেছেন,
{وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلاء شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ}
"আর তারা আল্লাহ ছাড়া এমন কিছুর উপাসনা করে, যা তাদের কোন অপকারও করতে পারে না এবং কোন উপকারও করতে পারে না। অথচ তারা বলে, এরা হচ্ছে আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। তুমি বলে দাও, 'তোমরা কি আল্লাহকে এমন বিষয়ের সংবাদ দিচ্ছ, যা তিনি অবগত নন, না আকাশসমূহে, আর না পৃথিবীতে? তিনি পবিত্র এবং তারা যে অংশী করে, তা হতে তিনি উর্ধ্বে।” (ইউনুসঃ ১৮)
{أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِن دُونِهِ أَوْلِيَاء مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَا إِلَى اللَّهِ زُلْفَى إِنَّ اللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِي مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ إِنَّ اللَّهَ لَا يَهْدِي مَنْ هُوَ كَاذِبٌ كَفَّارٌ}
"জেনে রাখ, খাঁটি আনুগত্য আল্লাহরই প্রাপ্য। যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবকরূপে গ্রহণ করে, তারা বলে, 'আমরা এদের পূজা এ জন্যই করি যে, এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে এনে দেবে।' ওরা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে, আল্লাহ তার ফায়সালা ক'রে দেবেন। নিশ্চয় আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না, যে মিথ্যাবাদী অবিশ্বাসী।” (যুমার: ৩)
৫। ইসলামের ইবাদতে মানুষের প্রকৃতি, সামর্থ্য ও অপারগতার কথা খেয়াল করা হয়েছে। সাধ্যের অতীত কোন ভারার্পণ তার উপর করা হয়নি。
{وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَا تُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا أُوْلَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ) (٤٢) سورة الأعراف
"আমি কাউকেও তার সাধ্যাতীত ভার অর্পণ করি না। যারা বিশ্বাস করে ও সৎকাজ করে, তারাই হবে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।” (আ'রাফঃ ৪২)
{وَلَا تُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا كِتَابٌ يَنطِقُ بِالْحَقِّ وَهُمْ لَا يُظْلَمُونَ} (٦২) المؤمنون
"আমি কাউকেও তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক গ্রন্থ; যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি যুলুম করা হবে না।" (মু'মিনুনঃ ৬২)
বলা বাহুল্য, ইবাদত কখনো আবশ্যিক কিছু করার মাধ্যমে হয়, কখনো উত্তম কিছু করার মাধ্যমে। আবার কখনো অবৈধ কিছু ত্যাগ করার মাধ্যমে, কখনো অনুত্তম কিছু বর্জন করার মাধ্যমে।
আর উক্ত বৈশিষ্ট্যের কারণেই আবেদের জন্য ইবাদত পালন করা অতি সহজ হয়ে যায়।
যেমন পবিত্রতার বিধানে পানি ব্যবহার করতে সক্ষম না হলে মাটি দ্বারা পবিত্রতা অর্জন করা যায়। নামায দাঁড়িয়ে পড়তে না পারলে বসে, বসে না পারলে শুয়ে পড়া যায়। অসুস্থ বা সফর অবস্থায় রোযা কাযা করা যায়। ইত্যাদি। মহানবী বলেছেন, (( إِنَّ الدِّينَ يُسْرُ ، وَلَنْ يُشَادَّ الدِّينُ إِلَّا غَلَبَهُ ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا ، وَاسْتَعِينُوا بِالغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَيْءٍ مِنَ الدُّلْجَةِ )). (سَدِّدُوا وَقَارِبُوا ، وَاغْدُوا وَرُوحُوا ، وَشَيْءٌ مِنَ الدُّلْجَةِ ، القَصْدَ القَصْدَ تَبْلُغُوا)). "নিশ্চয় দ্বীন সহজ। যে ব্যক্তি অহেতুক দ্বীনকে কঠিন বানাবে, তার উপর দ্বীন জয়ী হয়ে যাবে। (অর্থাৎ মানুষ পরাজিত হয়ে আমল ছেড়ে দিবে।) সুতরাং তোমরা সোজা পথে থাক এবং (ইবাদতে) মধ্যমপন্থা অবলম্বন কর। তোমরা সুসংবাদ নাও। আর সকাল-সন্ধ্যা ও রাতের কিছু অংশে ইবাদত করার মাধ্যমে সাহায্য নাও।”
অন্য এক বর্ণনায় আছে, "তোমরা সরল পথে থাকো, মধ্যমপন্থা অবলম্বন কর, সকাল-সন্ধ্যায় চল (ইবাদত কর) এবং রাতের কিছু অংশে। আর তোমরা মধ্যমপন্থা অবলম্বন কর, মধ্যমপন্থা অবলম্বন কর, তাহলেই গন্তব্যস্থলে পৌঁছে যাবে।” (বুখারী ৩৯, ৬৩৬৩নং)
৬। ইসলামের ইবাদত মানব-জীবনে নিরবচ্ছিন্নভাবে করে যেতে হয়। নাবালক থাকতে তার অনুশীলন শুরু হয় এবং সাবালক হওয়ার সাথে সাথে তা অনিবার্য হয়ে যায়। অতঃপর মরণের আগে (জ্ঞান বর্তমান থাকা) পর্যন্ত তা পালন করতে হয়।
মহান আল্লাহ বলেছেন, {وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ} (৯৯) সূরা আল-হিজর "আর তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত কর।” (হিজরঃ ৯৯)

📘 কেন এ জীবন 📄 ইবাদতের উপকারিতা

📄 ইবাদতের উপকারিতা


ইবাদতের ফলে মানুষ পাপ-পঙ্কিলতা থেকে বিরত থাকতে পারে এবং যাবতীয় সুন্দর কর্ম করতে পারে।
ইবাদতের ফলে মানুষ প্রকৃত ‘মানুষ’ রূপে গড়ে ওঠে। ইবাদতের ফলে মানুষের আত্মা ও চরিত্র সুন্দর হয়। ইবাদতের ফলে মানুষের পার্থিব জীবন সুখের হয়। মহান স্রষ্টা বলেছেন, {مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ} (۹۷) سورة النحل
"পুরুষ ও নারী যে কেউই বিশ্বাসী হয়ে সৎকর্ম করবে, তাকে আমি নিশ্চয়ই সুখী জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দান করব।” (নাহল: ৯৭)
ইবাদতের ফলে সুমহান স্রষ্টা সন্তুষ্ট হন। ইবাদতের ফলে মানুষের পরকালের জীবন চির সুখের হয়। মহান আল্লাহ বলেছেন, {مَنْ عَمِلَ سَيِّئَةً فَلَا يُجْزَى إِلَّا مِثْلَهَا وَمَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُوْلَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ يُرْزَقُونَ فِيهَا بِغَيْرِ حِسَابٍ} (٤٠) سورة غافر
"কেউ মন্দ কাজ করলে সে কেবল তার কর্মের অনুরূপ শাস্তি পাবে এবং স্ত্রী কিংবা পুরুষের মধ্যে যারা বিশ্বাসী হয়ে সৎকাজ করে, তারা প্রবেশ করবে জান্নাতে, সেখানে তাদেরকে অপরিমিত রুযী দান করা হবে।” (মু'মিনঃ ৪০)
পক্ষান্তরে ইবাদত না করার ফলে এর বিপরীত ফল দেখা যায়। মানব-জীবন বিষময় হয়ে ওঠে। সমাজে পাপ ও অপরাধ সমানে বেড়ে চলে। নিরাপত্তার অভাবে মানুষ সুখের স্বাদ গ্রহণ করার সুযোগ পায় না। কোন কোন মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলে আত্মহত্যার পথই সহজ পথ হয়।
মহান প্রতিপালক বলেছেন, {فَمَنْ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلا يَشْقَى (۱۲۳) وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى} (١٢٤) سورة طه
"যে আমার পথনির্দেশ অনুসরণ করবে, সে বিপথগামী হবে না এবং দুঃখ-কষ্টও পাবে না। যে আমার স্মরণ থেকে বিমুখ হবে, অবশ্যই তার হবে সংকীর্ণতাময় জীবন এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত করব।” (ত্বা-হাঃ ১২৩-১২৪)
বলা বাহুল্য, ইবাদত ও দাসত্বের জীবনই হল ইহ-পরকালে সাফল্য লাভের জীবন। যে আল্লাহর দাস হবে, যে 'প্রাক্টিসিং মুসলিম' হবে, সে ইহ-পরকালে সফল হবে। মহান আল্লাহ বলেছেন, {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ}
"হে বিশ্বাসিগণ! তোমরা রুকু কর, সিজদা কর এবং তোমাদের প্রতিপালকের ইবাদত কর ও সৎকর্ম কর; যাতে তোমরা সফলকাম হতে পার।” (হাজ্জঃ ৭৭)

📘 কেন এ জীবন 📄 ইবাদতের রুকন (স্তম্ভ)

📄 ইবাদতের রুকন (স্তম্ভ)


ইবাদত ৩টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত হয়। তিনটির একটি স্তম্ভ বাদ পড়লে ইবাদতের ইমারত ভেঙ্গে পড়ে তথা ইবাদত শুদ্ধ হয় না। আর তা হল ভালোবাসা, ভয় ও আশা।

এক: ভালোবাসা
সুতরাং আল্লাহকে কেবল ভয় ক'রে বা তাঁর শাস্তি ও জাহান্নামের ভয় ক'রে ইবাদত করলে এবং তাঁর কাছে সওয়াবের আশা ও জান্নাতের লোভ ক'রে ইবাদত করলে ইবাদত শুদ্ধ হবে না। অবশ্যই সেই সাথে ভালোবাসা থাকতে হবে। সুমহান মা'বুদকে ভালোবেসে ইবাদত করতে হবে।

মহান আল্লাহর ভালোবাসা একটি বড় নিয়ামত। মহান প্রতিপালক বান্দাকে ভালোবাসবেন এবং বান্দা আল্লাহকে ভালোবাসবে, এই ভালোবাসার কোন বিকল্প নেই, কোন তুলনা নেই। পৃথিবীর বুকে যত রকমের ভালোবাসা আছে, সকল ভালোবাসার উর্ধ্বে হল এই শ্রদ্ধা, ভক্তি ও সমীহ সম্বলিত ভালোবাসা।

এই ভালোবাসার অধিকারী হয় আল্লাহর মু'মিন বান্দা। মু'মিন বান্দা তার নিজ বন্দেগীতে অনুভব ক'রে থাকে এই ভালোবাসার মধুরতা। প্রত্যেক দাসই তার নিজ দাসত্বে আস্বাদন ক'রে থাকে এই ভালোবাসার মিষ্টতা। মহান আল্লাহ বলেছেন,
{إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا } (৯৬) সূরা মরিয়ম
"যারা বিশ্বাস করেছে এবং সৎকর্ম করেছে, পরম দয়াময় তাদের জন্য (পারস্পরিক) সম্প্রীতি সৃষ্টি করবেন।” (মারয়্যাম: ৯৬)

দাসের দাসত্বে যে ভালোবাসা থাকে, সেই অতুলনীয় ভালোবাসা সকল ভালোবাসার উপর প্রাধান্য পায়। এ হল শরয়ী ভালোবাসা, যা প্রকৃতিগত ভালোবাসার অনেক ঊর্ধ্বে।

মহান আল্লাহ বলেছেন,
{قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالُ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ} (٢٤) سورة التوبة
"বল, তোমাদের পিতা, পুত্র, ভ্রাতা, স্ত্রী ও আত্মীয়গণ, অর্জিত ধনরাশি এবং সেই ব্যবসা-বাণিজ্য তোমরা যার অচল হওয়ার ভয় কর এবং প্রিয় বাসস্থানসমূহ যদি তোমাদের নিকট আল্লাহ, তাঁর রসূল ও আল্লাহর রাস্তায় জিহাদ অপেক্ষা অধিকতর প্রিয় হয়, তাহলে আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষা কর। বস্তুতঃ আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ প্রদর্শন করেন না।” (তাওবাহঃ ২৪)

মহানবী বলেছেন,
ثَلاثَ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ بِهِنَّ حَلَاوَةَ الإِيمَان مَنْ كَانَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ بَعْدَ أَنْ أَنْقَدْهُ اللَّهُ مِنْهُ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ ..
"যার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাবে, সে ঐ তিন বস্তুর মাধ্যমে ঈমানের মিষ্টতা অনুভব করবে। (১) আল্লাহ ও তাঁর রাসুল তার নিকট সর্বাধিক প্রিয়তম হবে, (২) কোন ব্যক্তিকে সে একমাত্র আল্লাহর জন্য ভাল বাসবে এবং (৩) সে (মুসলমান হওয়ার পর) পুনরায় কুফরীতে ফিরে যেতে এমন অপছন্দ করবে, যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে।” (বুখারী ১৬, মুসলিম ১৭৪নং)

আর ভালোবাসা হল অন্তরের কাজ। যা মুখেও স্বীকার ও প্রকাশ করতে হয়। তবে কাজে প্রকাশ না হলে সে ভালোবাসার কোন মূল্য থাকে না। ভালোবাসার বিশুদ্ধতা ও আন্তরিকতার পরীক্ষা হয় কার্যক্ষেত্রে ও আমলের ময়দানে। সুমহান প্রতিপালক বলেছেন,
{قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ}
"বল, 'তোমরা যদি আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর। ফলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। বস্তুতঃ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।" (আলে ইমরান: ৩১)

উক্ত ভালোবাসা, যে বিশেষ ভালোবাসা ও ভক্তি বান্দা তার সুমহান প্রতিপালকের জন্য নিজ অন্তরে স্থান দিয়ে থাকে, তা কোন সৃষ্টির জন্য দেওয়া যাবে না। কোন জ্বিন-ইনসান বা অন্য সৃষ্টি সে ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। আর যদি কোন বান্দা অনুরূপ ভালোবাসা কোন সৃষ্টিকে নিবেদন ক'রে থাকে, সে মুশরিক হয়ে যায়।

মহান আল্লাহ বলেছেন, {وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَاداً يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لله} (١٦٥) سورة البقرة
"আর কোন কোন লোক আছে, যারা আল্লাহ ছাড়া অন্যান্যকে (আল্লাহর) সমকক্ষ বলে মনে করে এবং তাদেরকে আল্লাহকে ভালোবাসার মত ভালবাসে, কিন্তু যারা বিশ্বাস করেছে, তারা আল্লাহর ভালবাসায় দৃঢ়তর।” (বাক্বারাহঃ ১৬৫)

দুইঃ ভয়
মহান আল্লাহর ইবাদতে ভয়ও থাকতে হবে। কেবল ভালোবাসা ও আশা থাকলে দাসের দাসত্ব পরিপূর্ণ হবে না। বরং সেই সাথে তাঁর ভীতি অন্তরে থাকতে হবে। তাঁর আযাব ও জাহান্নামের ভয় থাকতে হবে। ইবাদত কবুল হচ্ছে কি না, তার ভয় থাকতে হবে।

মহান আল্লাহ তাঁর বান্দাগণের গুণ বর্ণনায় বলেছেন, {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ}
"তারা শয্যা ত্যাগ করে আকাঙ্ক্ষা ও আশংকার সাথে তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদেরকে যে রুযী প্রদান করেছি, তা হতে তারা দান করে।” (সাজদাহঃ ১৬)

{وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ} (٦٠) سورة المؤمنون
"যারা তাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করবে, এই বিশ্বাসে তাদের যা দান করবার তা দান করে ভীত-কম্পিত হৃদয়ে।” (মু'মিনুনঃ ৬০)

মা আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহা) আল্লাহর রসূল -কে জিজ্ঞাসা করলেন, 'এ (ভীত-কম্পিত) কি সেই ব্যক্তি, যে ব্যভিচার করে, চুরি করে ও মদ পান করে?' উত্তরে তিনি বললেন, لَا يَا بِنْتَ أَبِي بَكْرِ يَا بِنْتَ الصِّدِّيقِ ، وَلَكِنَّهُ الَّذِي يُصَلِّي وَيَصُومُ وَيَتَصَدَّقُ وَهُوَ يَخَافُ أَنْ لَا يُقْبَلَ مِنْهُ.
"না, হে আবু বাকরের বেটি, হে সিদ্দীকের বেটি! সে হল সেই ব্যক্তি, যে রোযা রাখে, দান করে ও নামায পড়ে, কিন্তু ভয় করে যে, তা হয়তো কবুল হবে না।" (আহমাদ ২৫৭০৫, তিরমিযী ৩১৭৫, ইবনে মাজাহ ৪১৯৮, হাকেম ৩৪৮-৬নং)

মহান আল্লাহর নির্দেশ হল, {وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِّنَ الْمُحْسِنِينَ} (٥٦) سورة الأعراف
“পৃথিবীতে শান্তি স্থাপনের পর ওতে বিপর্যয় ঘটায়ো না এবং তাঁকে ভয় ও আশার সঙ্গে আহবান কর। নিশ্চয় আল্লাহর করুণা সৎকর্মপরায়ণদের নিকটবর্তী।” (আ'রাফ: ৫৬)

বলাই বাহুল্য যে, এ ভয় কোন প্রকৃতিগত ভয় নয়। এ ভয় কোন শত্রু, বাঘ বা বিপদকে ভয় করার মতো নয়। এ এক বিশেষ ভয় ও সমীহ, শ্রদ্ধামিশ্রিত ভীতি, শরয়ী ভয়। যে ভয় আল্লাহকে করা হয়, সে ভয় অন্য কাউকে করা যাবে না। নচেৎ তা শির্কে পরিণত হয়ে যাবে।

মহান আল্লাহ বলেছেন, {إِنَّمَا ذَلِكُمُ الشَّيْطَانُ يُخَوِّفُ أَوْلِيَاءهُ فَلَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِن كُنتُم مُّؤْمِنِينَ} (١٧٥)
"ঐ (বক্তা) তো শয়তান; যে (তোমাদেরকে) তার (কাফের) বন্ধুদের ভয় দেখায়; সুতরাং যদি তোমরা বিশ্বাসী হও, তাহলে তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় কর।" (আলে ইমরানঃ ১৭৫)

{وَحَاجَهُ قَوْمُهُ قَالَ أَتُحَاجُّونَي فِي اللهِ وَقَدْ هَدَانِ وَلَا أَخَافُ مَا تُشْرِكُونَ بِهِ إِلَّا أَن يَشَاء رَبِّي شَيْئًا وَسِعَ رَبِّي كُلَّ شَيْءٍ عِلْمًا أَفَلَا تَتَذَكَّرُونَ (۸۰) وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِ عَلَيْكُمْ سُلْطَانًا فَأَيُّ الْفَرِيقَيْنِ أَحَقُّ بِالأَمْنِ إِن كُنتُمْ تَعْلَمُونَ} (۸۱) سورة الأنعام
"ইব্রাহীমের সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল। সে বলল, 'তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হবে? তিনি তো আমাকে সৎপথে পরিচালিত করেছেন। আমার প্রতিপালক অন্যবিধ ইচ্ছা না করলে তোমরা যাকে তাঁর অংশী কর, তাকে আমি ভয় করি না। সবকিছুই আমার প্রতিপালকের জ্ঞানায়ও। তবে কি তোমরা অনুধাবন কর না? তোমরা যাকে আল্লাহর অংশী কর, আমি তাকে কিরূপে ভয় করব? অথচ তোমরা ভয় কর না যে, তোমরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক ক'রে চলছ, যাদের সম্পর্কে আল্লাহ তোমাদের নিকট কোন প্রমাণ অবতীর্ণ করেননি। সুতরাং যদি তোমরা জান (তাহলে বল), দু'দলের মধ্যে কোন্ দলটি নিরাপত্তালাভের অধিকারী?' (আনআমঃ৮০-৮১)

বান্দা যখন মা'বুদকে ভয় করবে, তখন নিশ্চয় সে তার প্রতি নিতান্ত বিনয়ী হবে। পরিপূর্ণ কাকুতি-মিনতির সাথে তাঁর ইবাদত করবে।
তার মনে ঔদ্ধত্য থাকবে না, অমুখাপেক্ষিতা থাকবে না。

তিনঃ আশা
বান্দার বন্দেগীতে ও দাসের দাসত্বে আশা ও লোভ থাকতে হবে। বান্দার মনে থাকবে মহান প্রতিপালকের পুরস্কার, প্রতিদান ও অনুগ্রহ পাওয়ার আশা।
জান্নাতের লোভে ও তার চির সুখের আশায় তাঁর দাসত্ব করতে হবে। মনে থাকবে তাঁর প্রতি মুখাপেক্ষিতা, আস্থা ও ভরসা। অবশ্য সেই আশা, যে আশা অন্যের কাছে করা যায় না এবং যে আশা কর্মযুক্ত থাকে। নচেৎ কর্ম না ক'রে কেবল কামনা করলে কিছু লাভ হবার নয়。

মহান আল্লাহ বলেছেন,
{فَمَن كَانَ يَرْجُو لِقَاء رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا} (۱۱۰)
"সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকেও শরীক না করে।” (কাহফঃ ১১০)

পূর্বের কিছু আয়াতে উল্লিখিত হয়েছে যে, মহান আল্লাহর বান্দাগণের গুণ হল, তারা তাঁকে ভয় ও আশার সাথে আহবান করে, তাঁর নিকট প্রার্থনা করে।
কোন বান্দাই সঠিকভাবে, বাঞ্ছিত পদ্ধতিতে বন্দেগী করতে সক্ষম হয় না। তাতে কোন না কোন ত্রুটি থেকেই যায়। শয়তান ও মনের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ইবাদত করতে হয়। আর সেই ক্ষেত্রে কাজ করে আশা।

মহান দয়াময় তাঁর দয়া হতে নিরাশ হতে নিষেধ করেছেন। সুতরাং বান্দার উচিত, আশাবাদী হয়ে যথাসাধ্য তাঁর আনুগত্য ক'রে যাওয়া।

মহানবী ﷺ বলেছেন,
(( لَا يَمُوتَنَ أَحَدُكُمْ إِلَّا وَهُوَ يُحْسِنُ الظَّنَّ بِاللَّهِ - عَزَّ وَجَلَّ )).
"সুমহান আল্লাহর প্রতি সুধারণা না রেখে তোমাদের কেউ যেন অবশ্যই মৃত্যুবরণ না করে।” (মুসলিম ৭৪১২নং)

তিনি আরো বলেছেন,
(( قَالَ اللَّهُ - عَزَّ وَجَلَّ - : أَنَا عِنْدَ ظَنَّ عَبْدِي بِي ، وَأَنَا مَعَهُ حَيْثُ يَذْكُرُنِي )).
"আল্লাহ আয্যা অজাল্ল বলেন, 'আমি সেইরূপ, যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি তার সাথে থাকি, যখন যে আমাকে স্মরণ করে।” (বুখারী ৭৪০৫ নং, মুসলিম ৭১২৮নং)

এই হল ইবাদতের তিনটি স্তম্ভ। যার একটি অচল হলে বাকি দুটিও অচল অকেজো। এ যেন একটি তিন চাকাবিশিষ্ট রিক্সার মতো। ভালোবাসা হল সামনের চাকা। অথবা একটি উড়ন্ত পাখির মতো। ভালোবাসা তার মাথা। আর ভীতি ও আশা তার দুই ডানা।

মহান আল্লাহ একটি আয়াতে দাসত্বের উক্ত তিনটি স্তম্ভের কথার উল্লেখ করেছেন। তিনি বলেছেন,
أُولَئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَى رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا) (٥٧) سورة الإسراء
"তারা যাদেরকে আহবান করে, তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে, তাদের মধ্যে কে কত নিকট হতে পারে, তারা তাঁর দয়া প্রত্যাশা করে ও তাঁর শাস্তিকে ভয় করে; নিশ্চয় তোমার প্রতিপালকের শাস্তি ভয়াবহ।” (বানী ইস্রাঈল: ৫৭)

"তারাই তো তাদের প্রতিপালকের নৈকট্য লাভের উপায় সন্ধান করে যে, তাদের মধ্যে কে কত নিকট হতে পারে"---এতে আছে ভালোবাসা। যেহেতু ভালোবাসা নৈকট্য চায়।
"তাঁর দয়া প্রত্যাশা করে"---এতে রয়েছে আশা। আর "তাঁর শাস্তিকে ভয় করে"---এতে রয়েছে ভয়। উক্ত ৩টি খুঁটি ছাড়া ইবাদতের ইমারত প্রতিষ্ঠিত থাকবে না।

বলাই বাহুল্য যে, কবির এ কথা সঠিক নয়, 'খোদার প্রেমের শারাব পিয়ে বেহুঁশ হয়ে রই প'ড়ে! ছেড়ে মসজিদ আমার মুর্শিদ এল যে এই পথ ধরে।। দুনিয়াদারীর শেষে আমার নামাজ রোজার বদলাতে চাই না বেহেস্ত খোদার কাছে নিত্য মোনাজাত ক'রে।' - নজরুল ইসলামী সঙ্গীত ৭৮ নং

ফন্ট সাইজ
15px
17px